সালমানের অসমাপ্ত সিনেমাগুলো কেন বিনা পারিশ্রমিকে করতে চেয়েছিলেন আমিন খান
সালমান শাহ ও আমিন খান
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:৩৯ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:৫০
চিত্রনায়ক সালমান শাহর আকস্মিক মৃত্যু ঢাকাই চলচ্চিত্রে তৈরি করেছিল গভীর শূন্যতা। প্রিয় সহকর্মীকে হারানোর সেই সময়ে সালমান শাহর অসমাপ্ত সিনেমাগুলো বিনা পারিশ্রমিকে শেষ করার ইচ্ছার কথা জানিয়েছিলেন চিত্রনায়ক আমিন খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সময়ের স্মৃতিচারণ করেছেন তিনি।
সালমান শাহর মৃত্যুর পর সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল—তার অসমাপ্ত সিনেমাগুলো বিনা শর্তে ও বিনা পারিশ্রমিকে শেষ করতে চেয়েছিলেন আমিন খান।
আমিন খান বলেন, ‘সালমান শাহ যেদিন আমাদের ছেড়ে চলে গেলেন, সেদিন আমি এফডিসিতে ছিলাম। সকালবেলা প্রযোজক ও পরিচালকদের যে কান্না দেখেছি, মনে হচ্ছিল তাদের সবকিছু শেষ হয়ে গেছে।’
সেই পরিস্থিতি থেকে সালমান শাহর অসমাপ্ত কাজগুলো শেষ করার চিন্তা এসেছিল বলে জানান আমিন খান। তিনি বলেন, ‘আমার মনে হচ্ছিল, আমি যদি অন্তত তাদের এই অসমাপ্ত কাজটা গল্প ঘুরিয়ে করা সম্ভব হলে, সালমানকে রেখে করা সম্ভব হলে করে দিই। অন্তত এই মানুষগুলো সারভাইভ করতে পারবেন।’
আমিন খান আরও বলেন, ‘তখন আমার মনে হয়েছে, যদি অসমাপ্ত কাজগুলো শেষ করতে পারতাম, তাহলে হয়তো আমার বন্ধুর আত্মা শান্তি পেত। এছাড়া সিনেমার সঙ্গে যারা ছিলেন তারা যে কষ্ট পেয়েছে, এই কষ্টটা যদি না থাকে, তাহলে তার আত্মা শান্তি পাবে—সেই থেকেই বলা।’

সালমান শাহর সঙ্গে তার একসঙ্গে সিনেমায় কাজের সুযোগ কম হলেও ব্যক্তিগতভাবে ঘনিষ্ঠতা ছিল বলেও জানান আমিন খান। তার ভাষায়, ‘যেহেতু একসঙ্গে বেশি ছবি করিনি তার সঙ্গে, কিন্তু একসঙ্গে অনেক গল্প করেছি, একসঙ্গে চলেছি। সেই থেকেই বলা।’
সালমান শাহর অসমাপ্ত সিনেমাগুলোর মধ্যে শেষ পর্যন্ত ‘স্বপ্নের নায়ক’ সিনেমায় কাজ করার সুযোগ হয়েছিল আমিন খানের। তিনি বলেন, ‘একটা সিনেমা করার সুযোগ হয়েছিল। সুযোগ মানে সেখানে স্কোপ ছিল গল্পটা সুন্দর করে আবার টার্ন করানোর। এজন্য একটা ছবিই করা সম্ভব হয়েছিল। স্বপ্নের নায়কটা। আরগুলো হয়তো গল্পের জন্য সম্ভব হয়নি।’
সালমান শাহর প্রতি শ্রদ্ধা জানিয়ে আমিন খান বলেন, ‘বন্ধু ভালো থাকুক, এটাই চাই সব সময়।’
- বিষয় :
- আমিন খান
- সালমান শাহ