ফিলিস্তিনের পক্ষ নেওয়ায় ট্যুর থেকে বাদ, পুরো পারিশ্রমিক দান করলেন এড শিরান
এড শিরান। ছবি: সংগৃহীত
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:০৮ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:৫৭
মার্কিন র্যাপার ম্যাকলমোর এড শিরানের ‘লুপ ট্যুর’ থেকে পাওয়া তার ১০ লাখ মার্কিন ডলার ফিলিস্তিনিদের সহায়তায় কাজ করা ছয়টি দাতব্য সংস্থাকে দান করেছেন। গাজা পরিস্থিতি নিয়ে মন্তব্যের জেরে শিরানের কনসার্ট ট্যুরে সহযোগী শিল্পী হিসেবে তার অংশগ্রহণ বাতিল হওয়ার পর এই অনুদান দিলেন তিনি।
এড শিরানের ‘লুপ ট্যুর’-এ সহযোগী শিল্পী হিসেবে ম্যাকলমোরকে বাদ দেওয়া হয়েছিল। এরপর থেকে ট্যুরের সহযোগী শিল্পীদের কয়েকজনও বাকি অনুষ্ঠানগুলো থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন আইরিশ গায়ক অ্যারন রো, গ্র্যামি-জয়ী ও বিলি আইলিশের ভাই ফিনিয়াস, ডেনিশ গায়ক লুকাস গ্রাহাম এবং শিরানের ব্যাকিং ব্যান্ড ‘বিওগা’।
বুধবার ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ম্যাকলমোর ছদ্মনামে পরিচিত বেন হ্যাগার্টি বলেন, ‘গত ৪৮ ঘণ্টায় যা কিছু ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে আমি আলোচনাটিকে তার প্রকৃত জায়গায় ফিরিয়ে আনতে চাই। আলচোনার বিষয় আমি নই, বরং ফিলিস্তিনের জনগণ, যারা এখনও প্রাণ হারাচ্ছেন, এখনও সামরিক দখলের মধ্যে জীবনযাপন করছেন এবং এখনও নিজেদের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন।’
তিনি বলেন, ‘এড শিরানের ‘লুপ ট্যুর’ থেকে আমার অর্জিত নিট আয়ের পুরো ১০ লাখ ডলার আমি এমন ছয়টি সংস্থাকে দান করব, যারা সরাসরি ফিলিস্তিনি জনগণের সহায়তায় কাজ করছে।’
ম্যাকলমোর ‘প্যালেস্টাইন চিলড্রেনস রিলিফ ফান্ড’, ‘হিল প্যালেস্টাইন’, ‘গাজা স্যুপ কিচেন’, ‘মেডিকেল এইড ফর প্যালেস্টিনিয়ানস’, ‘আনরওয়া ইউএসএ’ এবং ‘আমেরিকান নিয়ার ইস্ট রিফিউজি এইড’-এর তহবিলে এই অনুদান দিয়েছেন।
সোমবার ম্যাকলমোর দাবি করেন, ‘ক্রাফট গ্রুপ’-এর মালিক রবার্ট ক্রাফট শিরানের সঙ্গে যোগাযোগ করে জানিয়েছিলেন, তাকে ট্যুর থেকে বাদ না দিলে সেখানে অনুষ্ঠান করা সম্ভব হবে না। ক্রাফট গ্রুপের মালিকানাধীন জিলেট স্টেডিয়ামে তাদের অনুষ্ঠান করার কথা ছিল।
ম্যাকলমোর ক্রাফটকে তার মতো অনুদান দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আমাদের মধ্যে মতপার্থক্য যা-ই থাকুক না কেন, অন্তত একটি বিষয়ে আমরা হয়তো একমত হতে পারি- ফিলিস্তিনিদের জীবন রক্ষার যোগ্য। পৃথিবীর অন্য যেকোনো মানুষের জীবনের চেয়ে একজন ফিলিস্তিনির জীবনের মূল্য কোনো অংশে কম নয়।’
তিনি আরও বলেন, শুধুমাত্র ত্রাণ সহায়তা দিয়ে সেই পরিস্থিতিগুলোর সমাধান করা সম্ভব নয়। এটি মানুষের সৃষ্ট এক অবিচার। আমার বিশ্বাস, এর জন্য জরুরি রাজনৈতিক পরিবর্তন প্রয়োজন।
ম্যাকলমোর বলেন, ফিলিস্তিনিরা দশকের পর দশক ধরে মৌলিক অধিকারবঞ্চিত হয়ে জীবনযাপন করছে; স্বাধীনতার জন্য তাদের আর একটি দিনও অপেক্ষা করা উচিত নয়। আমার মনোযোগ মূলত এ বিষয়ের ওপরই নিবদ্ধ থাকবে।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে শিরান জানান, ট্যুর থেকে ম্যাকলমোরকে বাদ দেওয়ার সিদ্ধান্ত আয়োজকদের, তার নিজের নয়। শিরান বলেন, আসন্ন সফরগুলোর আয়োজকরা জানিয়েছিলেন, ‘তিনি (ম্যাকলমোর) যদি সমর্থন অব্যাহত রাখেন তবে তারা শো বাতিল করবেন।’
শিরান বলেন, আমি এর সঙ্গে কোনোভাবেই জড়িত বা সহযোগী নই। এই ভয়াবহ সংঘাত নিয়ে আমার নিজস্ব মতামত রয়েছে।
‘শেপ অফ ইউ’ খ্যাত এই গায়ক জানিয়েছেন, তিনি ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার সংঘাত নিয়ে গভীরভাবে মর্মাহত এবং তিনি একজন শিল্পী হিসেবে ম্যাকলমোরকে সম্মান করেন।
শিরানের পরবর্তী অনুষ্ঠানটি ১৯ সেপ্টেম্বর ফিলাডেলফিয়ার লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ডে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে গ্রাহাম ও রো তার অনুষ্ঠানের সূচনা-শিল্পী হিসেবে পারফর্ম করার কথা ছিল।
উত্তর ও দক্ষিণ আমেরিকাজুড়ে শিরানের ট্যুরে আরও ১৭টি অনুষ্ঠান বাকি রয়েছে। সর্বশেষ অনুষ্ঠানটি ১১ ডিসেম্বর মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত হওয়ার কথা।
- বিষয় :
- অনুদান
- মার্কিন র্যাপার
- ফিলিস্তিনি