মন্তব্য নিয়ে বিতর্কের মাঝে পপি বললেন, আমি তো জঙ্গলে বাস করছি না
সাদিকা পারভীন পপি। ছবি: ফেসবুক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:৫৮ | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:৫৯
সম্প্রতি একটি বিতর্কিত মন্তব্যের জেরে আলোচনায় ঢাকাই চলচ্চিত্রের নন্দিত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। একটি গণমাধ্যমের খবরে বলা হয়, জীবনের বাকি সময়টা ধর্মীয় অনুশীলনের মধ্য দিয়ে কাটাতে চান এই অভিনেত্রী। আল্লাহ-খোদার নাম নিতে চান তিনি। জীবনে যত পাপ করেছেন, সেসব ধুয়েমুছে সুন্দরভাবে মৃত্যুবরণ করতে চান– এমন মন্তব্যও প্রচার করা হয়। এ বক্তব্যের জেরে নেটিজেনদের একাংশের তোপের মুখে পড়েন পপি। শিল্পীদের অনেকেও তাঁর সমালোচনায় মুখর হন।
চারদিকে আলোচনা-সমালোচনা শুরু হলে মুখ খোলেন পপি। তিনি দাবি করেন, চলচ্চিত্রকে ছোট করে কোনো কথা বলেননি তিনি। তাঁর বক্তব্যকে ভিন্নভাবে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে।
এ বিষয়ে পপি বলেন, ‘আমি কেন এ ধরনের কথা বলব? সিনেমাকে কখনও পাপ বলিনি। এটা আমার পেশা। জীবিকার তাগিদে সিনেমায় কাজ করেছি। আমার উপার্জিত অর্থে পরিবার চলেছে। তবে এটা ঠিক, কিছু অমানুষকে লালনপালন করেছি। নিজের জন্য কিছু না করে পরিবারের জন্য নিজেকে উজাড় করে দিয়েছি; সেটা আমার জন্য পাপ ছিল। কথাটি এই অর্থে বলেছিলাম। পরিবারের প্রতি ক্ষোভ থেকে কথাগুলো যেভাবে বলেছিলাম, সেভাবে গণমাধ্যমে আসেনি। সম্পূর্ণ ভিন্নভাবে ভাইরাল করা হয়েছে।’

পপি আরও বলেন, ‘ফিল্ম আমার কাছে সবচেয়ে ভালো একটি জায়গা। এই ভালো জায়গা থেকে টাকা উপার্জন করে পরিবার চালিয়েছি। সেই জায়গাকে কখনও ছোট করতে পারব না; বরং সবসময় ফিল্ম সম্মানের চোখেই দেখি।’
একজন শিল্পীকে সম্মান করার আহ্বান জানিয়ে পপি বলেন, ‘শিল্পীকে সবারই সম্মান দেওয়া উচিত। আমরা দর্শকদের জন্য কাজ করেছি। আমাকে নিয়ে দু-একটি লাইন লেখার আগে চিন্তা করা দরকার, আমি আসলে কেমন। সেই জায়গা থেকে এতটুকু সম্মান কি আমি পেতে পারি না? এখন সিনেমায় কাজ করি না, ঠিক আছে। তার মানে আমাকে নিয়ে যা খুশি বলা ঠিক হবে না। আমি তো জঙ্গলে বসবাস করছি না। একটি পরিবারে বসবাস করছি। চলচ্চিত্র থেকে চলে গেলেই কি সম্মান চলে যাবে? এত বছর ধরে যা অর্জন করেছি, তা মৃত্যুর আগ পর্যন্ত থাকবে।’
দীর্ঘ ক্যারিয়ারে চলচ্চিত্র থেকে অনেক কিছু পেয়েছেন বলেও জানান পপি। এ ইন্ডাস্ট্রির মানুষের অবদান কখনও ভুলবেন না তিনি। তাঁর ভাষায়, ‘আজ আমি যা কিছু হয়েছি, ফিল্ম থেকেই হয়েছে। যতটা সময় চলচ্চিত্রের মানুষদের সঙ্গে ছিলাম, পরিবারের সঙ্গেও হয়তো ততটা থাকিনি। তাদের অবদান কীভাবে অস্বীকার করব? প্রায় তিন দশক চলচ্চিত্রে দিয়েছি। ফিল্ম ভালো না বাসলে, সম্মান না করলে এতদিন কাজ করতে পারতাম না। ফিল্ম আমার কাছে শ্রদ্ধা ও সম্মানের জায়গা।’

ভক্ত ও সহকর্মীদের উদ্দেশে পপি বলেন, ভুল মানুষের ব্যাখ্যা শুনে যেন কেউ তাঁকে ভুল না বোঝেন। তাঁকে নিয়ে ছড়ানো বিভ্রান্তিকর কথাবার্তা থেকে বিরত থাকারও অনুরোধ জানান তিনি। বর্তমানে সংসার ও ধর্মীয় অনুশীলন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী। নামাজ-রোজা পালন করছেন নিয়মিত। তবে চলচ্চিত্রের প্রতি তাঁর শ্রদ্ধা ও ভালোবাসা আগের মতোই অটুট।
পপির ভাষায়, ‘মৃত্যুর আগ পর্যন্ত চলচ্চিত্রের মানুষদের নিয়ে আমার মুখ থেকে একটি বাজে শব্দও বের হবে না। যতদিন কাজ করেছি, সম্মানের সঙ্গে এবং মানুষের ভালোবাসা নিয়েই কাজ করেছি।’
- বিষয় :
- সাদিকা পারভীন পপি
- সিনেমা
- ঢালিউড
- পপি