ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

ছয় মাস টিকলো না র‌্যাপার বাদশাহ ও ইশার সংসার

ছয় মাস টিকলো না র‌্যাপার বাদশাহ ও ইশার সংসার
×

বাদশাহ ও ইশা রিখি

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:০৫ | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:১৫

বলিউডের ব্যাপার বাদশাহ ও ইশা রিখি বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথ বিবৃতি দিয়ে বিচ্ছেদের খবর জানিয়েছেন তারা। তবে বিচ্ছেদের কারণ নিয়ে বিস্তারিত কিছু বলেননি তারা। বরং ব্যক্তিগত বিষয়টি নিয়ে কোনো ধরনের জল্পনা না করার অনুরোধ জানিয়েছেন।

৩১ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে বিচ্ছেদের ঘোষণা দিয়ে বাদশাহ লেখেন, ‘আমি ও ইশা রিখি পারস্পরিকভাবে আলাদা হওয়ার এবং নিজেদের পৃথক পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। পারস্পরিক সম্মানের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময়ে সবাইকে আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করার অনুরোধ করছি।’

তিনি আরও বলেন, ‘এ বিষয়ে এটিই আমাদের একমাত্র বক্তব্য। আমাদের সম্পর্ক নিয়ে আর কোনো ধরনের জল্পনা বা অনুমান না করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি।’

এরই মধ্যে ইশার একটি পুরোনো ইনস্টাগ্রাম পোস্ট আর দেখা যাচ্ছে না। সেই পোস্টে তিনি ‘ভয়’, ‘নীরবতা’ ও দাম্পত্য জীবনের নানা অস্বস্তির ইঙ্গিত দিয়েছিলেন বলে মনে করছেন অনেকে।

সেখানে তিনি লিখেছিলেন, ‘কিছু লড়াই আছে, যেগুলোর কোনো দৃশ্যমান ক্ষত থাকে না। দীর্ঘ সময় আমি নীরব ছিলাম, কারণ আমি ভয় পেয়েছিলাম।’

তিনি আরও লিখেছিলেন, স্বামীর প্রভাব, ক্ষমতা ও সামর্থ্যের কথা ভেবে তিনি নিজেকে বোঝাতেন যে নীরব থাকাই সবচেয়ে নিরাপদ। তবে তাঁর সেই নীরবতাকে যেন সম্মতি হিসেবে দেখা না হয়, সে কথাও স্পষ্ট করেছিলেন ইশা।

পোস্টে তিনি লিখেছিলেন, ‘নীরবতা কখনোই সম্মতি ছিল না। এটা ছিল টিকে থাকার চেষ্টা। আজ আমি ভয়কে নয়, সাহসকে বেছে নিচ্ছি। হয়তো পুরো গল্প বলার জন্য আমি এখনো প্রস্তুত নই, তবে সবকিছু ঠিকঠাক ছিল—এমন ভান করা থেকে এবার আমি বেরিয়ে আসতে প্রস্তুত।’

তবে বাদশাহ-ইশার বিচ্ছেদের ঘোষণার পর পুরোনো ওই পোস্টটি ইনস্টাগ্রামে আর পাওয়া যাচ্ছে না। পোস্টটি কেন সরানো হয়েছে, সে বিষয়ে ইশার পক্ষ থেকে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। ফলে পুরোনো লেখাটির সঙ্গে তাঁদের বিচ্ছেদের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।


বাদশাহ ও ইশা রিখির বিয়ের খবর প্রথম প্রকাশ্যে আসে চলতি বছরের মার্চে। ইশার মা পুনম রিখি ইনস্টাগ্রামে কয়েকটি ছবি প্রকাশ করার পর তাঁদের বিয়ে নিয়ে আলোচনা শুরু হয়। ছবিগুলোতে তাঁদের বিয়ের অনুষ্ঠানের উপস্থিতির ইঙ্গিত পাওয়া যায়।

জানা যায়, এক বন্ধুর পার্টিতে প্রথম পরিচয় হয়েছিল বাদশাহ ও ইশার। এরপর ধীরে ধীরে তাঁদের বন্ধুত্ব ঘনিষ্ঠ সম্পর্কে রূপ নেয়। প্রথম স্ত্রী জ্যাসমিনের সঙ্গে বিচ্ছেদের প্রায় ছয় বছর পর ইশাকে বিয়ে করেন বাদশাহ।

তবে তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসার কয়েক মাসের মধ্যেই বিচ্ছেদের ঘোষণা এলো। আর ইশার পুরোনো ‘ভয় ও নীরবতা’র পোস্টটি মুছে যাওয়ায় বিষয়টি নিয়ে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। যদিও বিচ্ছেদের প্রকৃত কারণ সম্পর্কে দুজনের পক্ষ থেকেই এখন পর্যন্ত কিছু জানানো হয়নি। সূত্র: এনডিটিভি

আরও পড়ুন

×