জন্মদিনে আশা ভোঁসলের রেকর্ড করা শেষ গান
আশা ভোঁসলে। ছবি: সংগৃহীত
আনন্দ প্রতিদিন প্রতিদেক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:৪০
আশা ভোঁসলের কণ্ঠ মানেই কয়েক প্রজন্মের স্মৃতি, অসংখ্য জনপ্রিয় গান আর সুরের নিজস্ব এক জগৎ। সেই কিংবদন্তি কণ্ঠের শেষ রেকর্ড করা গান এবার আবারও ফিরছে শ্রোতাদের কাছে। আজ ৮ সেপ্টেম্বর আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তাঁকে শ্রদ্ধা ও ভালোবাসা জানাতেই বিশেষ এই গান প্রকাশের দিন হিসেবে বেছে নেওয়া হয়েছে।
এই বিশেষ দিনে প্রকাশ পাবে কমেডি-ড্রামা সিনেমা ‘ওম কা হরি’র জন্য আশা ভোঁসলের রেকর্ড করা গান ‘এ মেরি জিন্দেগি, তু ছুপি হ্যায় কাহাঁ’। বিষয়টি জানিয়েছেন সিনেমাটির পরিচালক হরিশ ব্যাস।
আশার কণ্ঠে রেকর্ড করা জীবনের শেষ এই গান ভক্তদের জন্য হয়ে উঠতে পারে আবেগ ও স্মৃতিতে মোড়া এক বিশেষ উপহার। গানটি নিয়ে আবেগাপ্লুত সিনেমাটির অভিনেতা অংশুমান ঝা। তিনি বলেন, প্রয়াত সংগীত কিংবদন্তির শেষ সুর তাদের ছবির অংশ হয়ে থাকা নিঃসন্দেহে পরম প্রাপ্তি। এই কাজ ও এর সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতি সবসময় তাঁর হৃদয়ের কাছাকাছি থাকবে বলেও জানান তিনি।
আট দশকের দীর্ঘ সংগীতজীবনে ১২ হাজারেরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন আশা ভোঁসলে। তাঁর কণ্ঠে মুগ্ধ হয়েছে কয়েক প্রজন্মের শ্রোতা। ভারতীয় সংগীতের ইতিহাসেও তাঁর অবদান হয়ে থাকবে চিরস্মরণীয়।
চলতি বছরের ১২ এপ্রিল ৯২ বছর বয়সে প্রয়াত হন এই কিংবদন্তি শিল্পী।
তবে আগামী ৮ সেপ্টেম্বর সেই শূন্যতার মাঝেই আবারও শোনা যাবে তাঁর চেনা কণ্ঠ। জীবনের শেষ রেকর্ড করা সেই সুরের হাত ধরেই যেন আরও একবার ভক্তদের কাছে ফিরে আসবেন আশা ভোঁসলে।
- বিষয় :
- আশা ভোঁসলে