ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

প্রেমজীবন নিয়ে দুই বন্ধুর রসিকতা, মঞ্চে ডাকোটা-টেইলরের খুনসুটি

প্রেমজীবন নিয়ে দুই বন্ধুর রসিকতা, মঞ্চে ডাকোটা-টেইলরের খুনসুটি
×

টেইলর সুইফট ও ডাকোটা জনসন

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬ | ১৯:৪১

পপতারকা টেইলর সুইফট ও হলিউড অভিনেত্রী ডাকোটা জনসনের বন্ধুত্বের কথা নতুন নয়। সম্প্রতি টেইলরের ‘পেশেন্ট জিরো’ গানের মিউজিক ভিডিওতে একসঙ্গে কাজ করেছেন তারা। এবার তাদের বন্ধুত্বের আরেক রসায়ন দেখা গেল জনপ্রিয় মার্কিন কমেডি অনুষ্ঠান ‘স্যাটারডে নাইট লাইভ’ (এসএনএল)-এর মঞ্চে।

এবারের অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন ডাকোটা। আর উদ্বোধনী মনোলগে হঠাৎ হাজির হয়ে বন্ধুকে চমকে দিলেন টেইলর। এসএনএল শোতে নিজের প্রেমজীবন নিয়ে রসিকতা করতে গিয়ে ডাকোটা বলেন, তাঁর এমন কিছু বন্ধু আছেন, যারা তাঁকে বিচার না করে সব সময় পাশে থাকেন। 

এরপর তাদের মধ্যে একজনকে পরিচয় করিয়ে দেওয়ার ভঙ্গিতে বলেন, ‘ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়, আমার জীবনের সত্যিকারের থেরাপিস্ট।’ আর তখনই দেখা যায় টেইলর সুইফকে। ডাকোটার কথা শেষ করতে না দিয়েই টেইলর বলেন, ‘আমিডাকোটার থেরাপিস্ট নই; বরং ডাকোটাই সপ্তাহে এক দিন খালি ওয়াইনের বোতল নিয়ে আমার বাড়িতে হাজির হয়, সোফায় বসে ব্যক্তিগত নানা কথা বলে। আর আমি মাঝেমধ্যে শুধু বলি, ‘ড্যাম, দ্যাটস ক্রেজি।’ এরপর ডাকোটা মজা করে বলেন, ‘স্লিপওভার, ইয়েই!’ 

সাবেক প্রেমিক ক্রিস মার্টিন ও রোল মডেলের সঙ্গে তাঁর দুই আলোচিত বিচ্ছেদের প্রসঙ্গ তুলে অভিনেত্রী বলেন, এবার তিনি তৃতীয় একজনের খোঁজ করছেন। সংগীতশিল্পীদের সঙ্গে প্রেমের অভিজ্ঞতা নিয়ে মজা করে ডাকোটা বলেন, তাদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে তিনি আসলে অন্যদের অনেক টাকা বাঁচাচ্ছেন। টেইলর তখন পাশে দাঁড়িয়ে শুধু বলেন, ‘অ্যালেজেডলি।’

অনুষ্ঠানের শেষেও বন্ধুত্বের আরেকটি মুহূর্ত তৈরি হয়। ডাকোটার জন্মদিন আসতে তখনও কয়েক ঘণ্টা বাকি। কিন্তু টেইলর উচ্ছ্বসিত হয়ে বলে ওঠেন, ‘ইটস হার বার্থডে!’ পরে গুডনাইট পর্বে ডাকোটার জন্য জন্মদিনের কেক নিয়ে আসেন তিনি।

‘স্যাটারডে নাইট লাইভ’ অনুষ্ঠানে টেলরের উপস্থিতি নিয়ে আগে থেকেই ভক্তদের মধ্যে জল্পনা ছিল। এবারের অনুষ্ঠানে কোনো গান পরিবেশন করেননি টেইলর। ২০০৯ সালে প্রথমবার স্যাটারডে নাইট লাইভ সঞ্চালনা করেন টেইলর। পরে ২০১৭, ২০১৯ ও ২০২১ সালেও মিউজিক্যাল গেস্ট হিসেবে অংশ নেন। তাঁর সর্বশেষ উপস্থিতি ছিল ২০২৩ সালের অক্টোবরে। সেবার আইস স্পাইসকে পরিচয় করিয়ে দিতে অনুষ্ঠানে এসেছিলেন তিনি। সূত্র: পিপল ডটকম

আরও পড়ুন

×