‘কাজরা রে ২.০’তে রাজি অভিষেক, বাবা-স্ত্রীকে নিয়ে দিলেন বিশেষ শর্ত
অমিতাভ বচ্চন, ঐশ্বরিয়া রায় ও অভিষেক বচ্চন। ( মূল ছবিটির সঙ্গে এআইয়ের সহযোগিতা নেওয়া হয়েছে)
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬ | ১৭:২০ | আপডেট: ০৩ অক্টোবর ২০২৬ | ১৭:২৫
এক গানে তিন তারকা, সঙ্গে শুটিংজুড়ে ছিল উৎসবের আমেজ। ২০০৫ সালে মুক্তি পাওয়া ‘বন্টী অউর ববলী’র ‘কজরা রে’ গানটি অভিষেক বচ্চনের ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় কাজ। বাবা অমিতাভ বচ্চন ও স্ত্রী ঐশ্বরিয়া রায় বচ্চনের সঙ্গে সেই গানের শুটিংয়ের অভিজ্ঞতা আজও অভিনেতার মনে উজ্জ্বল।
দর্শকপ্রিয় সেই গানটির নতুন সংস্করণ ‘কাজরা রে ২.০’ হলে তাতেও অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছেন অভিষেক। তবে এ ক্ষেত্রে রয়েছে তার একটি বিশেষ শর্ত।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘কজরা রে’র শুটিংয়ের স্মৃতি নিয়ে কথা বলেন অভিষেক। তিনি জানান, গানটির শুটিংয়ের সময় কোনো নিখুঁতভাবে পরিকল্পিত কোরিওগ্রাফির ওপর জোর দেওয়া হয়নি। বরং প্রায় চার ঘণ্টা ধরে সেটে চলেছিল এক বিশাল ডান্স পার্টি।
অভিষেক বলেন, “কাজরা রে’র মতো অন্য কোনো গানের শুটিং করে এতটা মজা পেয়েছি কি না জানি না। বিশাল যেন একটা পার্টি চলেছিল। আমরা ভীষণ উপভোগ করেছিলাম। এখনো মনে আছে, আমরা শুটিং করছিলাম আর সেদিন আমার জন্মদিন ছিল। একইসঙ্গে উদ্যাপন করা হয়েছিল।”
অভিনেতার ভাষ্য, গানটির পরিচালক শাদ আলী শুটিংয়ের সময় বেশ ভিন্ন পদ্ধতি অনুসরণ করেছিলেন। তিনি গানটি চালিয়ে দেন এবং অভিষেক, অমিতাভ ও ঐশ্বর্যাকে নিজেদের মতো করে নাচতে দেন। প্রায় চার ঘণ্টা ধরে চলা সেই ‘ডান্স পার্টি’র নানা মুহূর্ত ক্যামেরাবন্দী করেন পরিচালক।

অভিষেক বলেন, “শাদ যা করেছিল! ও গানটা চালিয়ে দিয়েছিল। আর প্রায় চার ঘণ্টা ধরে আমরা শুধু ‘ডান্স পার্টি’ করেছি। সেই সময়ে আমাদের মজা করা, সেটে একেবারে পাগলামি করা—এর অনেকটাই শাদ শুট করেছিল এবং পরে সেই দৃশ্যগুলিই গানের মধ্যে ব্যবহার করেছিল।”
‘কজরা রে ২.০’ তৈরি হলে তিনি অভিনয় করবেন কি না—সাক্ষাৎকারে এমন প্রশ্নের মুখে অভিষেকের উত্তর, “আমি সানন্দে এই প্রস্তাব গ্রহণ করব। আমি এককথায় রাজি। তবে তার জন্য ঐশ্বরিয়া আর আমার বাবাকে রাজি করাতে হবে।”
২০০৫ সালে মুক্তি পাওয়া ‘বান্টি অউর বাবলি’ সিনেমার ‘কাজরা রে’ গানে একসঙ্গে দেখা গিয়েছিল অমিতাভ, অভিষেক ও ঐশ্বর্যাকে। শঙ্কর-এহসান-লয়ের সুরে, গুলজারের কথায় এবং অলীশা চিনায়, শঙ্কর মহাদেবন ও জাভেদ আলীর কণ্ঠে তৈরি গানটি মুক্তির পর ব্যাপক জনপ্রিয়তা পায়। সূত্র: এনডিটিভি
- বিষয় :
- অভিষেক বচ্চন
- অমিতাভ বচ্চন
- ঐশ্বরিয়া রায়