শুক্রাণু সংগ্রহ-দুইবার আইভিএফে ব্যর্থ, বিয়ের আগের স্মৃতিচারণে অভিনেত্রী
স্বরা ভাস্কর। ছবি: ইন্সটাগ্রাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:৪৫
অভিনেত্রী স্বরা ভাস্করের ব্যক্তিজীবন নিয়ে আগ্রহ কম নয় অনুরাগীদের। সমাজকর্মী ও রাজনীতিবিদ ফাহাদ আহমেদের সঙ্গে বিয়ের পর তাদের কন্যাসন্তান নিয়ে বর্তমানে সংসার করছেন তিনি। তবে ফাহাদের সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে নিজের ভবিষ্যৎ নিয়ে ভিন্ন পরিকল্পনা করেছিলেন স্বরা।
সম্প্রতি ‘রাইস অ্যান্ড ফল সিজন ২’ রিয়েলিটি শোর মঞ্চে সহ-প্রতিযোগীদের সঙ্গে নিজের জীবনের এই অধ্যায় নিয়ে কথা বলেন স্বরা।
তিনি জানান, শুরুতে তিনি ভেবেছিলেন হয়তো তার আর বিয়ে হবে না। তাই বিয়ে না হলেও আইভিএফের মাধ্যমে একক মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এমনকি সেই পরিকল্পনা বাস্তবায়নে দুইবার আইভিএফ প্রক্রিয়াও সম্পন্ন করিয়েছিলেন অভিনেত্রী।

স্বরার ভাষায়, “আমি মনস্থির করে ফেলেছিলাম যে বিয়ে না হলেও আইভিএফের (ইন ভিট্রো ফার্টিলাইজেশন) মাধ্যমে বা একক মা হিসেবে সন্তান নেব। নিজের বাবা-মাকেও অনেক বুঝিয়ে এই সিদ্ধান্তের জন্য রাজি করিয়েছিলাম।”
স্বরা জানান, বিষয়টি শুধু পরিকল্পনার মধ্যে সীমাবদ্ধ ছিল না। একজন শুক্রাণু ডোনারের সাহায্য নিয়ে দুইবার আইভিএফ প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছিলেন তিনি। তবে দুর্ভাগ্যবশত, দুইবার সেই চেষ্টা ব্যর্থ হয়। ফলে গর্ভধারণ করতে পারেননি অভিনেত্রী।
২০২০ সালের জানুয়ারিতে স্বরার জীবনে আসেন ফাহাদ আহমেদ। নাগরিক আন্দোলন ও রাজনীতির সূত্রে তাদের পরিচয়। পরে সেই পরিচয় গড়ায় প্রেমে। দীর্ঘ সম্পর্কের পর ২০২৩ সালের ফেব্রুয়ারিতে রেজিস্ট্রি করে বিয়ে করেন তারা। পরে আনুষ্ঠানিকভাবেও বিয়ের আয়োজন করা হয়।
_1790754185.jpg)
বিয়ের কয়েক মাস পর স্বরা-ফাহাদের সংসারে আসে কন্যাসন্তান। ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর তাদের মেয়ের জন্ম হয়।
বর্তমানে স্বামী ফাহাদ ও মেয়েকে নিয়ে সংসার করছেন স্বরা। পাশাপাশি অভিনয় ও অন্যান্য কাজও চালিয়ে যাচ্ছেন তিনি। তবে ফাহাদের সঙ্গে সম্পর্কের আগে একক মা হওয়ার পরিকল্পনা এবং সেই লক্ষ্যে দুইবার আইভিএফ করানোর কথা জানিয়ে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। সূত্র: দ্য ওয়াল
- বিষয় :
- স্বরা ভাস্কর
- বলিউড