ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

সিনেমার গানের মত ‘কিসমতে’ নায়িকাদের মত নাচলেন দোলা

সিনেমার গানের মত ‘কিসমতে’ নায়িকাদের মত নাচলেন দোলা
×

মিউজিক ভিডিওতে নাচছেন দোলা।

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬ | ১২:১০ | আপডেট: ২৪ আগস্ট ২০২৬ | ১২:১৫

‘বরবাদ’ সিনেমায় ‘আয় আয় চাঁদমামা’ গান দিয়ে আলোচনায় আসা কণ্ঠশিল্পী দোলা রহমান এবার সিনেমার বাইরে নতুন ডান্স নাম্বার নিয়ে হাজির হয়েছেন। ‘কিসমত’ শিরোনামের গানটিতে তাঁর সঙ্গে কণ্ঠ দিয়েছেন ডি রকস্টার নিলয়। গানটি গতকাল সন্ধ্যায় গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। 

গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল। সুর ও সংগীত পরিচালনা করেছেন আদিব কবির। পাশাপাশি গানটির র‌্যাপ অংশেও কণ্ঠ দিয়েছেন তিনি। পার্টি মুডের এই গানের ভিডিওতে রয়েছে জমকালো আয়োজন, নাচ ও প্রাণবন্ত পরিবেশ। ভিডিওটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। কোরিওগ্রাফি করেছেন রুহুল আমিন। এতে দোলা ও নিলয় নিজেরাই পারফর্ম করেছেন। তাঁদের সঙ্গে অংশ নিয়েছেন একঝাঁক নৃত্যশিল্পী।

গানটিতে নায়িকাদের মত নাচতে দেখা গেল দোলাকে। গানের শুরুতে কালো রঙের চিতাবাঘ নিয়ে ড্যান্স ফ্লোরে ডুকতে দেখা যায় দোলাকে। অ্যাকশন লেডি লুকে সে আসাও দারুণভাবে চমক জাগায়। এরপর শুরু করেন কিসমত গান। সঙ্গে নাচ। 

‘কিসমত’ প্রসঙ্গে দোলা রহমান বলেন, ‘কিসমত মূলত একটি ডান্স নাম্বার। গানটি শুনলেই হৃদয়ের মধ্যে একধরনের কম্পন তৈরি হবে। স্বাভাবিকভাবেই নাচতে ইচ্ছা করবে। আসিফ ইকবালের লেখা বরাবরই আমার ভালো লাগে। এবারও তাঁর কথায় গানটি তৈরি হয়েছে। আদিব গানটির সুর ও সংগীত করেছে। আমি আর নিলয় গেয়েছি, পাশাপাশি ভিডিওতে পারফর্মও করেছি। সব মিলিয়ে সিনেমার আইটেম গানের মতোই এটি—যা শুনলে সবাই মিলে নাচতে ইচ্ছা করবে। আমার বিশ্বাস, গানটি দর্শক-শ্রোতাদের হৃদয়ে নাচের ঢেউ তুলবে।’



গীতিকার আসিফ ইকবাল বলেন, ‘ময়নার পর আমরা আরও একটি ডান্স নাম্বার করার চেষ্টা করেছি। দোলা ও নিলয় খুব ভালো গেয়েছে। গানের কথার সঙ্গে সামঞ্জস্য রেখে তানিম রহমান অংশু চমৎকার একটি ভিডিও নির্মাণ করেছেন। সবকিছু মিলিয়ে গানটি প্রাণবন্ত হয়েছে। আমার বিশ্বাস, ‘কিসমত’ দর্শকদের নতুন করে আনন্দ দেবে এবং শ্রোতাদের মধ্যে ভালো সাড়া ফেলবে।’



গানটি নিয়ে আশাবাদী নিলয়ও। তিনি বলেন, ‘কিসমত দারুণ একটি ডান্স নাম্বার। গানটির শুটিংয়ের সময় আমরা নিজেরাই গানের সঙ্গে অনেকটা সময় নেচেছি। পুরো আয়োজনটাই ছিল আনন্দের। আমার বিশ্বাস, গানটি প্রকাশের পর দর্শকরাও আমাদের সঙ্গে গানের তালে নাচবেন। ‘ময়না’র পর গানচিল মিউজিকের সঙ্গে এটি আরেকটি আনন্দের কাজ। আশা করছি, শ্রোতারা গানটি উপভোগ করবেন।’

গানটি স্পটিফাইসহ বিভিন্ন ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে। 

আরও পড়ুন

×