ব্যর্থতা-বিতর্ক পাশ কাটিয়ে ভিন্ন কিছু ভাবছেন কিয়ারা
কিয়ারা আদভানি। ছবি: ফেসবুক
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:২৩
ইয়াশ অভিনীত ‘টক্সিক’ সিনেমা ঘিরে দর্শকদের প্রত্যাশা ছিল অনেক। তবে মুক্তির পর দর্শক-সমালোচকদের একাংশের নেতিবাচক প্রতিক্রিয়ার মুখে পড়ে সিনেমাটি। বিশেষ করে নারী চরিত্রের উপস্থাপন ও পুরুষত্ব দেখানোর ধরন নিয়ে প্রশ্ন ওঠে। বক্স অফিসেও প্রত্যাশিত সাফল্য পায়নি সিনেমাটি।
প্রায় ৩০০ কোটি টাকা আয় করলেও সংশ্লিষ্টদের প্রত্যাশা পূরণ করতে পারেনি বলে মত অনেকের। এমন পরিস্থিতিতে ছবিতে নাদিয়া চরিত্রে অভিনয় করা কিয়ারা আদভানি জানালেন, সিনেমাটির জন্য নিজের সেরাটাই দিয়েছেন তিনি।
সম্প্রতি ‘হারপার’স বাজার’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ‘টক্সিক’-এর একটি গুরুত্বপূর্ণ দৃশ্যে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন কিয়ারা। অভিনেত্রী জানান, ওই দৃশ্যের শুটিং তাঁকে শারীরিক ও মানসিকভাবে বেশ ক্লান্ত করে দিয়েছিল। তবে ক্লান্তি সত্ত্বেও অভিনয়ের সময় নিজের সবটুকু উজাড় করে দিয়েছিলেন তিনি।
কিয়ারা বলেন, ওই দৃশ্যের পর তার মনে হয়েছিল, অভিনয়ের সময় নিজের ভেতরের সমস্ত আবেগ যেন বের করে দিয়েছিলেন। দৃশ্যটির পর শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়লেও মানসিকভাবে একধরনের তৃপ্তি ছিল তাঁর। কারণ, অভিনয়ের সময় নিজের ভেতরে জমে থাকা সব আবেগ চরিত্রটির মাধ্যমে প্রকাশ করতে পেরেছিলেন।
দৃশ্যটির শুটিং শেষ হওয়ার পরের একটি মুহূর্তও বিশেষভাবে মনে রেখেছেন কিয়ারা। তিনি জানান, শুটিং শেষ হওয়ার পর সিনেমার পুরো কাস্ট ও ক্রু মনিটরের সামনে একসঙ্গে জড়ো হয়েছিলেন। সবাই মিলে চূড়ান্ত দৃশ্যটি দেখেছিলেন। সেই মুহূর্তটি এখনো তাঁর কাছে বিশেষ হয়ে আছে।
তবে ‘টক্সিক’ নিয়ে তৈরি হওয়া বিতর্ক কিংবা সিনেমাটির বক্স অফিস ব্যর্থতা নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি কিয়ারা। বরং অভিনেত্রী জানিয়েছেন, কোনো একটি নির্দিষ্ট ধরনের চরিত্রের মধ্যে নিজেকে আটকে রাখতে চান না তিনি। তাঁর লক্ষ্য, এমন চরিত্রে অভিনয় করা, যা তাঁকে অভিনেত্রী হিসেবে নতুন কিছু শেখাবে এবং ভবিষ্যতের কাজে নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে।
এদিকে ‘টক্সিক’-এর ফলাফল নিয়ে যশও এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি। তবে তাঁর বন্ধু জয়দেব মোহন জানিয়েছেন, সিনেমাটির প্রতিক্রিয়ায় অভিনেতা যথেষ্ট ভেঙে পড়েছিলেন। বিষয়টি নিয়ে তাঁদের মধ্যে ফোনে কথাও হয়েছিল।
জয়দেবের ভাষ্য, যশ তাঁকে বলেছিলেন, সিনেমাটি তৈরি হয়ে গেছে এবং মুক্তিও পেয়েছে। এখন সেটি দর্শকদের হাতে। তাঁরা নিজেদের দায়িত্ব অনুযায়ী নিষ্ঠার সঙ্গে সিনেমাটি বানিয়ে দর্শকদের দিয়েছেন। তাই ফলাফল নিয়ে বেশি না ভেবে পরবর্তী কাজের দিকে এগিয়ে যাওয়াই উচিত।
অন্যদিকে, দর্শকদের হতাশাজনক প্রতিক্রিয়ার কারণে ‘টক্সিক’-এর ইংরেজি সংস্করণও সম্প্রতি প্রেক্ষাগৃহ থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে খবর। গীতু মোহানদাস পরিচালিত সিনেমাটিতে যশ ও কিয়ারা আদভানির পাশাপাশি অভিনয় করেছেন নয়নতারা, রুক্মিণী বসন্ত, হুমা কুরেশি ও তারা সুতারিয়া। ২০২৬ সালের ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, ছবিটির ক্ষতির পরিমাণ প্রায় ৩০০ কোটি টাকা হতে পারে।
- বিষয় :
- কিয়ারা আদভানি