উত্তমকুমারের জন্মশতবর্ষ, ঋতুপর্ণার শাড়িতে ফুটে উঠল উত্তম-সুচিত্রা
ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবি: ফেসবুক
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:৪০ | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:৫৯
মহানায়ক উত্তমকুমারের জন্মশতবর্ষ উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকেই জমজমাট টালিগঞ্জ। মহানায়কের প্রতি শ্রদ্ধা জানাতে টালিগঞ্জ মেট্রো স্টেশন চত্বরে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠান। সেখানে উত্তমকুমারের মূর্তিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা বিনোদন জগতের একাধিক তারকা।
দেব, জিৎ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে রঞ্জিত মল্লিক—প্রথম সারির অনেক অভিনেতা-অভিনেত্রীকে এদিন অনুষ্ঠানে দেখা যায়। তবে অনুষ্ঠানের শুরুতেই বিশেষ সাজে নজর কাড়েন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ আগেই সেখানে পৌঁছান ঋতুপর্ণা। উত্তমকুমারের মূর্তির সামনে দাঁড়িয়ে শ্রদ্ধাভরে প্রণাম করেন তিনি। পরে ক্যামেরার সামনে হাসিমুখে পোজও দেন অভিনেত্রী।

ঋতুপর্ণার পরনে ছিল ঘিয়েরঙা শাড়ি ও মেরুন রঙের লম্বাহাতা ব্লাউজ। তবে শাড়িটির নকশাই ছিল সবচেয়ে আকর্ষণীয়। পুরো পাড়জুড়ে ছাপা ছিল উত্তমকুমার ও সুচিত্রা সেনের জনপ্রিয় মুখ। শাড়ির আঁচলে ফুটে উঠেছিল তাঁদের কালজয়ী সিনেমা ‘এই পথ যদি না শেষ হয়’-এর দৃশ্য।
শাড়িতে পাশাপাশি হাসিমুখে উত্তম-সুচিত্রার সেই পরিচিত মুহূর্ত যেন ফিরিয়ে এনেছিল বাংলা সিনেমার স্বর্ণযুগের স্মৃতি। মহানায়কের জন্মশতবর্ষের অনুষ্ঠানে ঋতুপর্ণার এই বিশেষ পোশাক তাই আলাদাভাবে নজর কেড়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রঞ্জিত মল্লিক, পরিচালক হরনাথ চক্রবর্তী, গৌতম ঘোষ, সুদেষ্ণা রায়, রুদ্রনীল ঘোষ ও পাপিয়া অধিকারীসহ অনেকে। ছিলেন উত্তমকুমারের পরিবারের সদস্যরাও। রঞ্জিত মল্লিক প্রথমে মহানায়কের মূর্তিতে পুষ্পস্তবক নিবেদন করেন। এরপর মুখ্যমন্ত্রীসহ উপস্থিত তারকারা একে একে মাল্যদান করে শ্রদ্ধা জানান।

মঞ্চে বক্তব্য দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘শুধু পশ্চিমবঙ্গের নয়, গোটা ভারতবর্ষের চলচ্চিত্র তথা সাংস্কৃতিক ক্ষেত্রে, একটি অত্যন্ত আনন্দের দিন। অত্যন্ত গর্বের দিন। আমি খুশি, উত্তমকুমারের জন্মশতবর্ষের সময়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রিত্বের দায়িত্ব রাজ্যবাসী আমার হাতে তুলে দিয়েছেন।’
এ সময় উত্তমকুমারকে কেন্দ্র করে একাধিক কর্মসূচির কথাও জানান তিনি। মহানায়কের জন্মশতবর্ষ উপলক্ষে আগামী কয়েক দিন ধরে চলবে নানা আয়োজন।
উত্তমকুমারের জন্মশতবার্ষিকী উদ্যাপন নিয়ে গত মঙ্গলবার নন্দনে বৈঠকেও বসেছিলেন টালিগঞ্জের একাধিক তারকা ও মহানায়কের পরিবারের সদস্যরা। সেখানে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ, জিৎ, দেব, পূর্ণিমা চক্রবর্তী, রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ ও যিশু সেনগুপ্তসহ অনেকে।
সিদ্ধান্ত অনুযায়ী, ৩ সেপ্টেম্বর থেকে চার দিন ধরে চলবে বিশেষ অনুষ্ঠান। প্রসেনজিৎ জানিয়েছেন, এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য উত্তমকুমারের দীর্ঘ কর্মজীবন ও অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরা। আগামী একশো বছর পরও যেন নতুন প্রজন্ম একই আবেগ ও শ্রদ্ধায় মহানায়ককে স্মরণ করে, সেই লক্ষ্যেই এই বিশেষ আয়োজন। সূত্র: দ্য ওয়াল
- বিষয় :
- ঋতুপর্ণা সেনগুপ্ত