ঢাকা রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

সালমান শাহ স্মরণে এফডিসিতে ৩ দিনের বিশেষ আয়োজন

সালমান শাহ স্মরণে এফডিসিতে ৩ দিনের বিশেষ আয়োজন
×

সালমান শাহ। ছবি: সংগৃহীত

আনন্দ প্রতিদিন প্রতিবেদক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:৫৫

নায়ক সালমান শাহর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন দিনের উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। ‘সালমান শাহ স্মরণে’ শিরোনামে আজ রোববার থেকে এ উৎসব চলবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত। বিএফডিসির ভিআইপি প্রজেকশন হলে প্রতিদিন বিকেল ৪টায় দর্শনার্থীদের জন্য থাকবে এই আয়োজন। আজ রোববার এ অভিনেতার ৩০তম মৃত্যুবার্ষিকী।

আয়োজকরা জানিয়েছেন সালমান অভিনীত ৩ টি সিনেমা দেখানো হবে উৎসবে। প্রথম দিন আজ বিকাল ৪টায় প্রদর্শিত হবে এম এ খালেক পরিচালিত সিনেমা ‘স্বপ্নের ঠিকানা’। ১৯৯৫ সালে মুক্তি পাওয়া এ সিনেমায় সালমানের বীপরীতে অভিনয় করেন শাবনূ ও সোনিয়া।

দ্বিতীয় দিন আগামীকাল একই সময়ে দেখানো হবে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’। ১৯৯৩ সালে মুক্তি পাওয়া এ চলচ্চিত্রের মধ্য দিয়ে ঢাকাই চলচ্চিত্রে যাত্রা শুরু হয়েছিল সালমান শাহ ও মৌসুমী জুটির। সিনেমায় অভিনয় করেছেন রাজীব, আবুল হায়াত প্রমূখ। উৎসবের শেষ আগামী মঙ্গলবার বিকেল ৪টায় থাকছে মতিন রহমান পরিচালিত ‘তোমাকে চাই’। 

১৯৯৬ সালে মুক্তি পাওয়া এ সিনেমায় সালমান শাহর বিপরীতে অভিনয় করেছেন শাবনূর। চার বছরের অভিনয়জীবনে সালমান সিনেমা করেছেন ২৭টি। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের দারিয়াপাড়ায় নানাবাড়িতে জন্ম সালমান শাহর। শৈশবে সংগীতের পাঠ নিয়েছিলেন ছায়ানটে, গেয়েছেন গানও।

সালমানের যাত্রা শুরু হয় বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে। সোহানুর রহমান সোহানের পরিচালনায় নায়িকা মৌসুমীর বিপরীতে প্রথম সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’ করে ১৯৯৩ সালে বাজিমাত করে দেন সালমান। সালমানের ক্যারিয়ারের ২৭টি সিনেমার ১৩টির নায়িকা ছিলেন শাবনূর। ১৯৯৬ সালে ৬ সেপ্টেম্বর ইস্কাটনের বাসা থেকে সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। 

আরও পড়ুন

×