ফের একসঙ্গে সিনেমায় রাজ-সাবিলা
শরিফুল রাজ ও সাবিলা নূর। ছবি: ফেসবুক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:১৮
প্রেমের গল্পে নয়, এবার সময়ের গোলকধাঁধায় দেখা যাবে শরিফুল রাজ ও সাবিলা নূরকে। টাইম ট্রাভেল, রোমান্স ও রহস্যের মিশেলে নির্মিত হতে যাচ্ছে নতুন সিনেমা ‘কানাভুলা প্যারাডক্স’। সিনেমাটির মাধ্যমে প্রথমবারের মতো পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন আয়মান আসিব স্বাধীন ও সুস্ময় সরকার।
সিনেমাটি প্রযোজনা করছেন তানিম নূর। এর আগা তিনি ‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা পরিচালনা করেছেন। সমকালকে তানিম নূর বলেন, ‘সিনেমার সবকিছু চূড়ান্ত। আগামী ডিসেম্বর শেষ দিকে আমরা শুটিং শুরু করতে যাচ্ছি। কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করবেন শরিফুল রাজ ও সাবিলা নূর। তবে এবার তাঁদের গল্পের ধরন হবে আগের চেয়ে একেবারেই আলাদা ‘
‘কানাভুলা প্যারাডক্স’-এ সময়ের সঙ্গে বদলে যাবে গল্পের গতিপথ। সম্পর্ক, স্মৃতি ও রহস্যের নানা স্তর পেরিয়ে এগোবে কাহিনি। পরিচিত প্রেমের গল্পের বাইরে গিয়ে দর্শকদের সময় ভ্রমণের এক ভিন্ন অভিজ্ঞতা দেওয়ার পরিকল্পনা করছেন নির্মাতারা।
সিনেমাটির গল্পের অনুপ্রেরণা নেওয়া হয়েছে লেখক মোহাইমিনুল ইসলাম বাপ্পীর ২০২৪ সালে প্রকাশিত ‘কানাভুলা প্যারাডক্স’ উপন্যাস থেকে। তবে বড় পর্দার জন্য উপন্যাসের গল্পটি নতুনভাবে সাজানো হচ্ছে।
পরিচালক হিসেবে আয়মান আসিব স্বাধীন ও সুস্ময় সরকারের অভিষেক হলেও চলচ্চিত্র নির্মাণের পেছনের কাজে তাদের অভিজ্ঞতা রয়েছে। আয়মান এর আগে ‘কাইজার’, ‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’-এর চিত্রনাট্য ও সংলাপ লেখার সঙ্গে যুক্ত ছিলেন। অন্যদিকে সুস্ময় সরকার এসব কাজের গল্পকার ও প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন।
এবার সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সরাসরি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন তাঁরা। নির্মাতাদের লক্ষ্য, প্রচলিত গল্প বলার ধরন থেকে বেরিয়ে এমন একটি সিনেমা তৈরি করা, যেখানে দর্শক একই সঙ্গে প্রেম, রহস্য ও সময় ভ্রমণের স্বাদ পাবেন।
পরিকল্পনা অনুযায়ী আগামী ঈদুল আজহায় ‘কানাভুলা প্যারাডক্স’ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
- বিষয় :
- শরিফুল রাজ
- সাবিলা নূর