ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

বিজ্ঞাপন নিয়ে আইনি নোটিশের জবাব তিন অভিনেতার, এবার পরবর্তী পদক্ষেপ

বিজ্ঞাপন নিয়ে আইনি নোটিশের জবাব তিন অভিনেতার, এবার পরবর্তী পদক্ষেপ
×

অজয় দেবগন, শাহরুখ খান ও টাইগার শ্রফ

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:৩৪ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:৪৫

বিমল এলাচির বিজ্ঞাপন নিয়ে মহারাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) নোটিশের জবাব দিয়েছেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ। তাদের জবাব পাওয়ার পর বিষয়টি নিয়ে পরবর্তী পদক্ষেপের দিকে এগোচ্ছে কর্তৃপক্ষ।

এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, তিন অভিনেতার মধ্যে দুজন এফডিএর কাছে ব্যক্তিগত শুনানির আবেদন করেছিলেন। গতকাল তাদের সেই শুনানিও শেষ হয়েছে বলে জানিয়েছেন মহারাষ্ট্র এফডিএর কমিশনার তুকারাম মুন্ধে।

তিনি বলেন, ‘তিনজন অভিনেতার কাছ থেকে নোটিশের জবাব পাওয়া গেছে। তাদের মধ্যে দুজন শুনানির আবেদন করেছিলেন। গতকাল তাদের শুনানি শেষ হয়েছে। এখন আমরা পরবর্তী প্রক্রিয়ায় এগোচ্ছি।”

কয়েক সপ্তাহ আগে বিমল এলাচির একটি বিজ্ঞাপনে অভিনয় করার কারণে শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল মহারাষ্ট্র এফডিএ।

কর্তৃপক্ষের অভিযোগ, বিজ্ঞাপনটি পরোক্ষভাবে বা ‘সারোগেট অ্যাডভার্টাইজিং’-এর মাধ্যমে বিমল পানমসালা ব্র্যান্ডের প্রচার করছে। মহারাষ্ট্রে পানমসালা বিক্রি নিষিদ্ধ হওয়ায় বিজ্ঞাপনটি নিয়ে আপত্তি জানিয়েছে এফডিএ। নোটিশে তিন অভিনেতার কাছে বিজ্ঞাপনে তাদের ভূমিকা সম্পর্কে ব্যাখ্যা চাওয়া হয়। একই সঙ্গে তাদের বিরুদ্ধে কেন আইনি পদক্ষেপ নেওয়া হবে না, সেটিও জানতে চাওয়া হয়েছিল।

এফডিএ বিজ্ঞাপনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন নথিও চেয়েছে। এর মধ্যে ছিল অভিনেতাদের সঙ্গে করা চুক্তি, বিজ্ঞাপনের পরিকল্পনা, পারিশ্রমিকের তথ্য এবং বিজ্ঞাপনে যুক্ত হওয়ার আগে তাঁরা ব্র্যান্ড সম্পর্কে যথাযথভাবে খোঁজখবর নিয়েছিলেন কি না—তার প্রমাণ।

মহারাষ্ট্রে পান মসালা বিক্রি নিষিদ্ধ। খাদ্য নিরাপত্তা কমিশনারের নিষেধাজ্ঞার আদেশের ভিত্তিতেই এফডিএ বর্তমান পদক্ষেপ নিয়েছে বলে জানানো হয়েছে।

নোটিশ পাওয়ার পর অভিনেতাদের ১৫ দিনের মধ্যে লিখিত জবাব ও প্রয়োজনীয় নথি জমা দিতে বলা হয়েছিল। পাশাপাশি বিজ্ঞাপনটির প্রচারণায় তাদের ভূমিকা বন্ধ করার নির্দেশও দেওয়া হয়। সূত্র: আউটলুক ইন্ডিয়া

আরও পড়ুন

×