ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

সালমানের জন্মদিনে অতীত স্মৃতিতে ফিরলেন শাবনূর, জানালেন অনুরোধ

সালমানের জন্মদিনে অতীত স্মৃতিতে ফিরলেন শাবনূর, জানালেন অনুরোধ
×

সালমান শাহ ও শাবনূর। (পুরনো ছবি নতুন করে নির্মাণে এআইয়ের সহয়তা নেওয়া হয়েছে)

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:১৪ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:২২

ঢালিউডের ক্ষণজন্মা নায়ক সালমান শাহ। ১৯৭১ সালের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি। বিশেষ এই দিনে সহকর্মী ও শুভানুধ্যায়ীদের অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় এই নায়ককে স্মরণ করছেন। তাকে নিয়ে স্মৃতিচারণ করেছেন এক সময়ের জনপ্রিয় নায়িকা শাবনূরও।

সালমান শাহর মাত্র সাড়ে তিন বছরের ক্যারিয়ারে সবচেয়ে বেশি সিনেমায় জুটি বেঁধেছিলেন শাবনূর। পর্দায় তাদের রসায়ন দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়। এক পর্যায়ে ঢালিউডের অন্যতম সফল জুটি হিসেবে প্রতিষ্ঠিত হন তারা। তাই সালমান শাহর নাম উচ্চারিত হলেই শাবনূরের নামও উঠে আসে। সালমানের জন্মদিনে ফেসবুকে তাকে শুভেচ্ছা জানিয়েছেন শাবনূর। সেই সঙ্গে তাকে ঘিরে অতীত স্মৃতিতে ফিরলেন এই নায়িকা।

সালমানের তারকাখ্যাতির পাশাপাশি তার মানবিক গুণের কথাও স্মরণ করেছেন শাবনূর। তিনি লিখেছেন, ‘কত বছর পেরিয়ে গেল, অথচ ৯০-এর দশকের সেই সোনালী দিনগুলো আজও চোখের সামনে ভাসে। শুটিং সেটে তুমি শুধু একজন জনপ্রিয় নায়কই ছিলে না, ছিলে একজন অসাধারণ হৃদয়ের মানুষ।’

শাবনূরের ভাষ্য, ‘শুটিং ইউনিটের কর্মী কিংবা সাধারণ অভিনয়শিল্পী—কাউকে ছোট করে দেখতেন না সালমান। সবার খোঁজ নিতেন, প্রয়োজনের সময় পাশে দাঁড়াতেন এবং আপন করে যত্ন নিতেন। তার সুন্দর মন ও মানবিকতাই তাকে মানুষের হৃদয়ে আপন করে রেখেছে।’

পুরনো কোনো গান শুনলে কিংবা সালমানের কোনো সিনেমার দৃশ্য চোখে পড়লে সেই সময়ের স্মৃতি মনে পড়ে যায় বলেও জানান তিনি। শাবনূর লিখেছেন, ‘মনে হয়, তুমি যেন আবার ফিরে এসেছো সেই সোনালী দিনগুলোতে।’

পোস্টের শেষ দিকে সালমান শাহর জন্য সৃষ্টিকর্তার কাছে ক্ষমা ও জান্নাত প্রার্থনা করেন শাবনূর। পাশাপাশি প্রয়াত এই নায়ককে নিয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান তিনি।

শাবনূরের বিশেষ অনুরোধ, ‘প্রিয় সালমান শাহকে নিয়ে আমরা কেউ যেন কোনো ধরনের মিথ্যা অপবাদ, তুচ্ছ-তাচ্ছিল্য বা অসম্মানজনক মন্তব্য না করি। একজন প্রয়াত মহান শিল্পীর প্রতি আমাদের শ্রদ্ধা ও সম্মান সবসময় অটুট থাকুক। তার অমর স্মৃতিকে ভালোবাসা ও মর্যাদার সঙ্গেই হৃদয়ে ধরে রাখি।’

১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় সালমান শাহর। স্মার্টনেস ও ব্যক্তিত্ব দিয়ে অল্প সময়েই তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি।

সাড়ে তিন বছরের ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করেন এই নায়ক। মৌসুমীর সঙ্গে জুটি বেঁধে চলচ্চিত্রে যাত্রা শুরু করলেও পরবর্তী সময়ে শাবনূরের সঙ্গে তার জুটি দর্শকের কাছে বিশেষ জনপ্রিয়তা পায়। তাদের সিনেমা মুক্তি পেলেই প্রেক্ষাগৃহে দর্শকের ভিড় ছিল চোখে পড়ার মতো।

আরও পড়ুন

×