ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

নির্মাণের ২৫ বছর, এক দিনে চয়নিকার চার নাটক

নির্মাণের ২৫ বছর, এক দিনে চয়নিকার চার নাটক
×

চয়নিকা চৌধুরী। ছবি-সংগৃহীত

আনন্দ প্রতিদিন প্রতিবেদক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:৩২

২০০১ সালের ১৮ সেপ্টেম্বর ‘শেষ বেলায়’ নাটকের শুটিং দিয়ে নির্মাতা হিসেবে পথচলা শুরু করেছিলেন চয়নিকা চৌধুরী। সেই শুরুর দিনটি পেরিয়ে দেখতে দেখতে কেটে গেছে ২৫ বছর। এই দীর্ঘ সময়ে নির্মাণ করেছেন চার শতাধিক নাটক, পাশাপাশি নির্মাণ করেছেন দুটি সিনেমা– ‘বিশ্বসুন্দরী’ ও ‘প্রহেলিকা’। 

দীর্ঘ এই পথচলার রজতজয়ন্তীতে তাই বড় কোনো আয়োজন নয়, দর্শকের জন্য নতুন গল্প নিয়ে হাজির হচ্ছেন চয়নিকা। নির্মাণের ২৫ বছর পূর্তি উপলক্ষে এক দিনে চারটি নতুন নাটক নিয়ে আসছেন তিনি। আজ শুক্রবার দেশের চারটি ভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচার হবে নাটকগুলো। 

চ্যানেল আইয়ে প্রচারিত হবে ইফফাত আরেফিন তন্বীর লেখা ‘সময় একটু থামো’। এতে অভিনয় করেছেন আফজাল হোসেন, জাকিয়া বারী মম, রোজী সিদ্দিকী, ফারজানা ছবিসহ অনেকে। টেলিভিশনে প্রচারের পর নাটকটি প্রকাশ হবে গানচিল ইউটিউব চ্যানেলে। এটিএন বাংলায় প্রচার হবে ‘বিষণ্ন মেঘ’। 
চয়নিকা চৌধুরীর দেখা একটি সত্য ঘটনা অবলম্বনে নাটকটির চিত্রনাট্য লিখেছেন ইফফাত আরেফিন তন্বী। অভিনয়ে আছেন ইরফান সাজ্জাদ, জাকিয়া বারী মম, সাদিয়া আয়মান, ডলি জহুরসহ অনেকে। পরে নাটকটি দেখা যাবে লেজার ভিশন ইউটিউব চ্যানেলে। বৈশাখী টিভির পর্দায় আসবে শফিকুর রহমান শান্তনুর লেখা ‘জোছনায় ফেরা’। এতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, আইশা খান, দীপা খন্দকার প্রমুখ। 

নাটকটি পরবর্তী সময়ে প্রকাশ হবে লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে। অন্যদিকে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে আহমেদ তৌকীরের লেখা ‘প্রথম দেখার পর’। এতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, তানজিন তিশা, আবুল হায়াত ও ডলি জহুর। টিভি প্রচারের পর নাটকটি প্রকাশ পাবে জি সিরিজের ইউটিউব চ্যানেলে।

২৫ বছরের নির্মাণযাত্রা নিয়ে চয়নিকা চৌধুরীর কণ্ঠে ফিরে আসে সেই প্রথম দিনের স্মৃতি। তিনি বলেন, ‘সময় আসলে কত দ্রুত চলে যায়। মনে হচ্ছে, এই তো সেদিন ২০০১ সালের ১৮ সেপ্টেম্বর নির্মাতা হিসেবে প্রথম শুটিং করেছিলাম। অনেক ভয়ে ছিলাম। সেদিনের কথা মনে পড়লে আজও ভয় করে। দেখতে দেখতে ২৫ বছর হয়ে গেল।’

তাঁর কাছে নির্মাণ কেবল পেশা নয়, অনেকটা প্রার্থনার মতো। তাই রজতজয়ন্তী উপলক্ষে জাঁকজমকপূর্ণ কোনো আয়োজনের পথে হাঁটেননি তিনি; বরং যাদের ভালোবাসায় এতটা পথ পেরিয়ে এসেছেন, সেই দর্শকদের জন্যই গল্প বলার সিদ্ধান্ত নিয়েছেন। চয়নিকার ভাষায়, ‘নির্মাণ আমার কাছে প্রার্থনার মতো। রজতজয়ন্তী উপলক্ষে অনেকে বড় ধরনের আয়োজন করে। আমার মনে হয়েছে, এখনও সেই সময় হয়নি। মনে হলো নাটক বানাব। যে দর্শকের ভালোবাসায় নাটক বানিয়ে যাচ্ছি, তাদের জন্যই এই চারটি নাটক।’ এক দিনে চার নাটক–চয়নিকার কাছে তাই এটি শুধু ২৫ বছর পূর্তির আয়োজন নয়; বরং দীর্ঘ নির্মাণযাত্রার দর্শকদের প্রতি ভালোবাসার আরেকটি প্রকাশ।

আরও পড়ুন

×