ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

‘নাটক -সিনেমার চেয়ে থিয়েটার এখনও এগিয়ে’

‘নাটক -সিনেমার চেয়ে থিয়েটার এখনও এগিয়ে’
×
×

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২০ | ২৩:৫৭ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২০ | ০০:৪৮

হৃদি হক। অভিনেত্রী, নির্দেশক। মঞ্চ ও ছোট পর্দায় কাজ করছেন নিয়মিত। অনুদানের ছবি '১৯৭১ সেইসব দিন'-এর প্রি-প্রোডাকশনের কাজে ব্যস্ত সময় কাটছে। নতুন ছবিসহ অন্যান্য প্রসঙ্গে কথা হলো তার সঙ্গে-

অনেক শব্দ পাচ্ছি, শুটিংয়ে নাকি?

না, এখনও শুটিং শুরু করিনি। নিজ অফিসে অনুদানের ছবি '১৯৭১ সেইসব দিন'-এর জন্য শিল্পীদের অডিশন নিচ্ছি।

ছবির কাজ কবে শুরু করতে যাচ্ছেন?

ছবির কাজ তো শুরু করেছিলাম। করোনার কারণে বন্ধ ছিল। আগামী মাসেই শুটিংয়ে যাওয়ার পরিকল্পনা করছি। ঢাকার বিভিন্ন লোকেশনে এর শুটিং শুরু হবে। অডিশন পর্ব প্রায় শেষ। অবশ্য পরীমনি, সুদীপ বিশ্বাস দীপসহ অনেক শিল্পী এরই মধ্যে চূড়ান্ত হয়েছে। মুক্তিযুদ্ধের ৯ মাস তুলে ধরার জন্য অনেক চরিত্র থাকবে এখানে। অল্প বাজেটে পিরিয়ডিক ফিল্ম তুলে ধরা কঠিন। নানা সীমাবদ্ধতা নিয়েও আমরা চেষ্টা করে যাচ্ছি।

বর্তমানে ব্যস্ততা কী নিয়ে?

ছবির কাজেই বেশি সময় দিচ্ছি। এ কারণে বাকি সব কাজ আপতত বন্ধ। 'আমি' নামে একটি ধারাবাহিকের স্ট্ক্রিপ্টের কাজ করছি। ছবির কাজ শেষ হলেই এটি শুরু করব।

থিয়েটারের সংকট ও সম্ভাবনাকে কীভাবে দেখেন?

টেলিভিশন আমাদের ঐতিহ্যের একটা জায়গা ছিল, সেখানে এখন আমরা নেই। সিনেমার অবস্থাও সন্তোষজনক নয়। আমাদের যত মাধ্যম আছে তার মধ্যে থিয়েটার সবচেয়ে এগিয়ে। আমি বিশ্বাস করি, থিয়েটারে আমাদের একটা ভালো অবস্থান আছে। ভাবনা ও প্রকাশের জায়গায় আমরা অনেক এগিয়ে কিন্তু মঞ্চ সংকটের কারণে দর্শক তৈরি করতে পারছি না। তবে আমাদের সামাজিক ও সব দলেরই ছোটোখাটো কিছু সমস্যা আছে। পাশাপাশি কারিগরি অনেক সমস্যা আছে।

আপনার ভালো লাগায় নিজেকে কোথায় খুঁজে পান?

আমি যখন মঞ্চে থাকি বা মঞ্চে গিয়ে দাঁড়াই কিংবা মহড়া কক্ষে যখন যাই, তখন যে আনন্দ পাই এই আনন্দ আমি অন্য কোনো আনন্দের সঙ্গে তুলনা করতে পারি না। থিয়েটার আমাকে ভীষণ আনন্দ দেয়। থিয়েটারের প্রতিটা মুহূর্তই আনন্দের।

নির্দেশনা নিয়ে আপনার স্বপ্ন কী?

সবকিছু নিয়েই ভীষণ স্বপ্ন দেখি। আমার নানা রকমের স্বপ্ন থাকে। আমি স্বপ্নের ভাবনা ততদিন নিজের মধ্যে রেখে দিতে পছন্দ করি, যতদিন স্বপ্নটা বাস্তবে সবার সামনে তুলে ধরতে না পারি। স্বপ্নটুকু আমার থাক, বাস্তবতা আমি সবাইকে দেখাব।

আরও পড়ুন

×