ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ডিপফেক নিয়ে জাহ্নবীর পাশে এনটিআর, দিলেন কড়া বার্তা

ডিপফেক নিয়ে জাহ্নবীর পাশে এনটিআর, দিলেন কড়া বার্তা
×

জাহ্নবী কাপুর

আনন্দ প্রতিদিন ডেস্ক 

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬ | ১৪:১৭ | আপডেট: ০৫ অক্টোবর ২০২৬ | ১৪:২২

বলিউড থেকে শুরু করে দক্ষিণ ভারতীয় সিনেমায় জাহ্নবী কাপুরের ব্যস্ততা চোখে পড়ার মতো। যখনই জাহ্নবীর কোনো সিনেমার খবর শোনা যায়, তা নিয়ে নেটিজেনদের মাঝে শোরগোল পড়ে যায়। ‘দেবরা: পার্ট ১’ সিনেমার বেলায়ও তার ব্যতিক্রম হয়নি। তবে সিনেমায় জাহ্নবীর সহশিল্পী, নির্মাতা বা কাহিনি নিয়ে যতটা আলোচনা চলছে, তার চেয়ে বেশি হট্টগোল বেঁধেছে ‘দেবরা: পার্ট ১’ সিনেমার ‘চুট্টামল্লে’ গান নিয়ে।

গত কয়েক দিন ধরে সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে ‘চুট্টামল্লে’ গানের একটি বিকৃত ও এআই নির্মিত ডিপফেক ভিডিও। যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন সিনেমার অভিনেতা জুনিয়র এনটিআর।

আনন্দবাজারসহ ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, প্রায় দুই বছর আগে ২০২৪ সালে মুক্তি পেয়েছিল ‘দেবরা: পার্ট ১’ সিনেমার ‘চুট্টামল্লে’ গানটি। সম্প্রতি এই গানটি ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে বিকৃত ছড়িয়ে দেওয়া হয়েছে; যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া তুলে ধরার পাশাপাশি আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অভিনেতা জুনিয়র এনটিআর। 

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে অভিনেতাদের মুখ বদলে দেওয়া, কণ্ঠস্বর নকল করা কিংবা পুরোনো ভিডিওতে নতুন বক্তব্য জুড়ে দেওয়া কোনো নতুন ঘটনা নয়। ‘ডিপফেক’ এখন তারকাদের জীবনের অন্যতম বড় সমস্যা। কখনও আপত্তিকর ভিডিয়োয় মুখ ব্যবহার করা হয়েছে রাশমিকা মান্দানার, কখনও ওয়ামিকা গাব্বির দেহে বসানো হয়েছে আলিয়া ভট্টের মুখ।

আবার কখনও আমির খানের মুখে বসানো হয়েছে ভোটপ্রচারের কথা। এই নিয়ে বিভিন্ন সময়ে একাধিক তারকা সরব হয়েছেন। এবার সেই সমস্যায় জাহ্নবী ও জুনিয়র এনটিআর।

সামাজিক মাধ্যমে একটি দীর্ঘ বিবৃতিতে অভিনেতা লিখেছেন, ‘অসহ্য, জঘন্য, নির্লজ্জ’। তাঁর কথায়, যে দেশে নারীদের মা ও দেবী হিসেবে সম্মান করা হয় এবং যেখানে ‘মাতৃদেব ভব’ শুধু একটি বাক্য নয়; বরং সংস্কৃতির অংশ, সেখানে কিছু মানুষ এতটা নিচে নেমে গিয়েছেন যে, এআই ব্যবহার করে একজন নারীকে অত্যন্ত নিকৃষ্টভাবে অসম্মান করছেন। তাঁর বক্তব্য, এই ধরনের জঘন্য কনটেন্ট তৈরি করতে এআই-এর ব্যবহার ‘অত্যন্ত লজ্জাজনক’।

এরপরই ওই বিকৃত ভিডিও তৈরির সঙ্গে যুক্ত ব্যক্তিদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি দিয়েছেন দক্ষিণ ভারতীয় এই সুপারস্টার।

তিনি লিখেছেন ‘এই বিকৃত ভিডিও যারা তৈরি করেছেন, তাদের কাউকে আমি ছেড়ে দেব না।’

সবার বিরুদ্ধে সম্ভাব্য সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। একই সঙ্গে সাধারণ মানুষকে এমন কোনো কনটেন্ট না দেখার, শেয়ার না করার অনুরোধ করেছেন অভিনেতা।

তাঁর কথায়, ‘আজ এটা অন্য কারও সঙ্গে ঘটছে। কাল আপনার মা, বোন, স্ত্রী বা মেয়ের সঙ্গেও এমনটা ঘটতে পারে।’

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার রুখতে কেন্দ্র ও সমস্ত রাজ্য সরকারকে আরও কঠোর পদক্ষেপ এবং কড়া নিয়ম চালুর আবেদনও জানিয়েছেন জুনিয়র এনটিআর। তাঁর মতে, এটি অত্যন্ত গুরুতর একটি বিষয়।

২০২৪ সালে মুক্তি পাওয়া গানটির সুর করেছেন অনিরুদ্ধ রবিচন্দ্র। তেলেগুতে ‘চুট্টামল্লে’ নামে পরিচিত গানটির হিন্দি সংস্করণ ‘ধীরে ধীরে’। এ ছাড়া তামিল, কন্নড় এবং মলয়ালম ভাষাতেও গানটি মুক্তি পায়। গানটি শিল্পা রাওয়ের গাওয়া। এই সিনেমার মাধ্যমেই তেলেগু ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করেন জাহ্নবী।

আরও পড়ুন

×