নিষিদ্ধ সেই গান নিয়ে নিজের অবস্থান জানলেন নোরা ফাতেহি
নোরা ফাতেহি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬ | ১৪:৪৮ | আপডেট: ২৭ আগস্ট ২০২৬ | ১৪:৫৩
‘কেডি: দ্য ডেভিল’ সিনেমার ‘সারকে চুনার তেরি সরকে’ গান প্রকাশের পর তুমুল বিতর্ক শুরু হয়। অশালীন-যৌন ইঙ্গিতপূর্ণ কথা, দৃশ্যে ও নারীদের ছোট করা অভিযোগে গানটি নিষিদ্ধের দাবি তোলে বিভিন্ন সংগঠন। পরে সরকারের নির্দেশ ও অল ইন্ডিয়া সাইন ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের অভিযোগের ভিত্তিতে গানটি নামিয়ে নেওয়া হয়।
প্রায় পাঁচ মাস পর এবারও গানটি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন গানের মডেল নোরা ফাতেহি। তার দাবি, গানটির হিন্দি সংস্করণ তৈরি কিংবা সেখানে তার ছবি ও ভিজ্যুয়াল ব্যবহারের ক্ষেত্রে প্রযোজনা সংস্থা তাঁর কাছ থেকে কোনো অনুমতি নেয়নি।
তাঁর ভাষ্য, নীরব থাকলে অনেকেই বিষয়টি ভুলভাবে ব্যাখ্যা করেন। তাই এবার ঘটনার বিস্তারিত জানাতে মুখ খুলেছেন তিনি।

সঞ্জয় দত্ত ও নোরা ফতেহি অভিনীত গানটি প্রকাশের পর থেকেই এর সুর, কথা ও দৃশ্যায়ন নিয়ে সমালোচনা শুরু হয়। বিশেষ করে গানটির কিছু শব্দ এবং নোরার ভিজ্যুয়াল নিয়ে আপত্তি ওঠে। বিতর্ক তীব্র হলে এক ভিডিও বার্তায় অভিনেত্রী জানিয়েছিলেন, হিন্দি সংস্করণটির সঙ্গে তাঁর সরাসরি কোনো সম্পর্ক নেই।
সম্প্রতি পডকাস্টে নোরা জানান, প্রায় তিন বছর আগে তিনি গানটির কন্নড় সংস্করণের শুটিং করেছিলেন। সঞ্জয় দত্তের মতো বড় তারকার সঙ্গে কাজের সুযোগ এবং বড় বাজেটের সিনেমার অংশ হওয়ার কারণেই প্রস্তাবটিতে রাজি হয়েছিলেন তিনি।
তবে নোরার অভিযোগ, তাঁর অনুমতি ছাড়াই মূল কন্নড় গানটি হিন্দিতে ডাব করা হয়। শুধু তাই নয়, হিন্দি সংস্করণে এমন কিছু আপত্তিকর শব্দও যুক্ত করা হয়েছে, যেগুলো তাঁর পছন্দ নয়।

অভিনেত্রীর আপত্তি শুধু গানটির কথাতেই সীমাবদ্ধ নয়। তাঁর দাবি, লিরিক্যাল ভিডিওতে তাঁর অনুমতি ছাড়াই কিছু ছবি ব্যবহার করা হয়েছে। এমনকি সেখানে সঞ্জয় দত্ত ও তাঁর একটি ছবি এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করে ব্যবহার করা হয়েছিল বলেও অভিযোগ করেন নোরা।
নোরার বক্তব্য অনুযায়ী, কন্নড় সংস্করণে তিনি যে কাজ করেছিলেন এবং পরবর্তী সময়ে তৈরি হিন্দি সংস্করণের বিষয়বস্তু এক নয়। ফলে হিন্দি সংস্করণকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের দায় তাঁর ওপর বর্তানো উচিত নয় বলেই মনে করেন অভিনেত্রী।
পডকাস্টে নিজের অবস্থান স্পষ্ট করে নোরা জানান, কোনো শিল্পীর কাজ, ছবি কিংবা ভিজ্যুয়াল ব্যবহারের আগে সংশ্লিষ্টদের অনুমতি নেওয়া এবং বিষয়টি নিয়ে স্বচ্ছতা বজায় রাখা জরুরি। তাঁর বক্তব্য প্রকাশ্যে আসার পর ‘কেডি: দ্য ডেভিল’-এর গান ঘিরে পুরোনো বিতর্কটি আবারও নতুন করে আলোচনায় এসেছে।
- বিষয় :
- নোরা ফাতেহি
- গান
- সঞ্জয় দত্ত