ঢাকা মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

‘এদের কাছে বাচ্চার কান্নাও কিছু না’, বাঁধনের ঘটনায় পরীমণি

‘এদের কাছে বাচ্চার কান্নাও কিছু না’, বাঁধনের ঘটনায় পরীমণি
×

আজমেরী হক বাঁধন ও পরীমণি

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:৫৬

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর পরিবারের সদস্যরাও হেনস্তার শিকার হয়েছেন বলে দাবি করেছেন অভিনেত্রী। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন বাঁধন। সেই ভিডিওতে কয়েকজন ব্যক্তির সঙ্গে তাঁকে ধস্তাধস্তি করতে দেখা যায়। ঘটনার সময় তাঁর ভাইয়ের শিশুসন্তানকে কান্নাকাটি করতেও দেখা যায়। শিশুটির কান্নার দৃশ্য দেখে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী পরীমণি।

ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে পরীমণি লিখেছেন, ‘বেশি কিছু না। কতগুলা কুকুরের বাচ্চা রাস্তায় ঘেউ ঘেউ করছে। এদের কাছে মানুষের বাচ্চার কান্না কিছুই ম্যাটার করে না। করেও নাই।’

সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে প্রকাশ করা এক ভিডিওবার্তায় বাঁধন অভিযোগ করেন, নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা তাঁর ওপর হামলা চালিয়েছেন। তাঁর দাবি, হামলাকারীরা তাঁকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে বলেন এবং পুরো ঘটনার ভিডিও ধারণ করেন। এ সময় তাঁকে গালাগালও করা হয় বলে অভিযোগ করেন তিনি।

বাঁধনের ভাষ্য, তাঁকে ‘জুলাইযোদ্ধা’ আখ্যা দিয়ে হামলা চালানো হয়েছে। কেন তাঁর ওপর এমন হামলা করা হলো, সে বিষয়েও নিজের বক্তব্য তুলে ধরেছেন অভিনেত্রী।

ভিডিওবার্তায় আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে বাঁধন বলেন, ভেনিস চলচ্চিত্র উৎসবে তিনি যে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমাটি নিয়ে গেছেন, সেটির পরিচালক রুবাইয়াত হোসেনের বাবা আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ছিলেন। জুলাই আন্দোলনের পরও তিনি ওই পরিচালকের সঙ্গে কাজ করছেন—এ কারণেই তাঁর ওপর এমন আচরণ করা হয়েছে বলে অভিযোগ করেন বাঁধন।

অভিনেত্রী বলেন, এ ধরনের আচরণ থেকে বেরিয়ে আসা উচিত ছিল। তাঁর গায়ে হাত তোলার পাশাপাশি ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। একজন শিল্পীকে এভাবে হেনস্তা করে নিজেদের অবস্থান শক্তিশালী করা যাবে না বলেও মন্তব্য করেন বাঁধন।

এ ঘটনায় সজীব ওয়াজেদ জয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন বাঁধন। বিষয়টি তাঁর কাছে পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন অভিনেত্রী।

বর্তমানে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে পরিবারের সঙ্গে ইতালির মেস্ট্রে অবস্থান করছেন বাঁধন। রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমায় তাঁর সঙ্গে অভিনয় করেছেন জাইনীন করিম, রিকিতা নন্দিনী শিমু ও সুনেরাহ বিনতে কামাল।

আরও পড়ুন

×