ঢাকা রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

সালমানকে ভুলে থাকা সম্ভব নয়: মৌসুমী

সালমানকে ভুলে থাকা সম্ভব নয়: মৌসুমী
×

সালমান শাহ ও মৌসুমী। ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:৩৩ | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:৩৫

নন্দিত অভিনেতা সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৬ সালের এই দিনে না ফেরার দেশে পাড়ি জমান ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেতা। মৃত্যুর তিন দশক পরও তার অভিনয়, ব্যক্তিত্ব ও সৃষ্টিশীলতা দর্শকের মনে অমলিন। প্রিয় সহকর্মী ও বন্ধুকে স্মরণ করে তার মৃত্যুবার্ষিকীতে আবেগঘন কথা বলেছেন অভিনেত্রী মৌসুমী।

সালমান শাহর মৃত্যুর দিনের স্মৃতিচারণা করে মৌসুমী বলেন, ‘তিন দশক পেরিয়ে গেলেও সেই দিনের কথা মনে পড়লে বুকটা ভার হয়ে আসে। ৩০ বছর আগে আজকের দিনেই এমন একটি সংবাদ শুনতে হয়েছিল, যা কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না—সালমান আর নেই।’

প্রিয় বন্ধুকে হারানোর সেই শোক আজও তাকে নাড়া দেয় জানিয়ে মৌসুমী বলেন, ‘প্রিয় বন্ধুকে হারানোর সেই শোক বুকে নিয়ে সেদিন তাকে বিদায় জানাতে হয়েছিল। সময় অনেক দূর এগিয়েছে, কিন্তু সালমানের স্মৃতি একটুও মলিন হয়নি। সালমান শাহকে ভুলে থাকা আসলে সম্ভব নয়।’

মাত্র চার বছরের অভিনয়জীবনেই সালমান শাহ বাংলা চলচ্চিত্রে যে প্রভাব তৈরি করেছিলেন, সেটিকে বিস্ময়কর বলে মনে করেন মৌসুমী। তিনি বলেন, ‘১৯৯৩ থেকে ১৯৯৬—মাত্র চার বছরের অভিনয়জীবন ছিল সালমানের। এত অল্প সময়ে বাংলা চলচ্চিত্রে যে প্রভাব সে তৈরি করে গেছে, তা সত্যিই বিস্ময়কর। অসাধারণ অভিনয় আর নিজস্ব ব্যক্তিত্ব দিয়ে খুব দ্রুত সে জায়গা করে নিয়েছিল অসংখ্য দর্শকের হৃদয়ে।’

সালমান শাহ ও মৌসুমী। ছবি: সংগৃহীত

সালমানের আকস্মিক মৃত্যু নিয়ে আজও প্রশ্ন জাগে মৌসুমীর মনে। তিনি বলেন, ‘আজও তাই মনে প্রশ্ন জাগে, জীবনের ও ক্যারিয়ারের এত উজ্জ্বল সময়ে কেন সে সবাইকে কাঁদিয়ে চলে গেল? হয়তো প্রশ্নের উত্তর কখনো পাওয়া যাবে না।’

তবে উত্তর খোঁজার চেয়ে সালমানের সঙ্গে কাটানো সময়ের স্মৃতিই মনে করতে বেশি ভালো লাগে বলে জানান মৌসুমী। তার কথায়, ‘তাই উত্তর খোঁজার বদলে সালমানের সঙ্গে কাটানো সময়গুলো মনে করতে ভালো লাগে। কল্পনার ভেতর এখনও তার সঙ্গে দেখা হয়, কথা হয়। সালমান ছিল নিজের জায়গায় অনন্য।’

মৌসুমী আরও বলেন, ‘চলচ্চিত্র যতদিন বেঁচে থাকবে, দর্শকের ভালোবাসায় তিনিও ততদিন বেঁচে থাকবেন।’

চার বছরের ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করে সালমান শাহ বাংলা চলচ্চিত্রে নিজের আলাদা অবস্থান তৈরি করেছিলেন। তার অভিনীত সিনেমা ও গান এখনো দর্শক-শ্রোতাদের কাছে সমান জনপ্রিয়। আর তাই মৃত্যুর ৩০ বছর পরও প্রজন্মের পর প্রজন্মের কাছে তিনি রয়ে গেছেন বাংলা চলচ্চিত্রের এক অমর নায়ক।

আরও পড়ুন

×