ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

পপির পাশে দাঁড়িয়ে ওমর সানীর বার্তা

পপির পাশে দাঁড়িয়ে ওমর সানীর বার্তা
×

সাদিকা পারভীন পপি ও ওমর সানী। ছবি:কোলাজ

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬ | ২১:০৯ | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬ | ২১:১৭

এক সময়ের জনপ্রিয় চিত্রনায়কা সাদিকা পারভীন পপিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা-সমালোচনা চলছে। বিশেষ করে অভিনয়জীবন ও অতীত পথচলা নিয়ে তার একটি পুরোনো মন্তব্য সম্প্রতি আবারও আলোচনায় এসেছে। এ নিয়ে সমালোচনার মাঝে নিজের অবস্থান জানিয়েছেন নায়িকা। এবার পপির পাশে দাঁড়িয়েছেন নায়ক ওমর সানী।

ফেসবুকে দেওয়া এক পোস্টে ওমর সানী ধর্ম ও কর্মকে আলাদা বিষয় হিসেবে উল্লেখ করেন। পপির বক্তব্য প্রসঙ্গে তিনি লেখেন, ‘পপির কথাটা যেভাবে আসছে, এভাবে ঠিক না, যদি ও এভাবে বলে থাকে। আসলে ধর্ম-কর্ম দুইটা আলাদা জিনিস। কর্মটা হালাল, ধর্ম তো কোনো কথাই নেই।’

ওমর সানী তার পোস্টে পপির বক্তব্যের ধরন নিয়ে আপত্তি জানালেও চলচ্চিত্রে কাজ করাকে অনৈতিক হিসেবে দেখার বিরোধিতা করেন। তার বক্তব্যের মূল সুর ছিল—চলচ্চিত্রে কাজ করে সৎভাবে উপার্জন করায় দোষের কিছু নেই। বরং সৎ ও পরিশ্রমের জীবিকার মূল্যায়ন হওয়া উচিত।

পোস্টে পপি ও নিজের মক্কা-মদিনা সফরের প্রসঙ্গও টেনে আনেন ওমর সানী। তিনি লেখেন, ‘আল্লাহর হুকুম ছাড়া কেউ মক্কা এবং মদিনাতে যেতে পারে না, কিন্তু আল্লাহ আমাদের ডেকেছেন। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা।’

পপিকে উদ্দেশ করে পোস্টের শেষাংশে অভিনেতা আরও লেখেন, ‘ও এখনও আমার কাছে ছোট মানুষ, ভালো থাকিস পপি।’

এর আগে এক ভিডিও বার্তায় অভিনয়জগৎ থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন পপি। ওই ভিডিওতে তাকে কাঁদতে দেখা যায়। সেখানে তিনি জানান, জীবনের বাকি সময়টা শান্তিতে কাটাতে চান। ভালো থাকতে চান এবং সৃষ্টিকর্তার নাম জপে সময় কাটানোর ইচ্ছার কথাও জানান।

পপির সেই বক্তব্য সামনে আসার পর থেকেই তার অভিনয়জীবন, ব্যক্তিগত সিদ্ধান্ত ও অতীত পথচলা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়। কেউ তার সিদ্ধান্তকে সমর্থন করছেন, আবার কেউ কেউ তার বক্তব্যের বিভিন্ন দিক নিয়ে সমালোচনা করছেন। এর মধ্যেই ওমর সানীর এই পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

চলচ্চিত্রে পপির অভিষেক হয় ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘কুলি’ সিনেমার মাধ্যমে। ছবিটিতে তার বিপরীতে নায়ক ছিলেন ওমর সানী। পরবর্তী সময়ে ‘জগত সংসার’সহ একাধিক সিনেমায় তারা একসঙ্গে অভিনয় করেছেন। দীর্ঘদিনের সহকর্মী পপিকে ‘ছোট মানুষ’ উল্লেখ করে ভালো থাকার শুভকামনা জানিয়েছেন ওমর সানী।

আরও পড়ুন

×