অস্ট্রেলিয়ায় জেমসের ব্যস্ততা, সিডনির পর আজ মেলবোর্নে নগরবাউল
জেমস
আনন্দ প্রতিদিন প্রতিবেদক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ১২:১৮
সিডনির পর আজ অস্ট্রেলিয়ার মেলবোর্নে গাইবেন নন্দিত রকতারকা জেমস। সঙ্গে থাকবে তাঁর ব্যান্ড নগর বাউলের সদস্যরা। মেলবোর্নে আয়োজিত ‘সাউথ লাইভ ফেস্ট ২০২৬’-এ অংশ নিতে ব্যান্ড সদস্যদের নিয়ে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঞ্চলের জমকালো এই শহরে ছুটে গেছেন জেমস। সেখানে উইলিয়ামস টাউন হলের মঞ্চে দাঁড়িয়ে তিনি শোনাবেন তাঁর জনপ্রিয় গানগুলো।
জেমস জানান, অস্ট্রেলিয়া আগেও সফর করেছেন। দেখেছেন সেখানকার দর্শক-শ্রোতা বাংলা গান শোনার জন্য কতটা তৃষিত। তাই আজ ‘সাউথ লাইভ ফেস্ট ২০২৬’ গানে গানে সেই সব অনুরাগীদের সংগীতের তৃষ্ণা মেটানোর চেষ্টা করবেন।
এদিকে দুই মাসের ইউরোপ সফর শেষ করেই অস্ট্রেলিয়ায় ছুটে গেছেন জেমস ও নগর বাউল ব্যান্ডের সদস্যরা। গত ১২ সেপ্টেম্বর বাংলাদেশ ও ভারতের এই দুই রকস্টারকে জেমস ও রুপম ইসলামকে নিয়ে আয়োজিত ‘লাইভ ইন সিডনি’ কনসার্ট পারফর্ম করেন তিনি।
সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত কনসার্টটি স্থানীয়দের মাঝে দারুণ সাড়া ফেলেছিল। তার রেশ কাটতে না কাটতে ভক্তদের আহ্বানে সাড়া দিতে এই মেলবোর্ন সফর বলে জানান জেমস ও নগর বাউল ব্যান্ডের ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর রবিন।
তিনি আরও জানান, অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরে আরও কয়েকটি কনসার্টে অংশ নেবেন জেমস। পাশাপাশি শুরু করবেন নতুন গানের আয়োজন। যেগুলো একে একে ধারাবাহিকভাবে প্রকাশের পরিকল্পনা রয়েছে দেশসেরা এই রকস্টারের।