সাক্ষাৎকার
‘বিহান’ দর্শককে নতুন করে ভাবাবে: নিশাত প্রিয়ম
নিশাত প্রিয়ম। ছবি: অভিনেত্রীর সৌজন্যে
বুলবুল ফাহিম
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬ | ১১:২৫ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬ | ১১:২৭
নিশাত প্রিয়ম। তারকা অভিনেত্রী। নানারকম গল্প ও চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে দর্শক নজর কেড়ে নিয়েছেন তিনি। সম্প্রতি তাঁর অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'বিহান' অনেকের প্রশংসা কুড়িয়েছে। এ ছাড়াও ধারাবাহিক নাটকসহ তাঁর অন্য কাজগুলো রয়েছে দর্শক আলোচনায়। এ নিয়ে তাঁর সঙ্গে কথা বলেছেন বুলবুল ফাহিম
'বিহান'-এর গল্পে এমন আর কী আছে, যা দর্শক মনোযোগ ধরে রাখবে?
নারী নেতৃত্বের পথে প্রতিদিনের যেসব দৃশ্যমান ও অদৃশ্য বাধা কাজ করে, সেগুলো উঠে এসেছে 'বিহান'-এ। গল্প আবর্তিত হয়েছে শিউলি ও রাখিকে ঘিরে। পেশাজীবনে এগিয়ে চলার পথে তারা নানা চাপ, প্রত্যাশা ও অদৃশ্য বাধার মুখোমুখি হয়। একই সঙ্গে, একজন নারী যখন নিজের কন্ঠ, সক্ষমতা ও নেতৃত্বের সম্ভাবনাকে নতুন করে চিনতে শুরু করেন, তখন পরিবর্তনের কী সম্ভাবনা তৈরি হতে পারে, সেই প্রশ্নও সামনে উঠে এসেছে।
এখানে আপনার চরিত্রটা কেমন?
এখানে আমার চরিত্রের নাম শিউলি। আমি একজন আইনজীবীর চরিত্র রূপায়ণ করেছি। এই শিউলি অন্যের হয়ে তো অনেক কথা বলতে পারে কিন্তু নিজের বেলায় ঠিক সময় ঠিক কথাটা বলতে পারেনি। কথাটা একটি শব্দের। এই একটি শব্দ বলতে গিয়ে তাঁর জীবনে ঘটে যায় অনেক ঘটনা। এর থেকে আর বেশি কিছু বলা বারণ আছে। তবে এটুকু বলতে পারি, এই ঘটনাগুলো দেখলে দর্শকের জীবনের অনেক ঘটনা মনে পড়ে যাবে। এই শিউলিকে দেখার মধ্য দিয়ে নিজের কথাগুলো দর্শক নতুন করে ভাববে।

এর আগে কি আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন?
না। এর আগে আমি কখনও আইনজীবীর চরিত্রে অভিনয় করিনি।এবারই প্রথম। এটি করতে গিয়ে অনেক অভিজ্ঞতা হয়েছে। বিশেষ করে নির্মাতা হেমন্ত সাদীক ভাইয়ের যেভাবে এই চরিত্রটি প্লে করতে সাহায্য করেছেন তা অবিশ্বাস্য। তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ।
কেমন সাড়া পাচ্ছেন?
দারুণ সাড়া পাচ্ছি। 'বিহান' দেখার পর অনেকে ফোন তাদের ভালোলাগার কথা জানিয়েছেন। একজন অভিনেত্রী হিসেবে এটা ভালোলাগার বিষয়। সেই সঙ্গে এটা আমার কাছে আরও ভালো কাজের অনুপ্রেরণা।
কাজের ক্ষেত্রে সংখ্যাটা কীভাবে দেখেন?
আমি অগেও বলেছি, কম কাজ হলেও ভালো কাজের সঙ্গে থাকব। আমার কাছে গল্প আসে। সেগুলো আমার মনের মতো না। আমি বেছে বেছে কাজ করি। আমি বেশি কাজের চেয়ে ভালো কাজ করতে চাই। সংখ্যায় কম হলেও আফসোস নেই। আসলে দিন শেষে ভালো কাজ দিয়ে টিকে থাকতে হয়। এখানে সংখ্যা বিষয় না।

একজন অভিনয়শিল্পী হিসেবে কী ধরনের চরিত্রে অভিনয় করতে চান?
আমি নিজেকে একটি নির্দিষ্ট ধরনের চরিত্রের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না। রোমান্টিক, রহস্য, থ্রিলার, সামাজিক বা নারীপ্রধান-সব ধরনের গল্পে কাজ করতে চাই। একজন শিল্পীর জন্য বৈচিত্র্যপূর্ণ কাজ খুব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি।
সিনেমায় অভিনয় নিয়ে কিছু ভাবছেন?
সব অভিনয়শিল্পীরই সিনেমায় অভিনয়ের স্বপ্ন থাকে। আমারও আছে। আমি এ পর্যন্ত অনেক সিনেমার জিপ্ট ছেয়েছি। এমন কোনো গল্প এখনও পাইনি, যে গল্পটা পড়ে মনে হয়েছে আমি এ সিনেমাটি করতে চাই। গল্প পছন্দ হলে অবশ্য বড়পর্দায় কাজ করব। সে অপেক্ষায় আছি।

বর্তমানে কাজ নিয়ে ব্যস্ততা?
বর্তমানে ‘মিডলক্লাস ফ্যামিলি’, ‘ঘরে বাইরে’ ধারাবাহিকে কাজ করছি। এছাড়া কিছু নাটক, ওটিটির কিছু প্রজেক্ট নিয়ে কথা চলছে। গল্প দেখছি, নিজের মতো চরিত্র পেলে যুক্ত হব।
- বিষয় :
- নিশাত প্রিয়ম
- অভিনেত্রী
- নাটক
- সিনেমা