লন্ডনে গানে গানে আজম খান-আইয়ুব বাচ্চুকে স্মরণ
ছবি-সংগৃহীত
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬ | ১৫:৩৭
লন্ডনে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ‘ইউকে বাংলা ব্যান্ড ফেস্ট ২০২৬’। রোববার পূর্ব লন্ডনের ব্র্যাডি আর্টস সেন্টারে এ সংগীত আয়োজনে বাংলা রক সংগীতের গুরু হিসেবে পরিচিত আজম খান ও কিংবদন্তী আইয়ুব বাচ্চুকে স্মরণ করা হয়। বিকেল ৫টায় শুরু হয়ে অনুষ্ঠান চলে রাত ১১টা পর্যন্ত।
ট্যালেন্ট অ্যান্ড ক্রিয়েটিভিটি প্রোডাকশনের আয়োজনে উৎসবে সংগীত পরিবেশন করে চারটি ব্যান্ড- পেন্টাটনিক, গোধূলি, আনলিশড ফিউশন ও বাংলা সাইক্লোন। একের পর এক পরিবেশনায় ব্যান্ডগুলো বাংলা ব্যান্ডসংগীতের বিভিন্ন ধারা ও বৈচিত্র্য তুলে ধরে। শিল্পীদের পরিবেশনার সঙ্গে দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত।
অনুষ্ঠানের শুরুতেই প্রয়াত মিল্টন আকবরের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় তার সহধর্মিণী স্মৃতিচারণমূলক বক্তব্য দেন। এরপর অনুষ্ঠানটি ধীরে ধীরে পরিণত হয় বাংলা ব্যান্ডসংগীতের কয়েক প্রজন্মের শিল্পী ও তাঁদের সৃষ্টিকে ঘিরে এক সংগীত আয়োজনে।
অনুষ্ঠানে বক্তব্য দেন স্মৃতি আজাদ, আইওএন টিভির কর্ণধার আতাউল্লাহ ফারুকসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।

আমন্ত্রিত অতিথি ছিলেন দৈনিক মিল্লাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক, সমাজসেবক ও ব্যবসায়ী মিজানুর রহমান।
আয়োজনের একটি উল্লেখযোগ্য অংশজুড়ে ছিল বাংলাদেশের ব্যান্ডসংগীতের কিংবদন্তি শিল্পীদের স্মরণ। কিংবদন্তি ব্যান্ডশিল্পী আইয়ুব বাচ্চুর জন্মদিন উপলক্ষে তার জনপ্রিয় গান পরিবেশন করে তার প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরিবেশিত গানটি অনুষ্ঠানস্থলে তৈরি করে আবেগঘন মুহূর্ত।
উৎসবের শেষটিও সাজানো হয় আরেক কিংবদন্তি শিল্পী পপসম্রাট আজম খানের গান দিয়ে। তার কালজয়ী গান ‘রেল লাইনের ওই বস্তিতে’ পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় এবারের ইউকে বাংলা ব্যান্ড ফেস্ট।
ইউকে বাংলা ব্যান্ড ফেস্ট ২০২৬-এর মূল আয়োজক ট্যালেন্ট অ্যান্ড ক্রিয়েটিভিটি প্রোডাকশনের সৃজনশীল পরিচালক, সংগীত প্রযোজক ও সুরকার তিতাস কাজী অনুষ্ঠানে উপস্থিত দর্শক, শিল্পী, অতিথি, পৃষ্ঠপোষক, গণমাধ্যম সহযোগী এবং আয়োজক দলের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাংলা ব্যান্ডসংগীতের কিংবদন্তিদের স্মরণ, বর্তমান প্রজন্মের শিল্পীদের পরিবেশনা এবং প্রবাসী দর্শকদের উচ্ছ্বাস—সব মিলিয়ে ‘ইউকে বাংলা ব্যান্ড ফেস্ট ২০২৬’ প্রবাসের মাটিতে বাংলা ব্যান্ডসংগীতকে ঘিরে এক মিলনমেলায় পরিণত হয়।
- বিষয় :
- লন্ডন
- সংগীত
- সংগীতশিল্পী
- আইয়ুব বাচ্চু
- আজম খান