শাহরুখের সুবাদে কি ২০ বছর পর জুটি হচ্ছেন অভিষেক-রানি
অভিষেক বচ্চন ও রানি মুখার্জি। ছবি: সংগৃহীত
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬ | ২১:০১
বলিউডের নন্দিত অভিনয়শিল্পী অভিষেক বচ্চন ও রানি মুখার্জি। একসময় জনপ্রিয় জুটি হিসেবে দর্শকের মন জয় করেছেন তারা। একাধিক সিনেমায় তাদের রসায়নও প্রশংসিত হয়েছিল। দীর্ঘ বিরতির পর এবার সেই পুরোনো জুটিকে বড় পর্দায় একসঙ্গে দেখা দিতে যাচ্ছেন তারা। শোনা যাচ্ছে, শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এ ফের জুটি হচ্ছে তারা।
‘কিং’-এ রানি মুখার্জির উপস্থিতির খবর আগেই প্রকাশ্যে এসেছিল। শুরুতে জানা গিয়েছিল, সুহানা খানের মায়ের চরিত্রে তাকে স্বল্প সময়ের জন্য দেখা যেতে পারে। তবে সম্প্রতি ভারতীয় কিছু গণমাধ্যমে প্রতিবেদনে দাবি করা হচ্ছে, সিনেমায় রানির ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হতে পারে। আর সেখানে এসেছে বড় চমক—তার বিপরীতে দেখা যেতে পারে অভিষেক বচ্চনকে।
রানি ও অভিষেককে সর্বশেষ একসঙ্গে বড় পর্দায় দেখা গিয়েছিল প্রায় দুই দশক আগে। ‘লাগা চুনারি মে দাগ’-এর পর তাদের আর জুটি হিসেবে দেখা যায়নি। তারও আগে ‘যুবা’, ‘বান্টি অউর বাবলি’ ও ‘কভি আলবিদা না কেহনা’র মতো সিনেমায় একসঙ্গে অভিনয় করে দর্শকের কাছে জনপ্রিয়তা পেয়েছিলেন তাঁরা।

তবে ‘কিং’-এ তাদের সম্পর্ক আগের সিনেমাগুলোর মতো হবে কি না, তা এখনো স্পষ্ট নয়। বরং অভিষেকের চরিত্র ঘিরে তৈরি হয়েছে নতুন কৌতূহল।
বিভিন্ন সূত্রের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হচ্ছে, শাহরুখের এই সিনেমায় অভিষেককে নেতিবাচক চরিত্রে দেখা যেতে পারে। সেটি সত্যি হলে, দীর্ঘদিন পর রানি-অভিষেকের পর্দার রসায়ন এবার সম্পূর্ণ ভিন্ন মাত্রা পেতে পারে।
এদিকে ‘কিং’ নিয়ে দর্শকদের আগ্রহ এমনিতেই তুঙ্গে। সিনেমাটিতে শাহরুখ খানের সঙ্গে অভিনয় করছেন তার মেয়ে সুহানা খান। ফলে একদিকে যেমন বলিউডের নতুন প্রজন্মের তারকাদের দেখা যাবে, অন্যদিকে থাকছেন শাহরুখ, রানি ও অভিষেকের মতো পরিচিত মুখ।

কিছুদিন আগে শাহরুখের ‘এএসকেএআরকে’ পর্বেও উঠে আসে রানির প্রসঙ্গ। এক ভক্ত জানতে চেয়েছিলেন, রানির সঙ্গে অভিনীত তার সবচেয়ে পছন্দের সিনেমা কোনটি। উত্তরে রানি সম্পর্কে নিজের ভালোবাসার কথা জানান শাহরুখ। তার সেই মন্তব্যের পর ‘কিং’-এ রানির উপস্থিতি নিয়ে অনুরাগীদের আগ্রহ আরও বেড়ে যায়।
তবে ‘কিং’-এ অভিষেক ও রানির চরিত্র কতটা গুরুত্বপূর্ণ হবে কিংবা তাদের কতটা সময় একসঙ্গে পর্দায় দেখা যাবে, সে বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ফলে দুই দশক পর জনপ্রিয় এই জুটিকে নতুন রূপে দেখার সম্ভাবনা আপাতত থাকছে জল্পনা-কল্পনার পর্যায়েই। সূত্র: দ্য ওয়াল
- বিষয় :
- রানি মুখার্জি
- অভিষেক বচ্চন
- বলিউড
- সিনেমা