ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

চেনা ছকের চরিত্রের বিকল্প আমার সামনে ছিল না: তাপসী

চেনা ছকের চরিত্রের বিকল্প আমার সামনে ছিল না: তাপসী
×

তাপসী পান্নু। ছবি: ফেসবুক

আনন্দ প্রতিদিন ডেস্ক 

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬ | ১৩:৫৭

শক্তিশালী, স্বাধীনচেতা নারী চরিত্রে অভিনয় করে বলিউডে নিজের আলাদা জায়গা তৈরি করেছেন তাপসী পান্নু। ‘পিঙ্ক’, ‘থাপ্পড়’, ‘বদলা’, ‘মুল্ক’, ‘হাসিন দিলরুবা’-র মতো ছবিতে তাঁর চরিত্র বার বার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে প্রচলিত সামাজিক ধারণাকে। কিন্তু সেই পরিচয় এখন তাঁর কাছে খানিকটা ‘খাঁচা’ হয়ে উঠছে। একই ধরনের চরিত্রে বার বার অভিনয় করতে চান না অভিনেত্রী। বরং পর্দায় নিজেকে ভিন্নভাবে মেলে ধরতে চান তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তাপসী জানিয়েছেন, ইন্ডাস্ট্রিতে অভিনেত্রীদের একটি নির্দিষ্ট ধারার মধ্যে আটকে দেওয়ার প্রবণতা এখনও রয়েছে। তাঁর কথায়, ‘গ্ল্যামারাস’ চরিত্রের জন্য যেমন কয়েকজন নির্দিষ্ট অভিনেত্রীর কথা ভাবা হয়, তেমনই কঠিন বা সামাজিক সমস্যাভিত্তিক ছবির জন্যও অন্য একটি নির্দিষ্ট তালিকা রয়েছে। আর এই ‘টাইপকাস্টিং’-এর বিরুদ্ধে তাঁর আপত্তি।

তাপসী জানিয়েছেন, ইন্ডাস্ট্রিতে অভিনেত্রীদের একটি নির্দিষ্ট ধারার মধ্যে আটকে দেওয়ার প্রবণতা এখনও রয়েছে।

তাপসী পান্নু। ছবি: ফেসবুক

তাপসীর বক্তব্য, ‘সবাই নিজের সুবিধাজনক জায়গায় ফিরে যাচ্ছেন, পরীক্ষিত পদ্ধতিই অনুসরণ করছেন।’ এমন পরিস্থিতিতে কোনো ছবির প্রস্তাব তাঁর কাছে এলে গল্প বা চরিত্র পছন্দ না হলে শুধু ‘না’ বলেই থেমে থাকছেন না তিনি। নির্মাতাদের সরাসরি জানিয়ে দিচ্ছেন, দর্শক যদি আগেই ছবির পরিণতি আঁচ করে ফেলতে পারেন, তা হলে সেই ছবিতে তাঁকে নেওয়াও হয়তো ছবিটির জন্য ভালো হবে না। এমনকি কয়েকটি ছবিতে নিজেই তিনি ইচ্ছাকৃতভাবে ‘ডি-সেল’ করেছেন–অর্থাৎ, নির্মাতাদের নিরুৎসাহিত করেছেন তাঁকে নেওয়া থেকে।

এই পরিস্থিতির নেপথ্যে রয়েছে তাঁর অভিনয় জীবনের শুরুর দিনগুলো। তাপসীর দাবি, বলিউডে পা রাখার সময় তথাকথিত ‘নায়িকাকেন্দ্রিক’ চেনা চরিত্রের সুযোগ তাঁর সামনে খুব একটা ছিল না। ফলে অন্য ধরনের, তুলনায় কঠিন চরিত্রই বেছে নিতে হয়েছিল তাঁকে। পরে সেই ছবিগুলোই জনপ্রিয় হওয়ায় তাঁর সেই পরিচয় আরও পাকাপোক্ত হয়েছে।

তাপসীর কথায়, ‘এটা অনেকটা তুষারগোলকের মতো। ক্যারিয়ারের শুরুতে নিয়মমাফিক, চেনা ছকের চরিত্রের কোনো বিকল্প আমার সামনে ছিল না। তাই অন্য ধরনের চরিত্র বেছে নিয়েছিলাম। ভাগ্যক্রমে সেই ছবি ও চরিত্রগুলোই পরে মূলধারায় জায়গা করে নেয়।’

তাপসী পান্নু। ছবি: ফেসবুক

একই ধরনের চরিত্রের পর পর অভিনয় করা মানসিকভাবেও স্বাস্থ্যকর নয় বলে মনে করেন তাপসী। তাই এবার চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে আরও বেশি বৈচিত্র্য চান তিনি। ২০২৪-এর ‘খেল খেল মে’-র মতো হালকা মেজাজের, মজার ছবিতেও অভিনয় করতেও তাঁর আপত্তি নেই।

এই মুহূর্তে তাপসীর নজর তাঁর নতুন ছবি ‘গান্ধারী’-তে। নেটফ্লিক্সে আগামী ৩ সেপ্টেম্বর মুক্তি পাবে ছবিটি। সেখানে তাঁকে দেখা যাবে বাণীর চরিত্রে-এক মা, যার মেয়েকে অপহরণ করা হয়েছে। মেয়েকে উদ্ধার করতে এক বিপজ্জনক, নিরলস অভিযানে নেমে পড়ে সে। ফের শক্তিশালী চরিত্র হলেও, তাপসীর সাম্প্রতিক বক্তব্য স্পষ্ট– একটি নির্দিষ্ট ছকে তাঁকে আর বেঁধে রাখা যাবে না। অভিনেত্রী হিসাবে তাঁর পরবর্তী চ্যালেঞ্জ, সেই ছক ভেঙেই আরও নতুন নতুন চরিত্রে নিজেকে আবিষ্কার করা।

আরও পড়ুন

×