নাম বদলে ছাড়পত্র পেল সালমানের ‘মাতৃভূমি’, মুক্তি কবে
‘মাতৃভূমি’ সিনেমার টিজারে সালমান খান
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬ | ১৮:৩৩ | আপডেট: ০৩ অক্টোবর ২০২৬ | ১৮:৩৯
অবশেষে মুক্তির জন্য ভারত সরকারের কাছ থেকে ছাড়পত্র পেয়েছে সালমান খানের সিনেমা ‘মাতৃভূমি’। সবকিছু ঠিক থাকলে আগামী মাসেই প্রেক্ষাগৃহে আসতে পারে সিনেমাটি। ‘মাতৃভূমি’ সিনেমাটি প্রথমে ‘ব্যাটল অব গালওয়ান’ নামে ঘোষণা করা হয়েছিল। পরে নাম পরিবর্তন করে রাখা হয় ‘মাতৃভূমি’।
২০২০ সালে ভারত ও চীনের মধ্যে সংঘাতের ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমাটি দীর্ঘদিন ধরে সরকারি অনুমোদনের অপেক্ষায় ছিল। সেই জট এবার খুললো।
বলিউড হাঙ্গামার বরাত দিয়ে এনডিটিভির খবরে বলা হয়েছে, সিনেমাটির বিষয়বস্তু ও চীনের প্রসঙ্গ নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় আগে আপত্তি জানিয়েছিল। বিশেষ করে নয়াদিল্লি ও বেইজিংয়ের মধ্যকার সম্পর্কের উন্নতির বিষয়টি বিবেচনায় নিয়ে সিনেমাটি নিয়ে কিছু সংশোধনের প্রয়োজন হয়। এ কারণে মুক্তিও পিছিয়ে যায়।
প্রতিবেদনটির একটি সূত্রের দাবি, গত সপ্তাহে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সিনেমাটির নতুন সংস্করণে অনুমোদন দিয়েছে।
সূত্রটি বলেছে, ‘নির্মাতারা ‘মাতৃভূমি’র যে নতুন সংস্করণ জমা দিয়েছেন, তাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তারা সন্তুষ্ট। তাই গত সপ্তাহে সিনেমাটিকে এনওসি (অনাপত্তিপত্র) দেওয়া হয়েছে। এর ফলে এখন সিনেমাটি দর্শকদের জন্য মুক্তি দেওয়ার প্রক্রিয়া এগিয়ে নেওয়া যাবে।’
প্রতিবেদন অনুযায়ী, সালমান খান সিনেমাটির জন্য ১৩ নভেম্বর মুক্তি পেতে পারে। দীপাবলির পরের সময়টিকে সিনেমাটির মুক্তির জন্য উপযুক্ত মনে করছেন বলিউড ভাইজান।
‘মাতৃভূমি’ পরিচালনা করেছেন অপূর্ব লাখিয়া। সিনেমাটিতে সালমান খানের সঙ্গে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং।
এদিকে সালমান খানের হাতে রয়েছে আরও একটি সিনেমা। ভামশি পেইডিপল্লির পরিচালনায় নির্মিত সেই সিনেমাটির নাম এখনো চূড়ান্ত হয়নি। আপাতত ‘এসভিসি-৬৩’ নামে পরিচিত সিনেমাটিতে সালমানের সঙ্গে অভিনয় করছেন নয়নতারা। সূত্র: এনডিটিভি
- বিষয় :
- সালমান খান
- বিনোদন