ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

র‍্যাম্পে ঐশ্বরিয়া, কেউ কেউ বলছেন অন্তঃসত্ত্বা

র‍্যাম্পে ঐশ্বরিয়া, কেউ কেউ বলছেন অন্তঃসত্ত্বা
×

ঐশ্বরিয়া রাই বচ্চন। ছবি: ইন্সটাগ্রাম

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:৫৮ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ২০:১২

প্যারিস ফ্যাশন উইকের র‍্যাম্পে ফিরেছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। লরিয়াল প্যারিসের হয়ে র‍্যাম্পে হাঁটেন তিনি। সেখানে কেন্ডাল জেনার, সেলিন ডিওন, সিমোন অ্যাশলি, ইভা লঙ্গোরিয়া ও কারা ডেলেভিঞ্জের মতো আন্তর্জাতিক তারকারাও ছিলেন। তবে ঐশ্বরিয়ার উপস্থিতি প্রশংসা পাওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে শরীর নিয়ে কটাক্ষেরও শিকার হয়েছে।

র‍্যাম্পে ঐশ্বরিয়ার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর অনেকেই তার সাজ ও আত্মবিশ্বাসের প্রশংসা করেছেন। তবে কিছু সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী তাঁর শারীরিক গড়ন নিয়ে মন্তব্য করতে শুরু করেন। কেউ কেউ প্রশ্ন তোলেন, কেন তিনি এখনও ওজন কমাননি। এমনকি ওজন কমানোর জন্য তাঁকে ‘ওজেম্পিক’ ব্যবহারের পরামর্শও দেন কেউ কেউ।

ভারতীয় গণমাধ্যম নিউজ১৮-এর প্রতিবেদন অনুযায়ী, ঐশ্বরিয়ার র‍্যাম্পে হাঁটার ভিডিওতে করা মন্তব্যগুলোতে তাকে নিয়ে নানা ধরনের কটাক্ষ দেখা গেছে। কেউ প্রশ্ন করেছেন, তিনি কি অন্তঃসত্ত্বা? আবার কেউ তার মেকআপ ও চুলের ধরন নিয়েও বিদ্রূপ করেছেন। কয়েকজন তাকে ‘শ্রেক’-এর চরিত্র ফিওনার সঙ্গে তুলনা করেছেন। এমনকি র‍্যাম্পে হাঁটার জন্য অন্য কোনো মডেলকে কেন বেছে নেওয়া হয়নি—এমন মন্তব্যও করেছেন কেউ কেউ।

ঐশ্বরিয়াকে নিয়ে এমন মন্তব্যের ঘটনা নতুন নয়। এর আগে সন্তান জন্মের পর শরীরে পরিবর্তন আসায় অভিনেত্রী ক্যাটরিনা কাইফও সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের মুখে পড়েছিলেন।

ছেলে ভিহানের জন্মের পর আম্বানিদের গণেশপূজার অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ক্যাটরিনা। সেই সময় তাঁর শারীরিক গড়ন নিয়ে নানা মন্তব্য করেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের একাংশ। বিষয়টি নিয়ে ‘বিগ বস ২০’-এর এক পর্বে কথা বলেন সালমান খান।

সন্তান জন্মের পর নারীদের শরীরে স্বাভাবিক পরিবর্তন নিয়ে কটাক্ষের সমালোচনা করেন তিনি। তাঁর বক্তব্যকে ক্যাটরিনাকে ঘিরে চলা ট্রলের জবাব হিসেবে দেখেছিলেন অনেকে।

সালমানের ওই বক্তব্যের পর ক্যাটরিনার পাশে দাঁড়ান বলিউডের আরও কয়েকজন অভিনেত্রী। তাঁদের মধ্যে ছিলেন পরিণীতি চোপড়া ও রিচা চাড্ডা। এদিকে অভিনয়ের দিক থেকে ঐশ্বরিয়া রাই বচ্চনকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে মণি রত্নমের ‘পোন্নিয়িন সেলভান: ২’ সিনেমায়।

পোন্নিয়িন সেলভান: ২’ সিনেমায় তার সঙ্গে অভিনয় করেছেন বিক্রম, কার্থি, তৃষা কৃষ্ণন, জয়রাম, প্রভু, আর. শরৎকুমার, শোভিতা ধুলিপালা, ঐশ্বরিয়া লক্ষ্মী, বিক্রম প্রভু, প্রকাশ রাজ, রহমান ও আর পার্থিবানসহ আরও অনেকে। সূত্র: মিড ডে

আরও পড়ুন

×