ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

অন্তরঙ্গ দৃশ্য নিয়ে বিতর্কের মাঝে নতুন করে আলোচনায় কিয়ারা

অন্তরঙ্গ দৃশ্য নিয়ে বিতর্কের মাঝে নতুন করে আলোচনায় কিয়ারা
×

কিয়ারা আদভানি। ছবি: ফেসবুক

আনন্দ প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:০৩ | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:২৩

‘টক্সিক’ সিনেমা নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনায় রয়েছেন কিয়ারা আদভানি। কারণ একটাই, মাতৃত্বের বিরতি ভেঙে বড় বাজেটের এই সিনেমার মাধ্যমে অনেক দিন পর অভিনয় জগতে ফিরেছেন এই বলিউড তারকা। এই সিনেমা গান ‘তাবাহি’ প্রকাশের পর কিয়ারা আদভানি ও ইয়াশের ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক তৈরি হয়। সব আলোচনা-সামালোচনাা মাঝে  ‘টক্সিক’-এর ব্যবসায়িক ফলাফল কী দাঁড়াবে তা জানার আগেই কিয়ারাকে নিয়ে আলাদা করে ভাবা শুরু করেছেন নির্মাতারা।

সেই সুবাদে অভিনেত্রীর কাছে এসেছে ‘কী অ্যান্ড কা’ সিনেমার সিকুয়েলে অভিনয়ের প্রস্তাব। ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘কী অ্যান্ড কা’ সিনেমায় অভিনয় করেছিলেন কারিনা কাপুর খান ও অর্জুন কাপুর। তবে সিকুয়েলে থাকছেন না এই দুই তারকার কেউ। কারিনার বদলে ‘কী অ্যান্ড কা’র সিকুয়েলের জন্য নির্মাতাদের প্রথম পছন্দ কিয়ারা। তবে অভিনেতার বিষয়টি নিয়ে চূড়ান্ত কোনো ঘোষণা আসেনি প্রযোজকের তরফ থেকে।

আনন্দবাজারসহ ভারতের একাধিক সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, ২০১৬ সালের রোমান্টিক সিনেমা ‘কী অ্যান্ড কা’-এর সিকুয়েলে নায়িকা হিসেবে কিয়ারাকে নেওয়ার জন্য নির্মাতারা আলোচনা শুরু করেছেন। এ নিয়ে অভিনেত্রীর কাছ থেকে পেয়েছেন সবুজ সংকেত।

কিয়ারা আদভানি। ছবি: ফেসবুক

নির্মাতারা জানিয়েছেন, ‘কী অ্যান্ড কা-২’ সিনেমার জন্য নতুন গল্প তৈরি করছেন তারা। যে কারণে প্রথম কিস্তির গল্প যেখানে শেষ হয়েছিল, সেখান থেকে দ্বিতীয় কিস্তির কাহিনি শুরু হওয়ার কোনো সম্ভাবনা নেই। তার পরিবর্তে এই ফ্র্যাঞ্চাইজির মূল ভাবনাকে সামনে রেখে একেবারে নতুন গল্প তৈরি করা হচ্ছে। যার প্রধান নারী চরিত্রের জন্য কিয়ারার সঙ্গে আলোচনা করা হয়েছে।

‘কী অ্যান্ড কা’র গল্প শুনে তা পছন্দও করেছেন কিয়ারা। তাই অভিনয়ের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। তবে এখনও আনুষ্ঠানিকভাবে চুক্তিতে সই করেননি অভিনেত্রী।

অন্যদিকে, প্রধান পুরুষের চরিত্রের জন্যও অভিনেতার খোঁজ চলছে। এখনও চূড়ান্ত হয়নি কাস্টিং। বর্তমানে সিনেমাটি পরিকল্পনা এবং প্রি-প্রোডাকশনের পর্যায়ে রয়েছে। সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৬ সালের শেষের দিকে শুটিং শুরু হতে পারে বলে প্রযোজনা সূত্র জানিয়েছে।

তবে সিনেমা সম্পর্কে এ মুহূর্তে আর কোনো তথ্য তুলে ধরতে চান না নির্মাতারা। যে কারণে ‘কী অ্যান্ড কা’ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে নাকি কোনো ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে, সে বিষয়েও কোনো প্রযোজনা প্রতিষ্ঠান থেকে কোনো ঘোষণা আসেনি।

কিয়ারা আদভানি। ছবি: ফেসবুক

প্রসঙ্গত, ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘কী অ্যান্ড কা’ সিনেমায় অভিনয় করে দর্শক আলোচনায় এসেছিলেন কারিনা কাপুর খান ও অর্জুন কাপুর। বিয়ের পর সংসার এবং কর্মজীবন নিয়ে প্রচলিত ধারণাকে উল্টে দিয়েছিল সিনেমার গল্প। যেখানে কারিনার অভিনীত কিয়া চরিত্রটিকে দেখা গেছে, কর্মজীবনে প্রতিষ্ঠিত এক নারী হিসেবে।

অন্যদিকে অর্জুনের কবির চরিত্রের অর্জুনকে দেখা গেছে সংসার সামলানোর দায়িত্ব পালন করতে। মূলত সংসারে বা সমাজে নারী-পুরুষের প্রচলিত ভূমিকা, সম্পর্ক এবং দাম্পত্যজীবনের সমীকরণ নিয়েই গড়ে উঠেছে এই সিনেমার কাহিনি। সিকুয়েলেও সম্পর্ক এবং লিঙ্গ বৈষম্যের বিষয় গুরুত্ব পাবে। তবে গল্প এবং চরিত্র থাকবে সম্পূর্ণ নতুন– এমনই আভাস মিলেছে নির্মাতাদের কাছ থেকে।

এদিকে, ‘টক্সিক’-এর কারণে খবরের শিরোনামে রয়েছেন কিয়ারা। যশের সঙ্গে তাঁর জুটি এবং ছবির বেশকিছু ঘনিষ্ঠ ও সাহসী দৃশ্য নিয়ে ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়েছে। কিয়ারার কয়েকটি দৃশ্য নিয়ে সমালোচনা এবং কটাক্ষের মুখে পড়তে হয়েছে অভিনেত্রীকে।

আরও পড়ুন

×