নব্বই দশকের চেনা রোম্যান্টিক আবহে ‘কাহিনি এখনো বাকি’
নাওভী ও লাবণ্য চৌধুরী। ছবি: সংগৃহীত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:৪৯
মুক্তির অপেক্ষায় থাকা ওয়েব ফিল্ম ‘মিশন ডিডিএলজে’র রোম্যান্টিক গান ‘কাহিনি এখনো বাকি’ প্রকাশ পেয়েছে। গানটিতে নাওভী ও লাবণ্য চৌধুরীর মিষ্টি রসায়ন নজর কেড়েছে। ‘কাহিনি এখনো বাকি’ শুনলেই নব্বই দশকের চেনা রোম্যান্টিক আবহে ফিরে যাওয়ার অনুভূতি তৈরি হচ্ছে।
গানটির বিশেষত্ব হলো, এতে বলিউডের জনপ্রিয় গান ‘তুঝে দেখা তো ইয়ে জানা সানাম’-এর সুরের হালকা ছোঁয়া ব্যবহার করা হয়েছে। ফলে পুরোনো দিনের ক্লাসিক রোমান্সের সঙ্গে আধুনিক সংগীতের মেজাজের মেলবন্ধন ঘটেছে।
গানটির সুর ও কথা লিখেছেন সৈয়দ নাফিস। দ্বৈত কণ্ঠে গানটি গেয়েছেন সৈয়দ নাফিস ও মৌমিতা বড়ুয়া। মিউজিক ভিডিওতে আরমান বিন মাহমুদের উপস্থিতিও গল্পের আবহ তৈরিতে ভূমিকা রেখেছে।
‘মিশন ডিডিএলজে’ নির্মাণ করেছেন আসিফ জাহাঙ্গীর অর্ক। গানটির ভিজ্যুয়াল নির্মাণেও রয়েছে যত্নের ছাপ। দৃষ্টিনন্দন লোকেশন, সফট কালার টোন ও সাবলীল উপস্থাপনা রোম্যান্টিক আবহকে আরও প্রাণবন্ত করেছে। সব মিলিয়ে শ্রুতিমধুর গানের পাশাপাশি এর ভিজ্যুয়ালও দর্শকদের আকৃষ্ট করছে।
‘মিশন ডিডিএলজে’ নামের মধ্যেও রয়েছে একটি ‘হিডেন স্টোরি’। গল্পের ভেতরে লুকিয়ে থাকা সেই বিষয়টি এখনই প্রকাশ করতে চান না নির্মাতা। পুরো গল্প জানতে দর্শকদের ওয়েব ফিল্মটি দেখতে হবে বলে জানিয়েছেন তিনি।
এর আগে ওয়েবফিল্মটি নিয়ে লাবন্য চৌধুরী সমকালকে বলেন, ‘এখানে আমার চরিত্রের নাম দিয়া। সে খুব চঞ্চল একটা মেয়ে; কিন্তু নব্বই দশকের প্রেমের গল্পে খুব আকৃষ্ট। সে সেই সময়ের মতো একটা লাইফ স্টোরি চায় এবং সেই চেষ্টা করতে থাকে। নির্মাতা আসিফ জাহাঙ্গীর অর্ক ভাইয়া সেই গল্পটা দারুণ রূপায়ণ করেছেন। এ ছাড়া ‘মিশন ডিডিএলজে’-এর অর্থটা দর্শক সিনেমা দেখলে বুঝতে পারবেন।’
নির্মাতা আসিফ জাহাঙ্গীর অর্ক বলেন, ‘এটি মূলত একটি রোম্যান্টিক কমেডি ঘরানার গল্প। প্রায় ৮০ মিনিটের এই ওয়েব ফিল্মে নব্বই দশকের প্রেমের আবহকে বর্তমান সময়ের দর্শকদের কাছে নতুনভাবে তুলে ধরার চেষ্টা করেছি। নতুন জুটি হিসেবে নাওভী ও লাবণ্য দারুণ অভিনয় করেছেন। তাদের রসায়ন দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস। পাশাপাশি গল্পটিও দর্শকদের অন্যরকম আনন্দ দেবে।’
ওয়েব ফিল্মটির এক্সিকিউটিভ প্রডিউসার আশেক হোসেন তন্ময় জানান, আগামী ২৫ সেপ্টেম্বর আইস্ক্রিনে মুক্তি পাবে ‘মিশন ডিডিএলজে’।
- বিষয় :
- বিনোদন
- লাবণ্য চৌধুরী