ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

মেঘদলের গায়কীতে ফিরছে শতবর্ষের পুরোনো গান

মেঘদলের গায়কীতে ফিরছে শতবর্ষের পুরোনো গান
×

ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬ | ১৮:২০

চা-বাগানের শ্রমজীবী মানুষের মুখে মুখে প্রজন্মের পর প্রজন্ম ধরে বেঁচে থাকা শতবর্ষের পুরোনো লোকগান এবার নতুন সুর ও সংগীতায়োজনে হাজির হচ্ছে নতুন প্রজন্মের সামনে। কোক স্টুডিও বাংলার সিজন-৪ এর চতুর্থ গান ‘মুল্লুক’-এ উঠে এসেছে চা-শ্রমিকদের ইতিহাস, শিকড়ে ফেরার আকাঙ্ক্ষা, পরিচয়ের সংকট এবং আপন ঠিকানা খোঁজার গল্প। গানটি  আজ প্রকাশ করা হবে। 

গানটির সংগীতায়োজনে রয়েছে ব্যান্ড মেঘদল। দুই দশকের বেশি সময় ধরে বাংলা  দুই দশকের বেশি সময় ধরে বাংলা বিকল্পধারার সংগীতে নিজেদের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছে ব্যান্ড দলটি। সাহিত্য, লোকঐতিহ্য ও রকসংগীতের মেলবন্ধনে ‘মুল্লুক’ গানেও তারা তুলে ধরেছে ইতিহাসের এক অধ্যায়ের নতুন আখ্যান। ‘পিঞ্জরাকে পুষল ময়না’-এই ঐতিহ্যবাহী পঙ্‌ক্তি ও সুরের আবহকে ভিত্তি করে গানটি নির্মিত হয়েছে।

শতবর্ষ আগে বাংলাদেশের চা-শ্রমিকদের জীবন এবং ‘মুল্লুক চলো আন্দোলন’ থেকে অনুপ্রেরণা নিয়ে গানটি তৈরি করা হয়েছে।  সেই সময়ের সংগ্রাম, নিজের মাটিতে ফিরে যাওয়ার আকুতি এবং আপন ঠিকানা খুঁজে পাওয়ার স্বপ্নই গানের মূল উপজীব্য।

শিবু কুমার শীলের কথা ও সুরে তৈরি ‘মুল্লুক’এ কণ্ঠ দিয়েছেন চা-শ্রমিক রনজু তাঁতি ও রঞ্জিত তাঁতি। তাঁদের  কণ্ঠের সঙ্গে মেঘদলের সমকালীন সংগীতধারা তৈরি করেছে ভিন্ন এক আবহ। শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী ঢোলের ছন্দও গানটিতে যোগ করেছে আলাদা মাত্রা।

গানটির মাধ্যমে প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলা একটি সম্প্রদায়ের স্মৃতি, সংগ্রাম ও স্বপ্ন পেয়েছে সংগীতের নতুন ভাষা। তবে ‘মুল্লুক’-এর গল্প কেবল একটি সম্প্রদায়ের ইতিহাসে সীমাবদ্ধ নয়। নিজের মাটি, ঘর ও আপন ঠিকানায় ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা মানুষের চিরন্তন অনুভূতি। সেই অনুভূতিকে ধারণ করেই গানটি উৎসর্গ করা হয়েছে তাঁদের প্রতি, যারা প্রতিদিন পরিশ্রম করে একটি সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখেন-নিজের একটি দেশ, ঠিকানা কিংবা এমন একটি ঘরের, যেখানে সত্যিকার অর্থে ফিরে আসা যায়।

বাংলাদেশের লোকঐতিহ্য ও সংগীতের ভেতরে ছড়িয়ে থাকা গল্পগুলোকে সমকালীন সংগীতের ভাষায় নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ধারাবাহিকতায় ‘মুল্লুক’ কোক স্টুডিও বাংলার আরেকটি আয়োজন। লোকসংগীতের শিকড়ের সঙ্গে আধুনিক সংগীতের প্রকাশভঙ্গির এই মেলবন্ধন একদিকে যেমন চা-শ্রমিকদের ইতিহাস ও সংগ্রামকে স্মরণ করে, অন্যদিকে তেমনি সামনে আনে মানুষের চিরন্তন স্বপ্ন-নিজের কাঙ্ক্ষিত ঘরে ফেরার।

গানটি শোনা যাবে বিভিন্ন ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও কোক স্টুডিও বাংলার অফিসিয়াল চ্যানেলে।

আরও পড়ুন

×