প্রেম-অ্যাকশন-রহস্যে শাকিবের ‘মহব্বত’, পোস্টার প্রকাশ করে মুক্তির দিন ঘোষণা
‘মহব্বত’ সিনেমর পোস্টার
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬ | ২০:০৭ | আপডেট: ০১ অক্টোবর ২০২৬ | ২০:১০
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানকে নিয়ে নতুন সিনেমা নির্মাণ করছেন ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’খ্যাত নির্মাতা হিমেল আশরাফ। নাম ‘মহব্বত’। বৃহস্পতিবার সন্ধ্যায় সিনেমাটির টাইটেল এনাউন্সমেন্টের পাশাপাশি প্রকাশ করা হয়েছে প্রথম পোস্টার।
পোস্টারে দেখা যায়, কালো পোশাকে এক পুরুষের সঙ্গে সাদা পোশাকে এক নারী। পুরুষের হাতে রয়েছে আগ্নেয়াস্ত্র, পরনে কালো লম্বা কোট। অন্যদিকে সাদা পোশাক পরা নারীটির সঙ্গে উড়ছে লাল ওড়না। পোস্টারের চারপাশে ছড়িয়ে আছে গুলির খোসা ও রক্তের ছাপ। এক পাশে দেখা গেছে রক্তমাখা একটি গাড়ির অংশও। সব মিলিয়ে ‘মহব্বত’-এর প্রথম পোস্টারে ভালোবাসার পাশাপাশি অ্যাকশন ও রহস্যের আবহ ফুটে উঠেছে।
পোস্টারে থাকা নারী চরিত্রটি কে, তা এখনো জানানো হয়নি। সিনেমায় শাকিব খানের বিপরীতে কে অভিনয় করবেন, সেটিও ঘোষণা করা হয়নি। ফলে নায়িকা নিয়ে রহস্য আপাতত থাকছেই।
গত কয়েক বছরে শাকিব খানকে অ্যাকশনধর্মী চরিত্রে বেশি দেখা গেছে। ‘তুফান’, ‘তাণ্ডব’, ‘বরবাদ’ ও ‘প্রিন্স’-এ ভিন্ন ভিন্ন অ্যাকশন অবতারে পর্দায় হাজির হয়েছেন তিনি। সর্বশেষ কোরবানির ঈদে ‘রকস্টার’ সিনেমায় গায়ক চরিত্রেও দর্শকদের সামনে এসেছেন এই অভিনেতা। এবার ‘মহব্বত’-এ প্রেম ও অ্যাকশনের মিশেলে নতুনভাবে দেখা যাবে তাকে।
‘মহব্বত’ প্রযোজনা করছেন আরশাদ আদনান। দুই বছরেরও বেশি সময় পর হিমেল আশরাফ ও আরশাদ আদনানের সিনেমায় ফিরছেন শাকিব খান। এর আগে এই জুটির ‘প্রিয়তমা’ দর্শকদের মধ্যে সাড়া ফেলেছিল। ‘মহব্বত’ দিয়ে তাদের নতুন কাজ নিয়ে এরই মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।
সিনেমাটির নাম ঘোষণা ও পোস্টার প্রকাশ করে নির্মাতা হিমেল আশরাফ লিখেছেন, ‘কখনো কখনো ভালোবাসার জন্য মূল্য চোকাতে হয়; কখনো এটি প্রতিজ্ঞা আর কখনো এক লড়াই। ‘মহব্বত’, এক নতুন গল্পের নতুন যাত্রার শুরু।’
নামের সঙ্গে সিনেমাটির মুক্তির সময়ও জানানো হয়েছে। আগামী বছরের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘মহব্বত’।
- বিষয় :
- শাকিব খান
- নতুন সিনেমা