রাইড শেয়ারিং গাড়িতে ঘটা অস্বস্তিকর অভিজ্ঞতা জানালেন গায়িকা
শ্রিয়া রাও
সমকাল ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:০৪ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:০৮
রাইড শেয়ারিং গাড়িতে উঠে অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়েছেন পশ্চিমবঙ্গের গায়িকা-গীতিকার শ্রিয়া রাও। কয়েক দিন আগে ঘটে যাওয়া সেই অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন তিনি। তাঁর অভিযোগ, গাড়িতে ওঠার পর থেকেই চালক বারবার তাঁর পায়ের দিকে তাকাচ্ছিলেন। একপর্যায়ে অশ্লীল কথাও বলতে শুরু করেন।
শ্রিয়া জানান, শুরু থেকেই তিনি চালককে গাড়ির গতি কমানোর অনুরোধ করছিলেন। এতে চালক ক্ষুব্ধ হয়ে উল্টো আরও জোরে গাড়ি চালাতে শুরু করেন এবং তাঁকে গালিগালাজ করেন।
ইনস্টাগ্রামে নিজের সেই অভিজ্ঞতা তুলে ধরে অভিযুক্ত চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন শ্রিয়া। তাঁর আশঙ্কা, ওই চালকের কারণে ভবিষ্যতে আরও যাত্রী সমস্যায় পড়তে পারেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রিয়া লিখেছেন, ‘প্রথমদিকে গাড়িতে ওঠার সময় মুখের দিকে তাকিয়ে শুধু দেখছিল। তার কয়েক সেকেন্ড পরে পায়ের দিকে তাকাচ্ছিলেন। আমারও খুব অস্বস্তি বোধ হচ্ছিল। মনে হচ্ছিল একেবারে নিরাপদ নই। পরে পরিস্থিতি আরও খারাপ হতে থাকে।’
গায়িকার আরও দাবি, ‘চালক হঠাৎ গাড়ির গতি বাড়িয়ে দেওয়ায় শুধু নিজেকে শান্ত রাখার চেষ্টা করেছিলাম। বারবার মনে হয়েছিল এমন কিছু করবই না, যাতে পরিস্থিতি কোনোভাবে খারাপ হয়ে যায়। তাই মাথা ঠান্ডা রাখার চেষ্টা করেছি।’
একপর্যায়ে চলন্ত গাড়ি থেকে লাফিয়ে পড়ার কথাও ভেবেছিলেন শ্রিয়া। তবে তাতে পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারত বলে সেই সিদ্ধান্ত নেননি তিনি। ঘটনার পর অভিযুক্ত চালকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন এই গায়িকা।
- বিষয় :
- সংগীতশিল্পী
- রাইড শেয়ারিং