বয়কটের পর ফিরেই চমকে দিলেন অনির্বাণ
অনির্বাণ ভট্টাচার্য। ছবি: সংগৃহীত
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:৩৬ | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:৩৭
পশ্চিবঙ্গের অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। দুর্দান্ত অভিনয়ে অল্প সময়ের দর্শকের নজর কেড়েছেন তিনি। ‘শাজাহান রিজেন্সি’ থেকে ‘গোলোন্দাজ’, ‘ভিঞ্চিদা’ থেকে ‘গুমনামী’—একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। কাজ করেছেন বলিউডেও; তাও আবার রানী মুখার্জির বিপরীতে।
অভিনয়ের বাইরে পরিচালক হিসেবেও সাফল্য পেয়েছেন অনির্বাণ। ওয়েব সিরিজ ‘মন্দার’ ও ‘বল্লভপুরের রূপকথা’ চলচ্চিত্র দিয়ে প্রশংসা পেয়েছেন। এর মধ্যে টালিউডের ফেডারেশনের সঙ্গে বিরোধের জেরে বর্জনের মুখে পড়েছেন অনির্বাণ। ফলে কাজ কমে যাওয়াও শুরু।
প্রায় এক বছর সিনেমা থেকে দূরে ছিলেন অনির্বাণ। ডিরেক্টরস গিল্ড ও টেকনিশিয়ান ফেডারেশনের দ্বন্দ্বের কারণে এ সময় কাজের সুযোগ পাননি তিনি। ‘রঘু ডাকাত’ সিনেমার পর তাঁর হাতে আর কোনো অভিনয়ের কাজ ছিল না বলে গত বছরের শেষ দিকে জানিয়েছিলেন এই অভিনেতা।
অনির্বাণকে কাজে ফেরাতে সে সময় একাধিকবার সরব হয়েছিলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও দেব। শেষ পর্যন্ত দেবের সিনেমা দিয়েই বড় পর্দায় ফিরছেন অনির্বাণ।
দেব ও শুভশ্রী গাঙ্গুলি অভিনীত পশ্চিমবঙ্গের নতুন সিনেমা ‘দেশু ৭’ নিয়ে দর্শকের বেশ আগ্রহ অনেক দিন। তবে সিনেমাটির প্রথম টিজার প্রকাশের পর তাদের ছাপিয়ে আলোচনায় এসেছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। ছবিতে ‘খোকা’ চরিত্রে দেখা যাবে তাঁকে। প্রকাশ হওয়া টিজারে অনির্বাণের ভিন্ন লুক নজর কেড়েছে দর্শকের।
লালচে-সোনালি চুল, চোখে লাল কাচের চশমা ও খল চরিত্রের অবয়বে তাঁকে দেখা গেছে। সামাজিক মাধ্যমে অনুরাগীরা তাঁর এই লুকের প্রশংসা করে বলছেন, দীর্ঘ বিরতির পর বড় পর্দায় অনির্বাণের প্রত্যাবর্তন হতে যাচ্ছে চমকপ্রদ।
অনির্বাণের সঙ্গে সেই সময়ের কথোপকথনের প্রসঙ্গ তুলে দেব বলেছিলেন, ‘বেঁচে আছি ভাই’– এমন কথা তাঁকে জানিয়েছিলেন অনির্বাণ।
উত্তরে দেব তাঁকে আশ্বস্ত করে বলেছিলেন, ‘তোকে মরতে দেব না।’ অনির্বাণকে ‘সুপার ট্যালেন্টেড’ ও বাংলা চলচ্চিত্রের সম্পদ বলেও উল্লেখ করেছিলেন তিনি। ‘দেশু ৭’ সিনেমায় অভিনয়ের পাশাপাশি প্রযোজনা ও পরিচালনাও করছেন দেব। তাঁর পরিচালিত এই সিনেমায় দীর্ঘদিন পর একসঙ্গে পর্দায় ফিরছেন দেব-শুভশ্রী জুটি।
দেবের ভাষ্য অনুযায়ী, সিনেমাটি শুধু প্রেমের গল্প নয়; এতে থাকছে অ্যাকশন ও ড্রামা।
- বিষয় :
- অনির্বাণ ভট্টাচার্য
- সিনেমা
- টালিউড