মাঝে কিছুটা গ্যাপ ছিল কিন্তু গায়েব হয়ে যাইনি: মিলা
মিলা ইসলাম। ছবি: ফেসবুক
আনন্দ প্রতিদিন প্রতিবেদক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:২৫ | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:২৬
নানা গানের আয়োজন ও কনসার্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন কণ্ঠশিল্পী মিলা ইসলাম। আগামী ১০ সেপ্টেম্বর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ(আইইবি) অডিটোরিয়ামে আহ্ছনউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ডিপার্টমেন্টের ‘অস্টেক্স ফোরটি ফাইভ’ আয়োজিত ‘টেক্সভেঞ্চার’ ইভেন্টের মঞ্চ মাতাবেন তিনি।
চলতি মাসে আরও কয়েকটি কনসার্ট নিয়ে কথাবার্তা চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে এসব কনসার্টেও অংশ নেবেন এই গায়িকা।
মিলা বলেন, ‘কনসার্ট নিয়ে ব্যস্ততা যাচ্ছে। অনেক দিন হলো দেখছি, কামব্যাকের কথা বলে বারবার আমাকে স্বাগত জানানো হচ্ছে। বিষয়টা আসলে এমন নয়। মাঝে আমার কিছুটা গ্যাপ ছিল। তাছাড়া সব সময়ই আমি খবরের শিরোনামে ছিলাম। সেটা খারাপ হোক বা ভালো হোক। গায়েব হয়ে যাওয়ার কথা যদি আসে তাহলে বলব, আমি কখনোই গায়েব হয়ে যাইনি। গত চার বছর ধরেই আমি নিয়মিত মঞ্চে পারফর্ম করে যাচ্ছি। এ ছাড়া দেশের বাইরেও শো করে যাচ্ছি।’
বর্তমানে ফোক গান রিমিক্স করে নতুনভাবে পরিবেশনের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। বিষয়টি নিয়ে অনেকেই সমালোচনা করছেন। তবে এটিকে ইতিবাচকভাবেই দেখছেন মিলা।

মিলার কথায়, ‘আমি নিজেও ফোক গানের রিমিক্স করেছি। আমি একটা কথা সব সময় বলি, নতুন হোক বা পুরোনো, সংগীত কারও একক সম্পদ নয়। একজন শিল্পী সবার জন্যই সংগীত উপহার দিয়ে যান, যা তাঁর মৃত্যুর পরও মানুষের মাঝে বেঁচে থাকে। নতুন করে গান করাটাকে আমি ইতিবাচকভাবেই নিই। এতে করে নতুন প্রজন্ম পুরোনো গানগুলো নতুন করে শোনার সুযোগ পায়।’
সাত বছর সিনেমার গান না করলেও এখন থেকে নিয়মিত চলচ্চিত্রের গানে কণ্ঠ দিতে চান তিনি। মিলার ভাষ্য, ‘আগে গান নিয়ে শ্রোতাদের সঙ্গে সরাসরি রিঅ্যাকশন খুব একটা নেওয়া হয়নি। এবার সেটা হচ্ছে। বিষয়টা ভালো লাগার। যদিও আমি কাজ কম করি। বর্তমানে ভালো বাজেটের সিনেমা হচ্ছে। এখন থেকে সিনেমায় আরও ভালো ভালো কাজ করতে চাই।’সিনেমার গানে খুব একটা দেখা যায় না সংগীতশিল্পী মিলা ইসলামকে।
গত বছরের ঈদে মুক্তি পাওয়া ‘ইনসাফ’ সিনেমার প্রমোশনাল গানে কণ্ঠ দিয়েছেন তিনি। ‘আকাশেতে লক্ষ তারা’ গানের মধ্য দিয়ে চলচ্চিত্রে দীর্ঘদিন পর প্লেব্যাকে ফিরেছিলেন মিলা। শুধু তাই নয়, এই গানের সুবাদে প্রেক্ষাগৃহেও ঘুরছেন এই শিল্পী।

‘প্রেম পুকুরে বড়শি ফেলে আনবোরে ধরে’–এমন কথামালায় সাজানো গানটি লিখেছেন সুদীপ কুমার দ্বীপ। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন। গানটি শ্রোতাপ্রিয়তাও পেয়েছিল।
এ ছাড়া গত ফুটবল বিশ্বকাপে ফুটবল ভক্তদের জন্য নতুন গান ‘কান্ডারি চল’ নিয়ে হাজির হয়েছিলেন তিনি। ফিফা ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বকে ঘিরে নির্মিত এই গানে প্রথমবারের মতো তাঁর সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী পান্থ কানাই। তাদের সঙ্গে গানটিতে আরও অংশ নিয়েছেন বাম্মি, সানজানা, নাইজেরিয়ান শিল্পী ওলি বয় এবং র্যাপার ব্ল্যাক জ্যাং।
- বিষয় :
- মিলা
- সংগীতশিল্পী
- সংগীত