মনসুন বিটস কনসার্টে প্রীতম হাসান
প্রীতম হাসান
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬ | ১৮:৫০
সিনেমায় প্লেব্যাক, একক ও দ্বৈত গানের আয়োজন ও অভিনয়ে ব্যস্ত থাকতে দেখা গেছে প্রীতম হাসানকে। এসব ব্যস্ততার মাঝেও মঞ্চে সময় দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন এই তারকা কণ্ঠশিল্পী ও সংগীতায়োজক। সেই ভাবনা থেকে এবার অংশ নিচ্ছেন ‘মনসুন বিটস’ কনসার্টে।
আগামী ২৯ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজধানীর মাদানী অ্যাভিনিউর কোর্টসাইডে ‘মনসুন বিটস’ নামে এই সংগীত উৎসব। এ আয়োজনে প্রীতম হাসানের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করবে দেশের শীর্ষ রক-মেটাল ঘরানার ব্যান্ড আর্টসেল। আর থাকছে ব্যান্ড অড সিগনেচার, রেনেসাঁস, কণ্ঠশিল্পী শিবু ও ডিজে শিমারাইয়ের পরিবেশনা।
এই কনসার্টের আয়োজন করছে এনভায়ারো ইভেন্টস। আয়োজকরা জানান সংগীতপিপাসুদের প্রত্যাশার কথা মাথায় রেখে ভিন্ন ধাঁচের এই কনসার্টের আয়োজন। যেখানে তারকাশিল্পী ও ব্যান্ডের পাশাপাশি থাকছে এ সময়ের আলোচিত কয়েকটি ব্যান্ড, শিল্পী ও মিউজিশিয়ানের পারফরম্যান্স।
১৬ বা তার বেশি বয়সী দর্শক নির্দিষ্ট মূল্যের টিকিট কেটে এ আয়োজন উপভোগ করতে পারবেন। কনসার্ট খরার এই মৌসুমে ‘মনসুন বিটস’ অনেকের প্রত্যাশা পূরণ করবে বলেও আশা প্রকাশ করেছেন আয়োজকরা।
এদিকে সিনেমার গানগুলোর পাশাপাশি প্রীতম হাসান দর্শকের মাঝে সাড়া ফেলেছেন একক আয়োজন ‘সেকেন্ড নায়ক’ নিয়ে। তাঁর এই গানের ভিডিও নির্মাণে ক্রিয়েটিভ নির্দেশনা দিয়েছেন নুহাশ হুমায়ূন। মনজুর অনিকের পরিচালনায় মিউজিক ভিডিওতে মডেল হিসেবে অংশ নিয়েছেন দুই অভিনয় তারকা মীর রাব্বি ও মালাইকা চৌধুরী।
এ ছাড়াও প্রীতম দর্শক প্রশংসা কুড়িয়েছেন শিহাব শাহীন পরিচালিত ‘তুমি আমি শুধু’ ওয়েব সিনেমায় অভিনয় করে। এই ওয়েব সিনেমায় তাঁর বিপরীতে ছিলেন আরেক তারকা কণ্ঠশিল্পী জেফার রহমান। সিনেমা ছাড়াও প্রীতম দর্শক নজর কেড়েছেন একটি ব্যাংকের বিজ্ঞাপনে মডেল হিসেবে অংশ নিয়ে।
- বিষয় :
- প্রীতম হাসান
- সংগীতশিল্পী
- সংগীত