ঢাকা রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

৩ হাজার কোটি রুপির ‘ধুরন্ধর’কে হারিয়ে অস্কারের দৌড়ে ভারতের ‘গোন্ধল’

৩ হাজার কোটি রুপির ‘ধুরন্ধর’কে হারিয়ে অস্কারের দৌড়ে ভারতের ‘গোন্ধল’
×

‘গোন্ধল’ সিনেমার একটি দৃশ্য

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:৩৮ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:৪১

বলিউডের বড় বাজেটের সিনেমা ও বক্স অফিসের সফল সিনেমাগুলোকে পেছনে ফেলে অস্কারের দৌড়ে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে মারাঠি সিনেমা ‘গোন্ধল’। ৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসেবে ছবিটিকে নির্বাচিত করা হয়েছে।

সম্প্রতি ‘ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়া’ এ ঘোষণা দেয়।

সন্তোষ দাভাকর পরিচালিত থ্রিলারধর্মী সিনেমা ‘গোন্ধল’কে বেছে নিতে এবার বেশ কয়েকটি আলোচিত সিনেমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে। তালিকায় ছিল রণবীর সিং, সঞ্জয় দত্ত ও অক্ষয় খান্না অভিনীত আদিত্য ধর পরিচালিত স্পাই অ্যাকশন সিনেমা ‘ধুরন্ধর’। সিনেমাটি বক্স অফিসে প্রায় ৩ হাজার কোটি রুপির ব্যবসা করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া নিম কারোলি বাবার জীবন অবলম্বনে ড. বিশাল চতুর্বেদী পরিচালিত ‘হনুমান অংশ’, ফারহান আখতারের ‘১২০ বাহাদুর’, সানি দেওলের ‘বর্ডার ২’ এবং রাম চরণ অভিনীত ‘পেড্ডি’র মতো সিনেমাও অস্কারের দৌড়ে ছিল।

এবার মোট ৩৩টি ভারতীয় সিনেমা অস্কারের জন্য বিবেচনায় নেওয়া হয়। এর মধ্যে ১৪টি হিন্দি, চারটি মারাঠি, চারটি তেলুগু, চারটি গুজরাতি ও তিনটি তামিল ভাষার সিনেমা ছিল। পাশাপাশি মালয়ালম, নাগামিজ এবং একটি নির্বাক চলচ্চিত্রও তালিকায় জায়গা করে নেয়।

পি. শেষাদ্রি, বিজয় পাটকর, তন্নিষ্ঠা চট্টোপাধ্যায় ও বিবেক ভাসওয়ানিসহ বিশিষ্টদের নিয়ে গঠিত জুরি বোর্ড সিনেমাগুলো পর্যালোচনা করে ‘গোন্ধল’কে নির্বাচিত করে।

পরিচালক সন্তোষ দাভাকর এর আগেও আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য পেয়েছেন। ২০১৫ সালে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘সিলভার পিকক’ পুরস্কার জিতেছিলেন তিনি।

আগামী ২০২৭ সালের ১৪ মার্চ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে ৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মূল আয়োজন। এখন অস্কারের চূড়ান্ত মনোনয়ন ও পুরস্কার ঘোষণার দিকে তাকিয়ে থাকবেন ভারতের সিনেমাপ্রেমীরা। সূত্র: দ্য ওয়াল

আরও পড়ুন

×