‘পুষ্পক বিমান’খ্যাত পরিচালক মারা গেছেন
সিঙ্গীতম শ্রীনিবাস রাও
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬ | ১৮:১২
ভারতীয় পরিচালক, চিত্রনাট্যকার ও সুরকার সিঙ্গীতম শ্রীনিবাস রাও মারা গেছেন। শনিবার ৯৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।
ভারতীয় চলচ্চিত্রে ছয় দশকের বেশি সময় ধরে নিজের স্বতন্ত্র ধারা তৈরি করেন তিনি। বিশেষ করে ‘পুষ্পক বিমান’, ‘আদিত্য ৩৬৯’ ও ‘ময়ূরী’র মতো সিনেমা নির্মাণ করে ব্যাপক প্রশংসা কুড়ান তিনি।
প্রবীণ পরিচালক কেভি রেড্ডীর সঙ্গে কাজের মধ্য দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করেছিলেন সিঙ্গীতম। ১৯৫৭ সালে মুক্তি পাওয়া তেলুগু সিনেমা ‘মায়াবাজার’-এর সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। পরে নিজে পরিচালনায় আসেন এবং দীর্ঘ কর্মজীবনে ৬০টির বেশি সিনেমা নির্মাণ করেন।
কমেডি, কল্পবিজ্ঞান, ফ্যান্টাসি ও ড্রামা—বিভিন্ন ঘরানার সিনেমায় কাজ করেছেন সিঙ্গীতম। প্রতিটি ক্ষেত্রেই তার নির্মাণশৈলীর স্বতন্ত্র ছাপ ছিল।
১৯৮৫ সালে মুক্তি পাওয়া ‘ময়ূরী’ তার উল্লেখযোগ্য কাজগুলোর একটি। নৃত্যশিল্পী সুধা চন্দ্রনের জীবন অবলম্বনে নির্মিত সিনেমাটি দর্শকের প্রশংসা পাওয়ার পাশাপাশি একাধিক পুরস্কারও অর্জন করে।
এর দুই বছর পর, ১৯৮৭ সালে মুক্তি পায় ‘পুষ্পক বিমান’। কমল হাসন অভিনীত এই ডার্ক কমেডি সিনেমাটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল—এতে কোনো সংলাপ ছিল না। নির্বাক যুগের সিনেমার প্রতি এক ধরনের শ্রদ্ধার্ঘ্য হিসেবেই নির্মাণ করা হয়েছিল ছবিটি।
‘পুষ্পক বিমান’-এর পর কমল হাসনের সঙ্গে সিঙ্গীতমের জুটি আরও কয়েকটি উল্লেখযোগ্য সিনেমা উপহার দেয়। তাঁদের কাজের মধ্যে রয়েছে ‘অপূর্ব সগোদরার্গল’ ও ‘মাইকেল মদন কামরাজন’।
তেলুগু সিনেমায় সিঙ্গীতমের অন্যতম পরিচিত কাজ ‘আদিত্য ৩৬৯’। কল্পবিজ্ঞানধর্মী এই সিনেমায় ‘টাইম ট্রাভেল’-এর মতো বিষয় তুলে ধরা হয়েছিল। যে সময়ে ভারতীয় সিনেমায় এ ধরনের গল্প খুব একটা দেখা যেত না, সেই সময়েই ভিন্নধর্মী কাহিনি নিয়ে সিনেমাটি নির্মাণ করেছিলেন তিনি।
বহু ভাষার ভারতীয় সিনেমায় দীর্ঘ ক্যারিয়ারে সিঙ্গীতম শ্রীনিবাস রাও এমন কিছু কাজ রেখে গেছেন, যেগুলো মুক্তির কয়েক দশক পরও দর্শকের কাছে আলাদা আবেদন তৈরি করে রেখেছে। সূত্র: এনডিটিভি
- বিষয় :
- নির্মাতা
- মারা গেছেন
- বিনোদন