ঢাকা বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

প্রেক্ষাগৃহে মুক্তির দুই মাস পর ওটিটিতে ‘আলফা’

প্রেক্ষাগৃহে মুক্তির দুই মাস পর ওটিটিতে ‘আলফা’
×

অনিল কাপুর, আলিয়া ভাট, ববি দেওল ও শর্বরী। ছবি: হাঙ্গামা এক্সপ্রেস

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬ | ১৮:২৮

প্রেক্ষাগৃহে মুক্তির প্রায় দুই মাস পর ওটিটিতে আসছে বলিউডের আলোচিত স্পাই-থ্রিলার ‘আলফা’। আলিয়া ভাট ও শর্বরী অভিনীত সিনেমাটি আগামী ২৮ আগস্ট থেকে নেটফ্লিক্সে দেখা যাবে। সিনেমাটির একটি পোস্টার প্রকাশ করে মুক্তির তারিখ জানিয়েছে নেটফ্লিক্স।

প্রকাশিত পোস্টারে আলিয়া ভাট, শর্বরী, অনিল কাপুর ও ববি দেওলকে দেখা গেছে। পোস্টটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘আলফা গ্যাংয়ে যোগ দেওয়ার জন্য প্রস্তুত হন।’

‘আলফা’র গল্প আবর্তিত হয়েছে ভারতীয় সেনাবাহিনীর অধীনে পরিচালিত একটি গোপন প্রশিক্ষণ কর্মসূচিকে ঘিরে। ‘ফতেহ’ ও কর্নেল বিক্রম কৌলের নেতৃত্বে পরিচালিত এই বিশেষ কর্মসূচির লক্ষ্য নতুন প্রজন্মের দক্ষ ও প্রশিক্ষিত সেনা তৈরি করা।

সিনেমায় কর্নেল বিক্রম কৌল চরিত্রে অভিনয় করেছেন অনিল কাপুর। পরবর্তী সময়ে তাঁর চরিত্রটি ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রধান হন। ‘ওয়ার ২’ সিনেমাতেও এই চরিত্রের প্রসঙ্গ এসেছে।

‘আলফা’তে আলিয়া ভাটকে দেখা গেছে প্রশিক্ষিত এক নারী ঘাতকের চরিত্রে। অন্যদিকে শর্বরী অভিনয় করেছেন একজন ইনফ্লুয়েন্সার ও কনটেন্ট ক্রিয়েটরের চরিত্রে। সিনেমার বিভিন্ন দৃশ্যে আন্তর্জাতিক লোকেশনে নাচ ও স্কেটবোর্ডিং করতেও দেখা গেছে তাঁকে। এ ছাড়া সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ববি দেওল ও দিয়া মির্জা।

শিব রাওয়াইল পরিচালিত সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন উদয় চোপড়া। এটি যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সপ্তম সিনেমা।

প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পায়। ইন্ডিয়া টুডে সিনেমাটিকে ৫-এর মধ্যে ২.৫ রেটিং দিয়েছিল। আলিয়া ভাটের অভিনয়ের প্রশংসা করলেও চিত্রনাট্যের বেশ কিছু দুর্বলতা তুলে ধরা হয়।

পর্যালোচনায় বলা হয়, সিনেমার অতিরিক্ত মোড় ও চমকের ওপর নির্ভরতা একপর্যায়ে ক্লান্তিকর হয়ে ওঠে এবং গল্পে রহস্য তৈরি করার চেয়ে চমক দেওয়ার দিকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

এবার প্রেক্ষাগৃহের পর ২৮ আগস্ট থেকে নেটফ্লিক্সে দর্শকরা ঘরে বসেই দেখতে পারবেন আলিয়া ভাট ও শর্বরী অভিনীত ‘আলফা’। সূত্র: এনডিটিভি

আরও পড়ুন

×