ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

‘মোমেন্টস উইথ লিজেন্ডস’-এ গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

‘মোমেন্টস উইথ লিজেন্ডস’-এ গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা
×
×

ছবি: সংগৃহীত

অনিন্দ্য মামুন, টরন্টো (কানাডা) থেকে

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬ | ১৩:৩১ | আপডেট: ০৪ অক্টোবর ২০২৬ | ১৪:০৩

কানাডার টরন্টোতে বসতে যাচ্ছে বিশেষ সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। আগামী ১৪ নভেম্বর নর্থ ইয়র্কের টরন্টো প্যাভিলিয়নে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এতে মঞ্চ মাতাবেন বাংলাদেশের বরেণ্য রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। একই মঞ্চে নৃত্য পরিবেশন করবেন জনপ্রিয় নৃত্যশিল্পীজুটি শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপা।

আয়োজনে অংশ গ্রহণ বিষয়ে  রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, ‘গত বছরও টরন্টোতে গাইছিলাম আমি। সে সময় দারুণ সাড়া পেয়েছি। এবারও সবার ভালোবাসায় ফের গাইতে টরন্টোতে যাচ্ছি। আমার বিশ্বাস এবারের আয়োজনেও দারুণ সাড়া পাবো। ইতোমধ্যে বাংলাদেশি কমিউনিটি ছাড়াও অন্য কমিউনিটির মানুষদের মধ্যেও আয়োজনটি নিয়ে বেশ আগ্রহ দেখতে পাচ্ছি।’

অনুষ্ঠানে রেজওয়ানা চৌধুরী বন্যার গান আর শিবলী-নিপা জুটির নাচের সঙ্গে থাকছে জোনায়েদ আনোয়ারের অসাধারণ দোতরা এবং জাহাঙ্গীর হোসেনের মনোমুগ্ধকর বাঁশি। নাহিদ নাসরিন নয়ন ও গ্যালিয়ানো কনসার্ট সোসাইটি আয়োজিত পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন উপস্থাপিকা ফারহানা আহমেদ এবং অজন্তা চৌধুরী। 

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে  এতে বন্যার সঙ্গে বাঁশি, সেতার, পিয়ানো, চেলো ও তবলার অনন্য সমন্বয় ঘটাবেন বিদেশি সব যন্ত্রশিল্পীরা।  

অনুষ্ঠানের আয়োজক নৃত্যশিল্পী নাহিদ নাসরীন নয়ন বলেন, ‘প্রবাসের ব্যস্ত জীবনে বাংলা সংস্কৃতির শিকড়ে ফিরে যাওয়ার এক অনন্য আয়োজন মোমেন্টস উইথ লিজেন্ডস। এ সুযোগ সত্যিই বিরল। এ সন্ধ্যাটি সবার হৃদয়ে চিরদিনের জন্য স্মৃতি হয়ে থাকবে। আশা করছি আপনারা সবাই দলবেধে আমাদের অনুষ্ঠান উপভোগ করতে আসবেন।’

অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, অনুষ্ঠানের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে তিনটি ক্যাটাগরিতে। ভিভিআইপি টিকিটের মূল্য ১০০ কানাডিয়ান ডলার, ভিআইপি ৬০ ডলার এবং রেগুলার টিকিট ৪০ ডলার। ইভেন্টব্রাইটের মাধ্যমে টিকিট বুকিং করা যাবে। পাশাপাশি ই-ট্রান্সফারের মাধ্যমেও টিকিট সংগ্রহের সুযোগ থাকছে।
 

আরও পড়ুন

×