ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

তরুণীকে দলবদ্ধ যৌন নিপীড়ন মামলা, প্রতিবাদের পর পিউয়ের নতুন অভিযোগ

তরুণীকে দলবদ্ধ যৌন নিপীড়ন মামলা, প্রতিবাদের পর পিউয়ের নতুন অভিযোগ
×

ফ্লোরেন্স পিউ। ছবি: শাটারস্টক

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬ | ১৭:৩১ | আপডেট: ০১ অক্টোবর ২০২৬ | ১৭:৩৬

মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় কর্নেল বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থীর করা যৌন নিপীড়নের মামলাকে কেন্দ্র করে কথা বলেছেন হলিউড অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। একই সঙ্গে বিষয়টি নিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করার পর সেটি প্রকাশে বাধা দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেছেন তিনি।

নেটফ্লিক্সের সিরিজ ‘ইস্ট অব ইডেন’-এর প্রচারে ব্যস্ত ফ্লোরেন্স সম্প্রতি ‘দ্য ভিউ’ অনুষ্ঠানে মামলাটি নিয়ে কথা বলেন। তিনি জানান, বিষয়টি নিয়ে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট করেছিলেন। তবে সেটি প্রকাশ করা সম্ভব হয়নি। পরে টেলিভিশন অনুষ্ঠানে বিষয়টি নিয়ে সরাসরি কথা বলার সুযোগ পেয়ে স্বস্তি প্রকাশ করেন অভিনেত্রী।

ফ্লোরেন্স বলেন, ‘আমি একজন নারী এবং বিষয়টি সব নারীর ওপরই প্রভাব ফেলে। ধর্ষণের ভয় আমাদের শরীরের ভেতরেই থাকে। যখন এ ধরনের ঘটনা সামনে আসে, কিন্তু আপনি যেভাবে বিষয়টি গুরুত্ব পাবে বলে আশা করেন, সেভাবে না পেলে আমার ভয় লাগে, উদ্বিগ্ন লাগে এবং প্রচণ্ড রাগ হয়।’

তিনি আরও বলেন, নিজের কাজের কারণে কথা বলার একটি প্ল্যাটফর্ম পেয়েছেন—এ জন্য তিনি ভাগ্যবান। তাই মামলাটি নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে চেয়েছিলেন। তবে ইনস্টাগ্রামে সেই পোস্ট আটকে দেওয়ার ঘটনাকে ‘আরেকটি ধাক্কা’ হিসেবে উল্লেখ করেন তিনি।

ফ্লোরেন্স পিউ। ছবি: এল ডটকম

ফ্লোরেন্সের ভাষায়, ‘নারীরা যখন এসব ঘটনার মধ্য দিয়ে যায় এবং তা নিয়ে কথা বলতে পারে না, তখন তাদের কণ্ঠও আটকে দেওয়া হয়—এটিও আরেকটি ধাক্কা। যত দিন পর্যন্ত নারীদের বিরুদ্ধে এ ধরনের কাজ করা ব্যক্তিদের আরও কঠোরভাবে জবাবদিহির আওতায় আনা না হচ্ছে, তত দিন এ আলোচনা চলতেই থাকবে।’

গত ১৬ সেপ্টেম্বর নিউইয়র্ক সুপ্রিম কোর্টে মামলাটি করেন বিশ্ববিদ্যালয়টির এক সাবেক শিক্ষার্থী। মামলায় উইনস্টন লি, স্কট ক্রেটশমার, স্কট নরিস, ম্যাথিউ ইংলস, জনাথন নিউয়েল, জিলিও লোপেজ ও দিয়েগো সারাবিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালে ওই শিক্ষার্থী কর্নেলের চি ফাই ভ্রাতৃসংগঠনের একটি বাড়িতে বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেখানে দুই ব্যক্তি তাকে একটি পদার্থ গ্রহণ করতে চাপ দেন বলে অভিযোগ করা হয়েছে। এরপর তিনি মাদকাসক্ত অবস্থায় ছিলেন বলে মামলায় উল্লেখ করা হয়।

মামলায় আরও অভিযোগ করা হয়, অচেতন অবস্থায় একাধিক ব্যক্তি তার সম্মতি ছাড়া যৌন সম্পর্কে জড়ান।

ফ্লোরেন্স পিউ। ছবি: সামথিং অ্যাবাউট রক্স

অভিযোগকারীর আইনজীবী থমাস জিফ্রার দাবি, অভিযুক্ত সাতজনের মধ্যে মাত্র দুজনকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছিল। অন্য কয়েকজনের বিরুদ্ধে তুলনামূলক কম কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। এমনকি তাদের কাউকে কাউকে প্রবন্ধ লেখার মতো শাস্তিও দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি। অভিযুক্ত সাতজনের কাউকেই গ্রেপ্তার করা হয়নি।

এদিকে কর্নেল বিশ্ববিদ্যালয় জানিয়েছে, তারা নিজেদের নীতিমালা অনুযায়ী অভিযোগগুলোর তদন্ত ও বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করেছে। ২১ সেপ্টেম্বর দেওয়া এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয় যৌন সহিংসতার নিন্দা করে জানায়, এ ধরনের ঘটনা তাদের নীতির সঙ্গে মৌলিকভাবে অসঙ্গতিপূর্ণ।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আরও বলা হয়েছে, তাদের অফিস অব সিভিল রাইটস এবং অফিস অব স্টুডেন্ট কন্ডাক্ট অ্যান্ড কমিউনিটি স্ট্যান্ডার্ডস বিষয়টি পরিচালনা করেছে। তবে শিক্ষার্থীদের গোপনীয়তা রক্ষায় ফেডারেল আইন থাকায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে নেওয়া অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো সম্ভব নয়। সূত্র: হিন্দুস্থান টাইমস

আরও পড়ুন

×