ঢাকা বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

বক্স অফিসে ঝড়, প্রথম দিন কত আয় করলো ‘টক্সিক’

বক্স অফিসে ঝড়, প্রথম দিন কত আয় করলো ‘টক্সিক’
×

ইয়াশ

সমকাল ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬ | ১৮:৫৭

ভারতের বক্স অফিসে ভালো সূচনা করলেও সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে কন্নড় তারকা ইয়াশ অভিনীত ‘টক্সিক: অ্যা ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’। বক্স অফিস ট্র্যাকিং ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ভারতে প্রথম দিনে সিনেমাটি আয় হয়েছে ১০১ কোটি ১০ লাখ রুপি। মূল ভাষা কন্নড়ের চেয়ে হিন্দি সংস্করণেই ভালো ব্যবসা করছে ‘টক্সিক’। এরপর রয়েছে তেলুগু সংস্করণ। তামিল ও মালয়ালম সংস্করণে আয় তুলনামূলক কম।

মুক্তির প্রথম দিনেই ‘টক্সিক’ একাধিক বড় বাজেটের সিনেমার উদ্বোধনী আয়কে ছাড়িয়ে গেছে। সকালের শোগুলোতে সিনেমাটি ‘ধুরন্ধর’-এর পুরো দিনের আয়কে টপকে যায়। পরে দুপুরের শোতে ‘পাঠান’, ‘অ্যানিমেল’ ও ‘জওয়ান’-এর মতো সিনেমার প্রথম দিনের আয় ছাড়িয়ে যায় এটি। সন্ধ্যার শো শেষে ‘কল্কি ২৮৯৮ এডি’-র দিন-১ সংগ্রহকেও পেছনে ফেলে ‘টক্সিক’।

মুক্তির আগেও সিনেমাটি নিয়ে ছিল ব্যাপক আগ্রহ। মাত্র পাঁচ দিন আগে অগ্রিম টিকিট বিক্রি শুরু হওয়ার পর বিশ্বজুড়ে প্রায় ১৮ লাখ টিকিট বিক্রি হয়। এতে মুক্তির আগেই প্রায় ৬০ কোটি রুপি আয় করে সিনেমাটি।

প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে আয় কমলেও সপ্তাহান্তে ‘টক্সিক’ আবার গতি পায় কি না, সেটিই এখন দেখার বিষয়। নেতিবাচক আলোচনা, ট্রল ও মিমের মধ্যেও সিনেমাটি প্রথম দিনেই শতক পার করায় নির্মাতারা আশাবাদী।

এ বছর ভারতীয় বক্স অফিসে এখন পর্যন্ত ‘ধুরন্ধর ২’, ‘বর্ডার ২’, ‘পেড্ডি’, ‘জনা নায়কান’ ও ‘করুপ্পু’ শীর্ষ সিনেমার মধ্যে রয়েছে। ‘টক্সিক’ নিজের গতি ধরে রাখতে পারলে এই তালিকায় জায়গা করে নিতে পারে বলে ধারণা করছে সিনেমাবোদ্ধারা।

গীতু মোহানদাস পরিচালিত ‘টক্সিক’ প্রযোজনা করেছেন ভেঙ্কট কে নারায়ণ ও ইয়াশ। কেভিএন প্রোডাকশনস ও মনস্টার মাইন্ড ক্রিয়েশন্স এলএলপি প্রযোজিত সিনেমাটিতে ইয়াশকে দ্বৈত চরিত্রে দেখা গেছে। তাঁর চরিত্র দুটির নাম রায়া ও টিকিট।

সিনেমায় আরও অভিনয় করেছেন কিয়ারা আদভানি, নয়নতারা, হুমা কুরেশি, তারা সুতারিয়া ও রুক্মিণী বসন্ত।

বড় বাজেটের এই সিনেমাটি মুক্তির পর সহিংসতা, যৌন আবেদনময় দৃশ্য এবং আবেগের ঘাটতি নিয়ে সমালোচিত হয়েছে। তবে সমালোচনা সত্ত্বেও বক্স অফিসে যশের জনপ্রিয়তার প্রভাব স্পষ্ট। সূত্র: এনডিটিভি

আরও পড়ুন

×