ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

জীবনের দ্বিতীয়বার একক কনসার্টে বাপ্পা মজুমদার

জীবনের দ্বিতীয়বার একক কনসার্টে বাপ্পা মজুমদার
×

বাপ্পা মজুমদার। ছবি: ফেসবুক

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ২০:৩৯

প্রায় আড়াই বছর পর বড় পরিসরে একক কনসার্ট নিয়ে ফিরছেন জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। ‘মুনলাইট মেলোডিজ’ শীর্ষক কনসার্টটি আগামী ৯ অক্টোবর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

গত রোববার রাতে সামাজিক মাধ্যমে পোস্টার প্রকাশ করে নিজেই কনসার্টের ঘোষণা দেন বাপ্পা। কনসার্টটির আয়োজন করছে ম্যাভিক্স। এখনও টিকিট বিক্রি শুরু হয়নি।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শিগগিরই টিকিট ছাড়া হবে। তখনই টিকিটের মূল্য, ক্যাটেগরি ও অন্যান্য নিয়ম-শর্ত জানা যাবে। দীর্ঘ বিরতির পর বাপ্পা মজুমদারের একক কনসার্টের খবর প্রকাশের পর থেকেই উচ্ছ্বাস প্রকাশ করছেন তাঁর ভক্ত-শ্রোতারা।

কনসার্ট প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, ‘‘অনেক দিন পর একক কনসার্ট করছি। বিষয়টি নিয়ে আমিও বেশ আনন্দিত ও উচ্ছ্বসিত। শ্রোতাদের সঙ্গে সরাসরি গান ভাগ করে নেওয়ার আনন্দই আলাদা। আশা করছি, ‘মুনলাইট মেলোডিজ’ সবার জন্য সুন্দর একটি সংগীতসন্ধ্যা হয়ে উঠবে।’’

তিন দশকের বেশি সময়ের সংগীতজীবনে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন বাপ্পা মজুমদার। নিজের গানের পাশাপাশি অন্য শিল্পীদের জন্যও সুর ও সংগীত পরিচালনা করেছেন তিনি। নতুন গান প্রকাশের পাশাপাশি নিয়মিত কনসার্ট ও ইনস্ট্রুমেন্টাল সংগীতের মাধ্যমেও শ্রোতাদের সঙ্গে যুক্ত রয়েছেন এই শিল্পী।

এবার ‘মুনলাইট মেলোডিজ’-এ বাপ্পা মজুমদারের জনপ্রিয় গান, নতুন পরিবেশনা এবং সংগীতের নানা আয়োজন উপভোগ করতে মুখিয়ে আছেন তাঁর ভক্তরা। দীর্ঘ বিরতির পর এই একক আয়োজন ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।

আরও পড়ুন

×