অংশুর ‘লিম্বো’তে যুক্ত হলেন ‘লাপাতা লেডিজ’-এর বিপ্লব গোস্বামী
তানিম রহমান অংশু ও বিপ্লব গোস্বামী। ছবি: সংগৃহীত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬ | ১৬:৫০
‘ন ডরাই’খ্যাত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তানিম রহমান অংশু দীর্ঘ বিরতির পর নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে ফিরছেন। গত জুনে তিনি ঘোষণা দেন, কসমিক রোমান্স ও স্পেস ড্রামার গল্পে নির্মাণ করবেন ‘লিম্বো’। ফার্স্ট লুক পোস্টার প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।
এবার সিনেমাটি নিয়ে নতুন চমকের কথা জানালেন নির্মাতা। ‘লিম্বো’র চিত্রনাট্যকার হিসেবে যুক্ত হয়েছেন বলিউডের আলোচিত সিনেমা ‘লাপাতা লেডিজ’-এর লেখক বিপ্লব গোস্বামী।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে তানিম রহমান অংশু লিখেছেন, ‘গল্পই যদি না জমে, তবে সিনেমার আলো-ঝলমল কিংবা মিউজিকের সুর—সবই কেমন যেন ফিকে লাগে। সেটা ওটিটি হোক, নাটক কিংবা মিউজিক ভিডিও! ‘ন ডরাই’ বানানোর সময়েও মূল ভাবনাটা ছিল একটি নিখুঁত গল্প তৈরি করা। আর সেই দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল শ্যামল সেনগুপ্তের কাছে। যাঁর কলম থেকে আমরা ‘বুনো হাঁস’, ‘লস্ট’, ‘অন্তহীন’ কিংবা ‘অপরাজিতা তুমি’র মতো গল্প পেয়েছি। এবার আমার নতুন জার্নি ‘লিম্বো’। আর এর ক্যানভাস আরও বড় করতে আমার সঙ্গে আছেন সাড়া জাগানো চলচ্চিত্র ‘লাপাতা লেডিজ’-এর লেখক বিপ্লব গোস্বামী।’
অংশু জানান, ‘লিম্বো’ হতে যাচ্ছে স্পেস ড্রামা ও কসমিক রোমান্সের গল্প। বাংলাদেশের চলচ্চিত্রে এমন প্রেক্ষাপট আগে দেখা যায়নি বলে দাবি তাঁর। বিশেষ করে সিনেমাটির ভিজ্যুয়াল এফেক্টস (ভিএফএক্স) ও গল্পের গভীরতায় নতুন অভিজ্ঞতা দিতে চান তিনি।
বিশাল ক্যানভাসের এ সিনেমাকে আন্তর্জাতিক মানে নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ জন্য তিনটি দেশে সিনেমাটির শুটিং করার পরিকল্পনা করছেন নির্মাতা। বাংলাদেশে বাণিজ্যিকভাবে মুক্তির আগে বিশ্বের বিভিন্ন মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবেও সিনেমাটি প্রদর্শনের পরিকল্পনা রয়েছে।
দীর্ঘ বিরতির পর চলচ্চিত্র নির্মাণে ফেরা প্রসঙ্গে তানিম রহমান অংশু বলেন, ‘গত ছয়-সাত বছরে বেশ কয়েকটি ছবি আমার পরিকল্পনার অধীনে ছিল। কিন্তু আমি এমন কিছু খুঁজছিলাম, যা হবে বেশ চ্যালেঞ্জিং এবং যার গল্প এর আগে বাংলাদেশে প্রথমবারের মতো চিত্রায়িত হবে। কারণ আমি সবসময় নতুন ধারা বা নতুন জনরা তৈরি করতে পছন্দ করি।’
‘লিম্বো’র নির্মাণকে চ্যালেঞ্জিং উল্লেখ করে তিনি বলেন, ‘আমার মনে হয়, ‘লিম্বো’ খুবই চ্যালেঞ্জিং একটি প্রজেক্ট। বাংলাদেশে এটি নির্মাণ করা অসম্ভব মনে হলেও একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে আমি এই চ্যালেঞ্জটিকেই বেছে নিয়েছি।’
এর আগে ‘লিম্বো’র পোস্টার প্রকাশ করে অংশু লিখেছিলেন, ‘দূরত্ব যত আলোকবর্ষেরই হোক না কেন, চেনা অনুভূতির টান কখনও ফুরায় না। শূন্য আর পূর্ণতার মাঝখানের যে সীমানা, সেখানে হারিয়ে যাওয়া আর ফিরে পাওয়ার গল্পরা এক হয়ে যায়।’
ভিন্নধর্মী এ স্পেস ড্রামাটি ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে।
- বিষয় :
- নতুন সিনেমা