‘ট্রাইব্যুনাল’ ছাড়লেন নুসরাত ফারিয়া
নুসরাত ফারিয়া। ছবি: ফেসবুক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:০৫ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:১১
ঢাকা ও কলকাতা—দুই ইন্ডাস্ট্রিতেই পরিচিত মুখ নুসরাত ফারিয়া। অভিনয়, গ্ল্যামার, উপস্থাপনা কিংবা আইটেম গানে নাচ—সব ক্ষেত্রেই দর্শকের নজর কেড়েছেন তিনি। গত বছর নির্মাতা রায়হান খানের ‘ট্রাইব্যুনাল’ সিনেমায় যুক্ত হয়েছিলেন তিনি। তবে এবার জানা গেল, সিনেমাটিতে আর থাকছেন না এই অভিনেত্রী।
নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর একটি মামলাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে কোর্টরুম ড্রামা ঘরানার সিনেমা ‘ট্রাইব্যুনাল’। গল্পে ন্যায়বিচার, নৈতিকতা ও রাজনৈতিক প্রভাবের সূক্ষ্ম টানাপোড়েন তুলে ধরা হয়েছে। সিনেমাটিতে নুসরাত ফারিয়ার অভিনয় করার কথা ছিল এক তরুণ ব্যারিস্টারের চরিত্রে, যিনি সত্যের পক্ষে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়বেন।
সিনেমা থেকে সরে যাওয়ার বিষয়ে নুসরাত ফারিয়া সমকালকে বলেন, ‘নির্মাতা রায়হান খান ভাই আমার খুব কাছের মানুষ। তার সঙ্গে কথা হয়েছিল। এখানে আইনজীবী চরিত্রে অভিনয় করার কথা ছিল। কিন্তু এই সিনেমাটি আমি করছি না। শুনেছি, এই সিনেমার অভ্যন্তরীণ কিছু সমস্যা হয়েছে। এ কারণে সিনেমাটির সঙ্গে থাকা সম্ভব হচ্ছে না।’

অভিনয়ের বিষয়ে তিনি বলেন, ‘শুনেছি ওনারা সিনেমার অনেক অংশের শুটিং করেছেন, কিন্তু আমার পার্টগুলো বাকি ছিল। যেহেতু আমার পার্টগুলো কোর্টরুম বেজ, তাই শুটিং করিনি। এখন আর সিনেমাটির সঙ্গে থাকা আমার পক্ষে সম্ভব হচ্ছে না।’
‘ট্রাইব্যুনাল’-এ অভিনয় করছেন তারিক আনাম খান, মৌসুমী হামিদ, তানিয়া বৃষ্টি, সায়রা প্রমুখ। এর আগে নির্মাতা রায়হান খান জানিয়েছিলেন, সিনেমাটির প্রায় ৬৫ শতাংশ শুটিং শেষ হয়েছে। বাকি অংশের শুটিং ও পোস্ট-প্রোডাকশনের কাজ শেষ করে গত রোজার ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা ছিল তার। এর মধ্যে অভিনেত্রী তানিয়া বৃষ্টির অসুস্থতার কারণে সিনেমাটির কাজ থমকে যায়।
নুসরাত ফারিয়ার সিনেমা ছাড়ার বিষয়ে রায়হান খান সমকালকে বলেন, ‘ফারিয়ার সঙ্গে সিনেমা ছাড়ার বিষয় নিয়ে আমার কোনো আলাপ হয়নি। তানিয়া বৃষ্টি ও মৌসুমী হামিদের অসুস্থতার কারণে সিনেমাটির বাকি শুটিং আটকে আছে। এর মধ্যে ফারিয়ার সঙ্গে সিনেমার বিষয় নিয়ে কথা হয়নি। মনে হচ্ছে, কোনো অভিমান থেকে ফারিয়া সিনেমাটি ছাড়ার বিষয়টি বলতে পারেন।’

এদিকে নুসরাত ফারিয়া অভিনীত ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’র শুটিং ও অন্যান্য কাজ প্রায় শেষের পথে। সিনেমাটি নিয়ে অভিনেত্রী বলেন, ‘লাপাত্তা’ করতে গিয়ে খুব ভালো লাগছে। দীর্ঘ বিরতির পর আবার নিয়মিতভাবে ক্যামেরার সামনে দাঁড়ানো—এটা আমার কাছে বিশেষ অনুভূতি। এফডিসি আমার চিরচেনা জায়গা। কদিন আগেই সেখানে গানের শুটিং করেছি, এবার ‘লাপাত্তা’র শুটিং করেছি। মেহেদী হাসান হৃদয় এই সময়ের একজন মেধাবী নির্মাতা। দর্শকের পালস বোঝার চেষ্টা করেন তিনি। সবচেয়ে ভালো লেগেছে গল্পটা।’
গত সপ্তাহে নতুন আরেকটি সিনেমায় যুক্ত হয়েছেন ফারিয়া। ‘লজ্জা’ নামের সিনেমাটি ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় নির্মিত হবে। এতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সিনেমাটিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনও অভিনয় করবেন। আগামী ২০ সেপ্টেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
সিনেমায় নিজের চরিত্র নিয়ে এখনই বিস্তারিত জানাতে চান না ফারিয়া। তিনি বলেন, ‘এখনই কিছু বলতে চাচ্ছি না আমার অভিনীত চরিত্র বা সিনেমাটির গল্প নিয়ে। তবে এটুকু বলতে পারি, এখন পর্যন্ত আমাকে এ ধরনের গল্পে বা চরিত্রে অভিনয় করতে দেখা যায়নি।’
- বিষয় :
- নুসরাত ফারিয়া