সংগীতশিল্পী লুইপার বিরুদ্ধে শিডিউল ফাঁসানোর অভিযোগ
জিনিয়া জাফরিন লুইপা। ছবি:সংগৃহীত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ২৩:২০
শিশু-কিশোরদের নিয়ে আয়োজিত মিউজিক্যাল রিয়েলিটি শো ‘আরটিভি লিটল স্টার’-এর দ্বিতীয় সিজনের শুটিংয়ে অংশ নিয়ে মাঝপথে সরে দাঁড়ানোর অভিযোগ উঠেছে সংগীতশিল্পী জিনিয়া জাফরিন লুইপার বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার পর হঠাৎ করে তিনি পরবর্তী শুটিংয়ে অংশ নিতে পারবেন না বলে আয়োজকদের জানিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ ঘটনায় ‘আরটিভি লিটল স্টার সিজন-২’-এর শুটিং ও পরবর্তী কার্যক্রম নিয়ে কিছুটা জটিলতা তৈরি হয়েছে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।
‘আরটিভি লিটল স্টার’-এর প্রথম সিজনেও বিচারকের দায়িত্ব পালন করেছিলেন লুইপা। চলতি সিজনে বরেণ্য সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ ও সানিয়া সুলতানা লিজার সঙ্গে বিচারকের দায়িত্ব পালন করছিলেন তিনি। দ্বিতীয় সিজনের শুরু থেকেই প্রোমো শুট, পোস্টার শুট ও প্রাথমিক বাছাইসহ বিভিন্ন কার্যক্রমে তিনি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। এসব কার্যক্রমের প্রচারণাও নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন এই সংগীতশিল্পী।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, দ্বিতীয় সিজনের পরিকল্পনা, শুটিংয়ের সময়সূচি ও অন্যান্য বিষয় সম্পর্কে অবগত হয়েই লুইপা অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছিলেন। এ সময় তিনি অগ্রিম পারিশ্রমিকও গ্রহণ করেন বলে দাবি আয়োজকদের।গত ২৭ সেপ্টেম্বর আরটিভির বেঙ্গল ষ্টুডিওতে স্টুডিও অডিশন রাউন্ডের শুটিংয়ে অংশ নেন লুইপা। শুটিং শেষে আয়োজকদের তিনি জানান, যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন এবং পরদিনই দেশটিতে চলে যাবেন। ফলে ‘লিটল স্টার সিজন-২’-এর পরবর্তী শুটিং ও কার্যক্রমে তার পক্ষে অংশ নেওয়া সম্ভব হবে না।
হঠাৎ করে এমন সিদ্ধান্তের কথা জানানোয় পরবর্তী শুটিংয়ের পরিকল্পনা নিয়ে আয়োজকদের মধ্যে জটিলতা তৈরি হয়েছে বলে জানা গেছে। বিশেষ করে শিশু-কিশোর প্রতিযোগী, তাদের অভিভাবক, স্পন্সর এবং অনুষ্ঠান সংশ্লিষ্টদের বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন করে পরিকল্পনা করতে হচ্ছে বলে জানান আয়োজক কর্তৃপক্ষ।
আয়োজকদের পক্ষ থেকে লুইপাকে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জন্য বোঝানোর চেষ্টা করা হয়েছিল বলেও জানা গেছে। তবে যুক্তরাষ্ট্রে যাওয়ার সিদ্ধান্তে তিনি অটল ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।
এ বিষয়ে সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘কিছুটা তো সমস্যা হবেই আয়োজনে। এর সঙ্গে অনেক মানুষের পরিকল্পনা ও প্রস্তুতি জড়িয়ে থাকে। কোনো কমিটমেন্ট সুনির্দিষ্ট কারণ ছাড়া ভাঙা উচিত নয়। হয়তো তাঁরও অন্যজায়গায় কমিটমেন্ট ছিল। তবে এ ধরনের কোনো সিদ্ধান্ত থাকলে আরটিভি কর্তৃপক্ষকে আগে থেকেই অবহিত করা উচিত ছিল।’ এদিকে লুইপার আকস্মিকভাবে সরে দাঁড়ানোর কারণে ‘আরটিভি লিটল স্টার সিজন-২’-এর পরবর্তী কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, তা নিয়ে আলোচনা করছে আরটিভি কর্তৃপক্ষ। প্রয়োজনে নতুন বিচারক যুক্ত করা হবে কি না, নাকি অন্য কোনোভাবে শুটিংয়ের পরিকল্পনা করা হবে—এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানানো হতে পারে। অভিযোগের বিষয়ে লুইপার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর মুঠোফোন বন্ধ থাকায় কোন বক্তব্য পাওয়া যায়নি।
- বিষয় :
- সংগীতশিল্পী
- গান