ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

আফজাল হোসেন-মমর ‘সময় একটু থামো’, সঙ্গে মোশাররফ

আফজাল হোসেন-মমর ‘সময় একটু থামো’, সঙ্গে মোশাররফ
×

আফজাল হোসেন ও জাকিয়া বারী মম। ছবি: সংগৃহীত

আনন্দ প্রতিদিন প্রতিবেদক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:৩৯ | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:৩৬

পরিচালক চয়নিকা চৌধুরীর পরিচালনা ক্যারিয়ারের ২৫ বছর উদযাপন উপলক্ষে নির্মিত হচ্ছে টেলিছবি ‘সময় একটু থামো’। ইফফাত আরেফিন মাহমুদের গল্পে নির্মিত এই টেলিছবিতে অভিনয় করছেন আফজাল হোসেন, জাকিয়া বারী মম, ফারজানা ছবি, রিয়া ও মোশাররফ। এ ছাড়া এতে অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে রোজি সিদ্দিকীকে।

রাজধানীর মিরপুর, বসুন্ধরাসহ বিভিন্ন লোকেশনে বর্তমানে টেলিছবিটির দৃশ্য ধারণ চলছে। গল্পে দেখা যাবে– একজন সেলিব্রিটি আর্কিটেক্ট এক রাতে টকশো শেষে বাসায় ফেরেন। এ সময় দেখা হয় ড. আয়াজ নামের একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সঙ্গে। আয়াজ তাঁর পূর্বপরিচিত। দীর্ঘ ১৫ বছর পর তাদের দেখা হওয়াকে কেন্দ্র করে ঘটতে থাকে নানা মজার ঘটনা। টেলিছবিটি আগামী ১৮ সেপ্টেম্বর চ্যানেল আইয়ে প্রচার হবে। এটি প্রযোজনা করছে গাঙচিল ড্রামা অ্যান্ড সিনেমা।

নতুন টেলিছবি প্রসঙ্গে চয়নিকা চৌধুরী বলেন, ‘এর গল্প অসাধারণ। গুণী অভিনয়শিল্পীরা এখানে কাজ করছেন। বিশেষ কাজ আফজাল ভাই [আফজাল হোসেন] এই কাজটি করে আমাকে সম্মানিত করেছেন। সবার সাপোর্ট থাকলে ভালো কাজ করা সম্ভব। আশা করছি, দর্শকের টেলিছবিটি ভালো লাগবে।’

২৫ বছর উদযাপন নিয়ে তিনি আরও বলেন, ‘পরিচালনার ২৫ বছর শুধু আরামের নয়। এর সঙ্গে কষ্ট, দুঃখ, সাপোর্ট, ভালোবাসাও ছিল। তবে পথের বাঁকে বাঁকে ছিল কিছু ভালো মানুষের হাত। সেগুলো ধরে নিজের চেষ্টা ও পরিশ্রম দিয়ে এগিয়ে যেতে পেরেছি। আমার জীবনের সেরা কাজটি এখনও করতে পারিনি। সামনে অনেক ভালো কিছু করতে হবে।’

তিনি আরও বলেন, ‘ক্যারিয়ারের রজতজয়ন্তী উদযাপন করতে পারছি, এ কারণে নাটকের প্রযোজক ও চ্যানেলগুলোর প্রতি কৃতজ্ঞ। তারাই আমার আনন্দের ভাগীদার। ২৫ বছর ধরে এখনও কাজ করতে পারছি– এ জন্য সৃষ্টিকর্তার প্রতি অনেক কৃতজ্ঞ।’

এর আগে নির্মাণের ২৫ বছর উপলক্ষে চয়নিকা চৌধুরী বানিয়েছেন শফিকুর রহমান শান্তনুর লেখা ‘জোছনায় ফেরা’, ইফফাত আরা তন্বীর ‘বিষণ্ন মেঘ’ ও আহমেদ তৌকীরের লেখা ‘প্রথম দেখার পর’ নাটক।

আরও পড়ুন

×