৬০ লাখ ডলারের গয়না হারিয়ে কিম কার্দাশিয়ান পাবেন সোয়া ১ ডলার
কিম কার্দাশিয়ান। ছবি: সংগৃহীত
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৪৭ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৫০
২০১৬ সালে প্যারিসের একটি হোটেলে বন্দুকের মুখে জিম্মি করে কিম কার্দাশিয়ানের ৬০ লাখ ডলারেরও বেশি মূল্যের গয়না লুটের ঘটনায় তাকে প্রতীকী ১ ইউরো, অর্থাৎ প্রায় ১.১৫ ডলার ক্ষতিপূরণ দেওয়ার রায় দিয়েছেন আদালত। কারদাশিয়ানের অনুরোধেই এই প্রতীকী ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে।
২০১৬ সালের ৩ অক্টোবর ভোররাতে প্যারিসের ওই হোটেল কক্ষে ঢুকে ডাকাতরা কার্দাশিয়ানকে জিম্মি করে তার গয়না লুট করে। এর মধ্যে ছিল তার প্রাক্তন স্বামী কানিয়ে ওয়েস্টের দেওয়া ৪০ লাখ ডলার মূল্যের বাগদানের আংটি। লুট হওয়া গয়নার অধিকাংশই পরে আর উদ্ধার করা সম্ভব হয়নি।
অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) তথ্যমতে, ডাকাতির সময় কার্দাশিয়ানের ঠিক নিচের তলায় থাকা তার দীর্ঘদিনের বন্ধু সিমোন হারুশও ১৫ সেপ্টেম্বর একই পরিমাণ, অর্থাৎ ১ ইউরো ক্ষতিপূরণ পেয়েছেন।
এক যৌথ বিবৃতিতে কার্দাশিয়ান ও হারুশ বলেন, ২০১৬ সালের প্যারিসের ভয়াবহ ঘটনার শিকার হিসেবে তাদের স্বীকৃতি দেওয়ায় ফরাসি বিচার ব্যবস্থার প্রতি তারা কৃতজ্ঞ। তাদের ভাষায়, ওই অভিজ্ঞতা ছিল অত্যন্ত মর্মান্তিক এবং এর প্রভাব এখনো তাদের ওপর রয়েছে। তাদের কাছে এই রায় আর্থিক ক্ষতিপূরণের চেয়ে দায়বদ্ধতা ও স্বীকৃতির বিষয়।
৪৫ বছর বয়সী কার্দাশিয়ান ও ৪৬ বছর বয়সী হারুশ গত বছর ডাকাতির ঘটনায় হওয়া ফৌজদারি মামলায় সাক্ষ্য দেন। ওই মামলায় ডাকাতির সঙ্গে জড়িত আটজনকে দোষী সাব্যস্ত করা হয়।
সাক্ষ্যে কার্দাশিয়ান জানান, ডাকাতরা তার কক্ষে ঢোকার পর প্রথমে তিনি তাদের পুলিশ কর্মকর্তা ভেবেছিলেন। পরে তারা তার গয়না খুঁজতে শুরু করেন এবং বিশেষ করে বাগদানের আংটিটি চেয়েছিলেন। আংটি খোঁজার সময় ডাকাতরা তার হাত-পা বেঁধে মুখ বন্ধ করে দেয়। তখন তার মনে হয়েছিল, তাকে হয়তো মেরে ফেলা হবে।
কার্দাশিয়ান জানান, তিনি নিশ্চিত ছিলেন ডাকাতরা তাকে গুলি করতে যাচ্ছে। এ সময় তিনি তার পরিবার, মা, বোন ও সবচেয়ে ভালো বন্ধুর জন্য প্রার্থনা করেছিলেন।
হারুশ সাক্ষ্য দেন, ওপরের তলায় কার্দাশিয়ানের প্রাণভিক্ষা চাওয়ার আর্তনাদ শুনে তার ঘুম ভেঙে যায়। সাহায্যের জন্য কারদাশিয়ান পরিবারের দেহরক্ষীকে ফোন করতে তিনি নিজেকে বাথরুমে আটকে ফেলেছিলেন।
এপি জানিয়েছে, আদালত ডাকাতির শিকার হোটেলটিকে ৫০ হাজার ইউরো বা ৫৭ হাজার ৭৪১ ডলার এবং ডাকাতির রাতে দায়িত্বে থাকা রিসেপশনিস্টকে ১ লাখ ৯ হাজার ৫১৬ ইউরো বা ১ লাখ ২৬ হাজার ৪৭২ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন।
ডাকাতির পর কার্দাশিয়ান পরবর্তী জানুয়ারি পর্যন্ত নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ব্যক্তিগত বিষয় বা ছবি প্রকাশ করেননি। ২০১৭ সালের মার্চে শুরু হওয়া ‘কিপিং আপ উইথ দ্য কারদাশিয়ানস’ অনুষ্ঠানের নতুন মৌসুমে তিনি প্রথমবার প্রকাশ্যে ওই ডাকাতির অভিজ্ঞতা নিয়ে কথা বলেন।
ডাকাতদের গ্রেপ্তারের বিষয়ে ২০১৭ সালের মে মাসে প্রচারিত ‘কিপিং আপ উইথ দ্য কার্দাশিয়ানস’-এর এক পর্বে কারদাশিয়ান বলেন, তিনি কখনো ভাবেননি পুলিশ তাদের ধরতে পারবে। ওই বছরের জানুয়ারিতে ১৭ জন সন্দেহভাজনকে গ্রেপ্তারের কথাও তিনি উল্লেখ করেন।
পরবর্তীতে ১২ জনের বিরুদ্ধে অভিযোগ আনার পর ২০২৫ সালের মে মাসে ১০ জনের বিচার শুরু হয়। তাদের মধ্যে একজন বিচার শুরুর আগেই মারা যান এবং অন্য একজন অসুস্থতার কারণে বিচারের মুখোমুখি হওয়ার অনুপযুক্ত বলে বিবেচিত হন।
২০২৫ সালে আদালতে ডাকাতির মূল পরিকল্পনাকারী ওমার আইত খেদাশকে কার্দাশিয়ান বলেন, তিনি তাকে ক্ষমা করে দিয়েছেন। তবে সেই ক্ষমা ঘটনার কারণে সৃষ্ট মানসিক আঘাত বা ট্রমা মুছে দিতে পারেনি।