ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

অস্ট্রেলিয়ায় একমঞ্চে গাইবেন দুই দেশের রকস্টার

অস্ট্রেলিয়ায় একমঞ্চে গাইবেন দুই দেশের রকস্টার
×

জেমস ও রূপম ইসলাম

আনন্দ প্রতিদিন প্রতিবেদক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬ | ১১:১১ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬ | ১২:১৭

দীর্ঘ দুই মাসের ইউরোপ সফর শেষ করে অস্ট্রেলিয়ায় গেছেন দেশসেরা রকস্টার জেমস। অস্ট্রেলিয়ায় আগেও সফর করেছেন নগর বাউলখ্যাত এই শিল্পী। তবে এবারের সফর একটু অন্যরকম। সেখানে আজ শনিবার তিনি মঞ্চ ভাগাভাগি করবেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী রাপম ইসলাম ও তাঁর রক ব্যান্ড ফসিলসের সদস্যদের সঙ্গে। আগেও এক মঞ্চে দেখা মিলেছে জেমস ও রূপম ইসলামের। 

সেসব আয়োজনে গানে গানে অগণিত দর্শক-শ্রোতাহৃদয়ে ঝড় তুলতেও দেখা গেছে তাদের। সে কারণে যখন বাংলাদেশ ও ভারতের এই দুই রকস্টারকে নিয়ে অস্ট্রেলিয়ায় আয়োজিত 'লাইভ ইন সিডনি' কনসার্ট ঘোষণা এসেছে, তখন থেকে সংগীতপ্রেমীদের মাঝে কৌতূহল শুরু হয়ে গেছে।

কনসার্ট আয়োজক বেঙ্গলি সিনেক্লাব অস্ট্রেলিয়ার সদস্যরা জানান, ঘোষণার তিন মাসের অপেক্ষার অবসান ঘটিয়ে আজ অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে অনুষ্ঠিত হবে জেমস ও রাপমের 'লাইভ ইন সিডনি' কনসার্টটি। তাই সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টারে আয়োজিত এই কনসার্টের প্রতিটি মুহূর্ত সংগীতপ্রেমীদের জন্য 'মাহেন্দ্রক্ষণ' বলা যায় নির্দ্বিধায়। কারণ একটাই, এ আয়োজনে মঞ্চ ভাগাভাগি করবেন বাংলা রক গানের দুই মহিরুহ; যা অস্ট্রেলিয়ায় আগে কখনও দেখা যায়নি।

আয়োজকদের কথায়, দেশের সীমানা ছাড়িয়ে আমাদের সবার প্রিয় হয়ে উঠেছেন নগর বাউল, জেমস; যিনি আমাদের বাংলা রকসংগীতের গুরু- সেই জেমসের এবার মঞ্চ শেয়ার করবেন আরেক রকস্টার রাপম ইসলাম। তাদের সঙ্গে থাকবেন নিজ
নিজ ব্যান্ড নগর বাউল এবং ফসিলস-এর সদস্যরা। এটি শুধু একটি কনসার্ট নয়; বরং বাংলা রকের সবচেয়ে বড় এবং মর্যাদাপূর্ণ ইভেন্ট হতে চলেছে। যেখানে আমাদের কৈশোর, প্রেম, বিদ্রোহ সবকিছুর অংশ হয়ে থাকা গানগুলো আবার জীবন্ত হয়ে উঠবে। প্রতিধ্বনিত হবে 'আমার বাংলা...'। এ সুবাদে আমরা সবাই মিলে হব একটি ইতিহাসের অংশ। তাই পুরো আয়োজনটি রকভক্তদের কাছে আজীবন মনে রাখার মতো একটা স্মৃতি রচনা করবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।

অস্ট্রেলিয়া সফর নিয়ে জেমস ও নগর বাউল ব্যান্ডের ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, 'লাইভ ইন সিডনি' কনসার্টের পরিকল্পনা সাজিয়েছে, তাতে বর্ণাঢ্য একটি আয়োজন হবে বলে আশা করছেন তারা। ইউরোপ ও অস্ট্রেলিয়া সফর নিয়ে জেমস জানান, গানে গানে শ্রোতার ভালোবাসা কুড়াতে এই দীর্ঘ সফর। ভালোবাসার এই মেলবন্ধন গড়ে উঠেছে কেবল সংগীতের সূত্র ধরে। তাই যতদিন গাইবেন, শ্রোতার ভালোবাসার আহ্বানে সাড়া দিতে এভাবে ছুটে যাবেন দেশ-বিদেশের মঞ্চে।

রূপম ইসলামের কথায়, জেমস সেই শিল্পীদের একজন, যার গান শুনে তাঁর বেড়ে ওঠা-গানের ভবনে পা রাখার অনুপ্রেরণা পাওয়া। আজ প্রিয় সেই শিল্পীর সঙ্গে অস্ট্রেলিয়ায় মঞ্চ শেয়ার করা অন্যরকম ভালো লাগার। এই আয়োজন স্মরণীয় হয়ে থাকবে বলে আশা প্রকাশ করেছেন ভারতীয় ব্যান্ড সংগীতের আলোচিত এই তারকা।

আরও পড়ুন

×